ক্ষুধা ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে কাজ শুরু করেছে সরকার: হাজী মুজিব এমপি

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৬

ক্ষুধা ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে কাজ শুরু করেছে সরকার: হাজী মুজিব এমপি

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৩ মার্চ ২০২৬ : মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেছেন, প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে নতুন সরকার একটি ক্ষুধা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ শুরু করেছে। দেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইতোমধ্যে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার করা হয়েছে।

তিনি বলেন, দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং খুব শিগগিরই কৃষি কার্ড বিতরণ কার্যক্রমও চালু করা হবে। পর্যায়ক্রমে দেশের সকল মানুষের হাতে এসব কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি সরকারি সহায়তা পাবে এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার আওতা আরও সম্প্রসারিত হবে।

শুক্রবার (১৩ মার্চ ২০২৬) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।

সংসদ সদস্য হাজী মুজিব বলেন, জনগণের অর্থে কেনা সরকারি ভিজিএফের চাল মূলত সুবিধাভোগী মানুষের জন্য। তাই এই চাল কেউ যেন বিক্রি না করে নিজের পরিবারের খাদ্য হিসেবে ব্যবহার করেন—এমন আহ্বান জানান তিনি। তিনি উল্লেখ করেন, এবারের ভিজিএফ কর্মসূচিতে তুলনামূলকভাবে উন্নত মানের চিকন চাল বিতরণ করা হচ্ছে, যাতে দরিদ্র মানুষ ভালো মানের খাদ্য পেতে পারেন।

Manual1 Ad Code

সুবিধাভোগীদের উদ্দেশে তিনি বলেন, “আজ আপনারা সরকারি সহায়তার চাল গ্রহণ করছেন, কিন্তু আগামী দিনে যেন আপনারাই স্বাবলম্বী হয়ে অন্যদের সহায়তা করার মতো অবস্থানে পৌঁছাতে পারেন—সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।”

Manual7 Ad Code

এ সময় বিপুল ভোটে তাঁকে সংসদ সদস্য নির্বাচিত করায় এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “জনগণের দেওয়া এই ভালোবাসা ও আস্থা আমরা উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে চাই।”

চাল বিতরণ কার্যক্রম আরও কার্যকর ও সাশ্রয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে চাল বিতরণের জন্য অপ্রয়োজনীয়ভাবে বড় মঞ্চ বা স্টেজ তৈরি না করে সেই অর্থ দিয়ে আরও বেশি সংখ্যক দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা উচিত।

পরে তিনি শ্রীমঙ্গল পৌরসভা, আশিদ্রোন, ভুনবীর, সাতগাঁও, কালাপুর, সিন্দুরখান ইউনিয়ন এবং মুসলিমবাগ এলাকাতেও ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রমে অংশ নেন।

Manual2 Ad Code

এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহিবুল্লা আকন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন দাস, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমদ, সদস্য সৈয়দ সালাউদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মুহিউদ্দিন ঝাড়ু এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার অসহায় ও নিম্নআয়ের বিপুল সংখ্যক পরিবারকে ভিজিএফের চাল বিতরণ করা হয়।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ