বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করুন—দেখবেন উন্নয়ন কীভাবে করি: হুমায়ুন কবির

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৬

বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করুন—দেখবেন উন্নয়ন কীভাবে করি: হুমায়ুন কবির

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৫ ফেব্রুয়ারি ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, “শুধু একবার বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করুন—দেখবেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জের উন্নয়ন কীভাবে করি।”

Manual3 Ad Code

তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে শ্রীমঙ্গল ও কমলগঞ্জকে একটি পরিকল্পিত ও আধুনিক জনপদে রূপান্তর করা হবে। বিশেষ করে চা শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন হবে বিএনপির অগ্রাধিকার।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার পুরানবাজার এলাকায় অনুষ্ঠিত বিএনপির মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভাটির আয়োজন করে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা বিএনপি।

হুমায়ুন কবির বলেন, বিএনপি সবসময় চা শ্রমিকদের ন্যায্য অধিকার ও মানবিক মর্যাদার পক্ষে অবস্থান নিয়েছে। ক্ষমতায় গেলে চা শ্রমিকদের মজুরি, আবাসন, স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ সম্প্রসারণে বাস্তবভিত্তিক ও টেকসই পরিকল্পনা গ্রহণ করা হবে। তিনি বলেন, “চা শ্রমিকরা যুগের পর যুগ অবহেলিত। বিএনপি ক্ষমতায় এলে তাদের পাশে সবচেয়ে বেশি থাকবে।”

Manual3 Ad Code

কৃষি খাতের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, কৃষকদের উন্নয়নে কৃষি কার্ড বিতরণ করা হবে এবং তারা যে ফসল উৎপাদন করেন তার ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। বাজার ব্যবস্থাপনায় সংস্কার এনে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকের ঘামঝরা শ্রমের সঠিক দাম নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষিপণ্যের সংরক্ষণ, পরিবহন ও বিপণন ব্যবস্থায় আধুনিকায়ন আনা হবে, যাতে কৃষকরা আর ক্ষতিগ্রস্ত না হন।

জনসভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ওলি আহমদ খান এবং শ্রীমঙ্গল পৌর বিএনপির সদস্য সৈয়দ সালাউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার–৪ আসনের বিএনপি প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। তিনি বলেন, শ্রীমঙ্গল–কমলগঞ্জ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। জনগণের ভোট ও সমর্থন পেলে এই অঞ্চলকে একটি উন্নয়নবান্ধব আসনে রূপান্তর করা হবে।

এছাড়াও বক্তব্য দেন লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক খছরুজ্জামান, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক সরফরাজ আহমেদ সরফুসহ দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

জনসভায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। জনসমাগমে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। নেতাকর্মীদের স্লোগান ও সমর্থনে সভাস্থল প্রাণবন্ত পরিবেশে পরিণত হয়।

Manual7 Ad Code

বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই। শ্রীমঙ্গল–কমলগঞ্জের মানুষ পরিবর্তনের অপেক্ষায় আছে এবং সেই পরিবর্তন আসবে বিএনপির হাত ধরেই।