যশোরে উদীচীর সম্মেলনে বোমা হামলার বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৬

যশোরে উদীচীর সম্মেলনে বোমা হামলার বিচারের দাবিতে মানববন্ধন

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | যশোর, ০৬ মার্চ ২০২৬ : যশোরে উদীচী সম্মেলনে বোমা হামলার ঘটনার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে।

আজ শুক্রবার (৬ মার্চ ২০২৬) দুপুরে শহরের কোর্ট মোড়ে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যশোর জেলা সংসদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার সাংস্কৃতিক কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, যশোরে উদীচী হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারের বিষয়ে সব সরকারই উদাসীনতা দেখিয়েছে। যে সরকারই ক্ষমতায় এসেছে, তারা এ ঘটনায় সীমাহীন অবহেলা করেছে। ২৭ বছর পেরিয়ে গেলেও অজানা কারণে তদন্ত কার্যক্রম থেমে আছে। উদীচীর ওপর বোমা হামলার সুষ্ঠু বিচার হলে পরবর্তী সময়ে একের পর এক বোমা হামলার ঘটনা ঘটত না।

সমাবেশে উদীচী যশোরের সভাপতি আমিনুর রহমান বলেন, ২৭ বছর পার হলেও উদীচীর হত্যাযজ্ঞের কুশীলবদের চিহ্নিত করা যায়নি। এই বিচারহীনতা রাষ্ট্রের দুর্বলতার পরিচয়। সেই দুর্বলতার সুযোগেই জঙ্গিগোষ্ঠী বিস্তার লাভ করেছে। শুরুতেই সঠিক তদন্তের মাধ্যমে দেশি-বিদেশি ষড়যন্ত্রের স্বরূপ উন্মোচন করা গেলে হয়তো পরবর্তী জঙ্গি হামলাগুলো ঘটত না।

ওই ঘটনায় আহত হয়ে এক পা হারান উদীচী কর্মী সুকান্ত দাস। তিনি মানববন্ধনে অংশ নিয়ে বলেন, ‘সরকার আসে, সরকার যায়; কিন্তু কেউ বিচার করেনি। সবাই বিচারের নামে প্রহসন করেছে। একটি পা হারিয়ে কৃত্রিম পা নিয়ে হাঁটতে হয়। এত কষ্টের পরও বলতে লজ্জা লাগে—রাষ্ট্রের কাছে এখনো বিচার পেলাম না।’

Manual5 Ad Code

‘আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে’ শিরোনামে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন উদীচী যশোর জেলা সংসদের সভাপতি আমিনুর রহমান।

বক্তব্য দেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, শিল্পকলা একাডেমি যশোরের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান, চাঁদের হাট যশোরের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা, উদীচীর সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, সংস্কৃতিজন বাসুদেব বিশ্বাসসহ অন্যরা।

Manual7 Ad Code

সমাবেশ থেকে উদীচী হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

Manual3 Ad Code

প্রসঙ্গত, ১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউন হল মাঠে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনে বোমা হামলা চালানো হয়। এতে শিল্পীসহ ১০ জন নিহত ও শতাধিক মানুষ আহত হন।

সন্ধ্যায় দশ শহীদের স্মরণে যশোর টাউন হল মাঠে স্থাপিত উদীচী ট্র্যাজেডি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দশটি মশাল প্রজ্বালনের কর্মসূচি আছে।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ