টি টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক ছয়দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৬

টি টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক ছয়দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৮ এপ্রিল ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) কর্তৃক আয়োজিত “টি টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল” শীর্ষক ছয়দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গলস্থ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট মিলনায়তনে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেজবাহ উদ্দিন আহমেদ।

Manual2 Ad Code

বিটিআরআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শেফালী বুনার্জীর সঞ্চালনায় এবং বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক ও বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান জিএম শিবলি।

এছাড়াও বক্তব্য দেন ডানকান ব্রাদার্সের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. জহিরুল ইসলামসহ অনেকে।

Manual4 Ad Code

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে দেশীয় চায়ের উৎপাদন, প্রসার, বিপণন এবং বৈশ্বিক বাজারে প্রতিষ্ঠা নিশ্চিত করতে চায়ের গুণগত মান নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই সময়োপযোগী এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।

ছয়দিনব্যাপী এ প্রশিক্ষণে চা আস্বাদন, গুণগত মান নিয়ন্ত্রণ, নিলাম (অকশন), ব্লেন্ডিংসহ বিভিন্ন বিষয়ভিত্তিক তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।

কোর্সের শুরুতে অংশগ্রহণকারীদের দক্ষতা যাচাইয়ের জন্য প্রাক-মূল্যায়ন এবং শেষে উত্তর-মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে।

প্রশিক্ষণে কালো, অর্থোডক্স, সবুজ, সাদা, গোল্ডেন টিপস, সিলভার টিপস ও উলং চায়ের অর্গানোলেপটিক (স্বাদ, গন্ধ ও রঙনির্ভর) আস্বাদন পদ্ধতি বিস্তারিতভাবে শেখানো হবে।

Manual1 Ad Code

পাশাপাশি চা আস্বাদনের পরিভাষা, শুকনো পাতার রেটিং, ইনফিউজড পাতার শ্রেণীকরণ এবং লিকার গ্রেডিং সম্পর্কেও হাতে-কলমে ধারণা দেওয়া হবে।

এছাড়া চায়ের ষোলটি গুণগত বৈশিষ্ট্য, তৈরি চায়ের সাধারণ ত্রুটি ও স্ট্যান্ডার্ড গ্রেড সম্পর্কে আলোচনা থাকবে। চা বিপণন ও নিলাম ব্যবস্থা, প্রযোজ্য আইন এবং ওডিটিএস পদ্ধতির মাধ্যমে নিয়মিত কাপের গুণমান মূল্যায়নের বিষয়গুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে।

চা উৎপাদনে গুণগত মান নিশ্চিত করতে কৃষি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে ছাঁটাই, টিপিং, পাতা তোলা এবং পাতা তোলার মান ও ব্যবধান নিয়ে বিশেষ সেশন রাখা হয়েছে। পাশাপাশি উন্নত জাত ও বিটিআরআই ক্লোনের ব্যবহার, মৃত্তিকা ব্যবস্থাপনা, সুষম সার প্রয়োগ এবং ভারী ধাতু, তেজস্ক্রিয় পদার্থ ও মাইক্রোপ্লাস্টিকমুক্ত চা উৎপাদন কৌশল নিয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।

রোগবালাই ও পোকামাকড় ব্যবস্থাপনা, ছায়া ব্যবস্থাপনা, পাতা বিশ্লেষণ এবং ব্যালোমেট্রিক কাউন্ট পদ্ধতির মাধ্যমে পাতার গুণমান নির্ধারণ বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। এছাড়া চা উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বাছাই ও প্যাকিংয়ের প্রতিটি ধাপে গুণগত মান নিশ্চিত করার কৌশল শেখানো হবে।

উল্লেখ্য, এ প্রশিক্ষণে চা বাগান ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, নৌবাহিনীর সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চা বোর্ড, ব্রোকার্স হাউজ ও ব্যবসায়ীসহ মোট ৭৩ জন অংশগ্রহণ করছেন।

প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা চা এর স্বাদ নির্ণয়, গুণগত মান যাচাই এবং আধুনিক মান নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

চা শিল্পের মানোন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ