সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৬

সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

Manual8 Ad Code
২২ জানুয়ারি আলিয়া মাদরাসা মাঠে প্রথম জনসভা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৩ জানুয়ারি ২০২৬ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২২ জানুয়ারি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার শরীফ জিয়ারতের মধ্য দিয়ে তিনি বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করবেন। একই দিন সিলেট নগরীর ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে দলের প্রথম নির্বাচনী জনসভা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সোমবার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পীর-আউলিয়ার পুণ্যভূমি সিলেট থেকেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারাভিযান শুরু করতে যাচ্ছেন। এটি দলের একটি ঐতিহাসিক ধারাবাহিকতার অংশ।

তিনি জানান, বিএনপি প্রতিষ্ঠার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে এবং বেগম খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থেকেই প্রচারণা শুরু করেছেন। সেই ধারাবাহিকতায় এবার তারেক রহমানও সিলেট থেকে প্রচার শুরু করবেন।

Manual6 Ad Code

দলীয় সূত্র জানায়, সফরের অংশ হিসেবে ২১ জানুয়ারি রাতে তারেক রহমান সিলেটে পৌঁছাবেন। পরদিন সকালে তিনি নগরীর হজরত শাহজালাল (রহ.) এবং খাদিমনগরে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর সকাল ১১টায় আলিয়া মাদরাসা মাঠে জনসভায় বক্তব্য রাখবেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ূম চৌধুরী বলেন, ৩৬০ আউলিয়ার আধ্যাত্মিক নগরী সিলেট থেকে তারেক রহমান তাঁর নির্বাচনী প্রচার শুরু করবেন। জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত থাকবেন।

Manual6 Ad Code

তিনি আরও জানান, জনসভা শেষে তারেক রহমান সড়ক পথে মৌলভীবাজারের শেরপুরে সমাবেশে যোগ দেবেন। এরপর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরেকটি সমাবেশে বক্তব্য দিয়ে তিনি সিলেট ত্যাগ করবেন। এসব সমাবেশে সিলেট বিভাগের পাশাপাশি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার নেতাকর্মীরা অংশ নেবেন।

তারেক রহমানের সিলেট সফর ঘিরে জেলা ও মহানগর বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান সিলেট সফর করেছিলেন। সে সময় তিনি সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বিএনপির ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। দীর্ঘ বিরতির পর আবার সিলেটে আসছেন তিনি। বিভিন্ন সময়ে সিলেটকে তিনি তাঁর ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবেও উল্লেখ করেছেন।

Manual2 Ad Code

দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর তারেক রহমান সপরিবারে দেশে ফেরেন। দেশে ফেরার পথে তাঁকে বহনকারী বিমানের ফ্লাইটটি প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতির পর বিমানটি ঢাকার উদ্দেশে যাত্রা করে, তবে সে সময় তিনি বিমান থেকে নামেননি।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ