পুলিশি হয়রানির প্রতিবাদে ও পেশাগত মর্যাদা রক্ষার দাবীতে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, মে ১১, ২০২৬

পুলিশি হয়রানির প্রতিবাদে ও পেশাগত মর্যাদা রক্ষার দাবীতে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন

Manual2 Ad Code
মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১১ মে ২০২৬ : পুলিশি হয়রানি, অযৌক্তিক গ্রেফতার এবং ‘দালাল’ আখ্যা দেওয়ার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন করেছে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) শ্রীমঙ্গল শাখা। একই সঙ্গে তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং প্রকৃত দালাল চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Manual5 Ad Code

সোমবার (১১ মে ২০২৬) সকাল ১০টায় শ্রীমঙ্গল চৌমুহনী চত্বরে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন ওষুধ কোম্পানির কর্মকর্তা ও মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন। ব্যানার-ফেস্টুন হাতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং পেশাগত সম্মান রক্ষার দাবিতে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ফারিয়া শ্রীমঙ্গল শাখার সভাপতি দেবব্রত দত্ত হাবুল। সংগঠনের সাধারণ সম্পাদক জামাল মুসরাফিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য দেন অপসোনিন ফার্মার এরিয়া ম্যানেজার হুমায়ুন কবির, বিকন ফার্মার এমপিও আজিজুর রহমান, এরিস্টো ফার্মার এমপিও মোহাম্মদ আলী, এভারেস্ট ফার্মার এমপিও আসাদুর রহমান এবং জিসকা ফার্মার এমপিও হুমায়ূন নাসিরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, দেশে স্বাস্থ্যসেবা খাতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তারা চিকিৎসকদের কাছে ওষুধের বৈজ্ঞানিক তথ্য উপস্থাপন, নতুন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে অবহিতকরণ এবং রোগীদের জন্য কার্যকর ও নিরাপদ ওষুধ ব্যবহারে সহায়ক ভূমিকা রাখেন। অথচ সাম্প্রতিক সময়ে কিছু বিচ্ছিন্ন ঘটনার জেরে তাদের ‘দালাল’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, যা অত্যন্ত অপমানজনক ও অনভিপ্রেত।

Manual1 Ad Code

তারা অভিযোগ করেন, হাসপাতাল ও ক্লিনিক এলাকায় রোগী দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালানোর সময় অনেক ক্ষেত্রে প্রকৃত অপরাধীদের সঙ্গে ঔষধ প্রতিনিধিদেরও হয়রানির শিকার হতে হচ্ছে। কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই তাদের আটক, জিজ্ঞাসাবাদ কিংবা হেনস্তা করা হচ্ছে বলে দাবি করেন বক্তারা। এতে পেশাজীবীদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বক্তারা বলেন, “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নন। তারা দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর অংশ। দীর্ঘদিন ধরে দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। অথচ বর্তমানে তারা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক।”

Manual3 Ad Code

তারা আরও বলেন, একটি শ্রেণি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এর ফলে পেশাটির মর্যাদা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কর্মরত প্রতিনিধিদের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে তাদের নানা ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বলেও জানান তারা।

মানববন্ধনে বক্তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তর, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রকৃত দালাল চক্র শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের যেন কোনোভাবেই হয়রানি না করা হয় এবং তাদের পেশাগত পরিচয় ও দায়িত্ব যথাযথভাবে মূল্যায়ন করা হয়।

এ সময় বক্তারা ঔষধ কোম্পানির মালিকপক্ষের ভূমিকাতেও অসন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, মাঠপর্যায়ে কর্মরত প্রতিনিধিদের নানা সমস্যার মুখে অনেক কোম্পানি কার্যকর অবস্থান নিচ্ছে না। কর্মীদের নিরাপত্তা, আইনি সহায়তা এবং মর্যাদা রক্ষায় কোম্পানিগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে ফারিয়ার নেতারা বলেন, দাবি বাস্তবায়নে প্রয়োজন হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ