সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৬ জানুয়ারি ২০২৬ : বিপ্লবী কমিউনিস্ট আন্দোলনের কিংবদন্তি, ঐতিহাসিক তেভাগা আন্দোলনের অন্যতম নেতা ও মহান মুক্তিযুদ্ধে বামপন্থি অংশের অন্যতম সংগঠক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকীতে তাকে ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেছে ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও গণসংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সকালে রাজধানীর তোপখানা রোডে অবস্থিত ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপিত কমরেড অমল সেনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১১টায় দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়, যা দুপুর ১২টা পর্যন্ত চলে।
দলের ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নূর আহমেদ বকুলের নেতৃত্বে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা কমরেড অমল সেনের প্রতিকৃতিতে ফুল দেন।
এ সময় তারা বলেন, কমরেড অমল সেন ছিলেন কৃষক-শ্রমিকের অধিকার আদায়ের আপসহীন সংগ্রামী নেতা। তেভাগা আন্দোলনের মাধ্যমে তিনি বাংলার কৃষক সমাজকে সংগঠিত করেছিলেন এবং মুক্তিযুদ্ধে বামপন্থি শক্তিকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড কামরুল আহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মোস্তফা লুৎফুল্লাহ ও কমরেড নজরুল ইসলাম নীলুসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এরপর জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, ন্যাপের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মিনহাজ সেলিমের নেতৃত্বে গণতান্ত্রিক পার্টি এবং আজহার উদ্দিনের নেতৃত্বে সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতৃবৃন্দ কমরেড অমল সেনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়া বাংলাদেশ আইনজীবী সংসদ, জাতীয় শ্রমিক ফেডারেশন, জাতীয় কৃষক সমিতি, বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন, বাংলাদেশ নারী মুক্তি সংসদ, বাংলাদেশ যুব মৈত্রী, বাংলাদেশ ছাত্র মৈত্রীসহ বিভিন্ন গণসংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা, ঢাকা জেলা, টাঙ্গাইল জেলা, রাজশাহী মহানগর, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতাকর্মীরাও দলের প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণে পৃথকভাবে ফুলেল শ্রদ্ধা জানান।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সাম্য, সমাজতন্ত্র ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন কমরেড অমল সেন দেখেছিলেন, তা বাস্তবায়নে আজকের প্রজন্মকে আরও সংগঠিত ও সংগ্রামী হতে হবে।
এদিকে কমরেড অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শনিবার (১৭ জানুয়ারি) নড়াইল জেলার বাকড়িতে তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করেছে ‘অমল সেন স্মৃতি রক্ষা কমিটি’। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সামাজিক আন্দোলনের কর্মী ও স্থানীয় জনগণ অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি