২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা, স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফের সিদ্ধান্ত

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা, স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফের সিদ্ধান্ত

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ : অবশেষে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা ২০২৬।

বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য এ মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। বইমেলায় অংশগ্রহণকারী সব প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা প্রকাশনা শিল্পের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Manual3 Ad Code

বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম আসন্ন বইমেলার প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, মেলার অবকাঠামোগত প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, স্টল বিন্যাস এবং সাংস্কৃতিক অনুষ্ঠানমালার প্রস্তুতি ইতোমধ্যে প্রায় সম্পন্ন হয়েছে। এবারের মেলায় নতুন বই প্রকাশের পাশাপাশি তরুণ লেখকদের অংশগ্রহণও উল্লেখযোগ্য হবে বলে আশা প্রকাশ করা হয়।

Manual7 Ad Code

প্রকাশকদের বিভিন্ন দাবিদাওয়া ও মতামতের পরিপ্রেক্ষিতে সভায় তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রথমত, মেলা আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলবে। দ্বিতীয়ত, অংশগ্রহণকারী প্রকাশকদের স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হবে।

Manual4 Ad Code

সংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিক অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত প্রকাশনা শিল্পকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে। তৃতীয়ত, যেসব প্রকাশনা প্রতিষ্ঠান এখনও স্টল বরাদ্দ নেননি, তারা আগামী ১৯ ফেব্রুয়ারি বিকাল ৩টার মধ্যে আবেদন করতে পারবেন এবং একই দিন সন্ধ্যা ৬টায় তাদের স্টল বরাদ্দ দেওয়া হবে।

সভায় উপস্থিত প্রকাশক প্রতিনিধিরা স্টল ভাড়া মওকুফের সিদ্ধান্তকে স্বাগত জানান এবং বইমেলাকে সফল করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন, পাঠক-লেখক-প্রকাশকদের মিলনমেলায় পরিণত হবে এবারের বইমেলা।

অমর একুশে বইমেলা বাঙালির ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে প্রতিবছর অনুষ্ঠিত হয়। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাঠকসমাগম, নতুন বইয়ের উন্মোচন এবং সাহিত্য আড্ডায় মুখরিত হয়ে ওঠে পুরো মেলাঙ্গন।

Manual4 Ad Code

অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির সদস্য—সচিব ড. মো. সেলিম রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, যথাযথ প্রস্তুতি ও সার্বিক সহযোগিতায় এবারের বইমেলাও হবে সফল ও সার্থক।

এ সংক্রান্ত আরও সংবাদ