সিলেট ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৬
শিক্ষার্থীদের ভোগান্তি কমবে, মানসম্মত প্রশিক্ষণের প্রতিশ্রুতি সাদিয়া রহমানের
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৮ জানুয়ারি ২০২৬ : “আশা করা যায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে খুব শিগগিরই ব্রিটিশ কাউন্সিলের অধীনে Sadia’s IELTS Academy-এর হাত ধরে কম্পিউটার বেসড আইইএলটিএস (IELTS) এক্সাম-এর সুবিধা শুরু হবে। এতে করে এ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ারের পথে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে বিশেষ মন্তব্য করেছেন সার্টিফাইড আইইএলটিএস ইন্সট্রাক্টর ও ‘সাদিয়া আইইএলটিএস’-এর ফাউন্ডার সাদিয়া রহমান।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) দুপুরে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডে অবস্থিত সৈয়দ মুজিবুর রহমান মার্কেটের দ্বিতীয় তলায় সাদিয়া আইইএলটিএস একাডেমিতে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সাদিয়া রহমান জানান, “খুব শিগগিরই শ্রীমঙ্গলে ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে আইইএলটিএস পরীক্ষার সুবিধা আয়োজনের কার্যক্রম শুরু হবে। বিষয়টি এখন আলোচনার পর্যায়ে রয়েছে। এটি বাস্তবায়িত হলে শ্রীমঙ্গল ও আশপাশের উপজেলার শিক্ষার্থীদের আর ঢাকায় বা সিলেটে গিয়ে পরীক্ষা দিতে হবে না।”
তিনি আরও জানান, এ উপলক্ষে শিগগিরই একটি বিশেষ আইইএলটিএস মাস্টারক্লাস আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে আইডিপি আইইএলটিএস বাংলাদেশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি এবং আইইএলটিএস সংশ্লিষ্ট খ্যাতনামা পেশাজীবীরা উপস্থিত থাকতে পারেন। এই মাস্টারক্লাস শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মতবিনিময় সভায় সাদিয়া রহমান বলেন, প্রায় পাঁচ বছর আগে শ্রীমঙ্গলে ‘সাদিয়া’স আইইএলটিএস’ যাত্রা শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানটি আধুনিক ও যুগোপযোগী রূপ লাভ করেছে। বর্তমানে এখানে ১২ জন দক্ষ ও প্রশিক্ষিত ইংরেজি প্রশিক্ষকের মাধ্যমে নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, “আমাদের লক্ষ্য পরীক্ষায় ভালো স্কোর অর্জন শুধু নয়, বরং শিক্ষার্থীদের বাস্তব জীবনে কার্যকর ইংরেজি দক্ষতা গড়ে তোলা। এজন্য এখানে আইইএলটিএস প্রস্তুতির পাশাপাশি কিডস স্পোকেন ইংলিশ, চাকরিজীবীদের জন্য ফ্লুয়েন্ট ইংলিশ কোর্স চালু রয়েছে।”
এছাড়াও সাদিয়া আইইএলটিএস একাডেমি থেকে শিক্ষার্থীদের বিদেশি বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তি, ভিসা প্রসেসিং ও প্রয়োজনীয় ডকুমেন্টেশন সংক্রান্ত পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এতে করে শিক্ষার্থীরা একটি পূর্ণাঙ্গ সাপোর্ট সিস্টেমের আওতায় সেবা পাচ্ছেন।
তিনি বলেন, “শ্রীমঙ্গলের শিক্ষার্থীদের এতদিন আইইএলটিএস প্রস্তুতির জন্য ঢাকা, সিলেট বা মৌলভীবাজারে যেতে হতো। এতে সময়, অর্থ ও মানসিক চাপ—সবই বাড়ত। আমাদের প্রতিষ্ঠান চালু হওয়ায় সেই ভোগান্তি অনেকাংশে কমেছে। এখানকার পাঠদানের মান দেশের নামকরা প্রতিষ্ঠানের সমমানের এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্রিটিশ মানদণ্ড অনুসরণ করা হচ্ছে।”

“শ্রীমঙ্গলে সাদিয়া আইইএলটিএস একাডেমিতে মতবিনিময় সভায় সাংবাদিকরা।” — ছবি : আরপি নিউজ
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা-র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ সালাউদ্দিন; শ্রীমঙ্গল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মুসলিম চৌধুরী; কার্যকরী কমিটির সদস্য আবুজার রহমান বাবলা, ইসমাইল মাহমুদ; শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর প্রতিনিধি দীপঙ্কর ভট্টাচার্য লিটন; সৈয়দ ছায়েদ আহমদ, আমজাদ হোসেন বাচ্চু, মিজানুর রহমান আলম, এমএ রকিব, দৈনিক সময়ের আলো-র প্রতিনিধি শামসুল ইসলাম শামীম, সুলতান মাহমুদ ও সনেট দেব চৌধুরী প্রমুখ।
এ সময় ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন। তিনি শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মানের এ ধরনের শিক্ষা একাডেমি গড়ে ওঠায় সন্তোষ প্রকাশ করেন এবং স্থানীয় শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, শ্রীমঙ্গলে ব্রিটিশ কাউন্সিলের অধীনে কম্পিউটার বেসড আইইএলটিএস এক্সাম-এর সুবিধা চালু হলে পুরো মৌলভীবাজার জেলার শিক্ষার্থীরা উপকৃত হবেন। এটি শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, বরং স্থানীয় অর্থনীতি ও মানবসম্পদ উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি