উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অগ্রাধিকার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে কাল

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, মে ১২, ২০২৬

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অগ্রাধিকার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে কাল

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১২ মে ২০২৬ : বাংলাদেশে অসংক্রামক রোগজনিত মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বাড়ছে। এর অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে এসেছে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন।

Manual2 Ad Code

বিশেষজ্ঞদের মতে, দেশে প্রতি চারজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে অন্তত একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত হলেও এর বড় একটি অংশ এখনো রোগটি সম্পর্কে সচেতন নন। অনেকে নিয়মিত চিকিৎসা নেন না, আবার অনেকে চিকিৎসার আওতায় এলেও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হচ্ছেন। ফলে হৃদরোগ, স্ট্রোক, কিডনি জটিলতা এবং অকালমৃত্যুর ঝুঁকি বাড়ছে।

Manual2 Ad Code

এই বাস্তবতায় ‘বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২৬’ উপলক্ষে রাজধানীতে ‘উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অগ্রাধিকার: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আগামীকাল ১৩ মে বুধবার সকাল ১০টায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের শহীদ ডা. শামসুল আলম খান মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Manual8 Ad Code

গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)-এর সহায়তায় প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা) এই আয়োজন করছে।

আয়োজকরা জানিয়েছেন, উচ্চ রক্তচাপ প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং এ বিষয়ে জাতীয় পর্যায়ে কার্যকর নীতিগত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরাই এ আলোচনা সভার মূল উদ্দেশ্য।

প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, বাংলাদেশে উচ্চ রক্তচাপ এখন নীরব মহামারিতে পরিণত হয়েছে। জীবনযাত্রার পরিবর্তন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত লবণ গ্রহণ, শারীরিক পরিশ্রম কমে যাওয়া, মানসিক চাপ এবং ধূমপানসহ নানা কারণে উচ্চ রক্তচাপের ঝুঁকি দ্রুত বাড়ছে। অথচ অধিকাংশ মানুষ নিয়মিত রক্তচাপ পরীক্ষা করেন না। অনেকেই রোগটি ধরা পড়ার পরও ওষুধ সেবনে অনিয়ম করেন।

তিনি বলেন, “উচ্চ রক্তচাপের ক্রমবর্ধমান প্রকোপ বাংলাদেশে অসংক্রামক রোগের ঝুঁকি বাড়িয়ে তুলছে। এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না গেলে ভবিষ্যতে স্বাস্থ্যব্যবস্থার ওপর আরও বড় চাপ তৈরি হবে। বিদ্যমান পরিস্থিতি এবং করণীয় বিষয়ে আলোচনা সভায় বিস্তারিত পর্যালোচনা করা হবে।”

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে উচ্চ রক্তচাপ শুধু শহরাঞ্চলেই নয়, গ্রামাঞ্চলেও দ্রুত বিস্তার লাভ করছে। আগে বয়স বাড়ার সঙ্গে উচ্চ রক্তচাপের সম্পর্ক বেশি দেখা গেলেও বর্তমানে তরুণদের মধ্যেও এর প্রকোপ বাড়ছে। বিশেষ করে স্থূলতা, ডায়াবেটিস এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে কম বয়সীদের মধ্যে হৃদরোগের ঝুঁকি বাড়ছে।

জনস্বাস্থ্যবিদরা বলছেন, দেশে প্রাথমিক স্বাস্থ্যসেবার অংশ হিসেবে উচ্চ রক্তচাপ শনাক্ত ও ব্যবস্থাপনার কার্যক্রম আরও শক্তিশালী করা প্রয়োজন। কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত নিয়মিত রক্তচাপ পরীক্ষা, পরামর্শসেবা এবং ওষুধপ্রাপ্তি নিশ্চিত করা গেলে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি সম্ভব। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির জন্য গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর সম্পৃক্ততাও জরুরি বলে মনে করছেন তারা।

আলোচনা সভায় স্বাস্থ্য খাতের নীতিনির্ধারক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসক, গণমাধ্যমকর্মী এবং গবেষকরা অংশ নেবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বাংলাদেশে বিদ্যমান চ্যালেঞ্জ, স্বাস্থ্যনীতি, চিকিৎসা ব্যবস্থাপনা, খাদ্যাভ্যাস, জনসচেতনতা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিশদ আলোচনা হবে।

এই আয়োজনে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. এনামুল হক; কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. খোরশেদ আলম, এনডিসি; স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য অনুবিভাগ) এ. টি. এম. সাইফুল ইসলাম; চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম; জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী; ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের সেন্টার ফর নন-কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড নিউট্রিশন বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মলয় কান্তি মৃধা; বারডেম জেনারেল হাসপাতালের খাদ্য ও পুষ্টি বিভাগের বিভাগীয় প্রধান শামসুন্নাহার নাহিদ; ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শাফিউন নাহিন শিমুল এবং স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল অফিসার ডা. গীতা রানী দেবী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জিএইচএআই-এর বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস। আলোচনা সভাটি সঞ্চালনা করবেন চ্যানেল আইয়ের চিফ নিউজ এডিটর মীর মাশরুর জামান রনি।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কেবল চিকিৎসা নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদি সামাজিক ও নীতিগত পরিবর্তন। খাদ্যে লবণের পরিমাণ কমানো, ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণ, নিয়মিত শরীরচর্চা, তামাক ব্যবহার কমানো এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সঙ্গে জনগণকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ উচ্চ রক্তচাপজনিত জটিলতায় মারা যায়। উন্নয়নশীল দেশগুলোতে সচেতনতার অভাব এবং চিকিৎসা ব্যবস্থাপনার সীমাবদ্ধতার কারণে ঝুঁকি আরও বেশি। বাংলাদেশেও উচ্চ রক্তচাপকে কেন্দ্র করে হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুর হার বাড়ছে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলছেন, উচ্চ রক্তচাপ প্রতিরোধে পরিবারভিত্তিক সচেতনতা গড়ে তোলা জরুরি। শিশু-কিশোর বয়স থেকেই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপনের চর্চা নিশ্চিত করা গেলে ভবিষ্যৎ প্রজন্মকে ঝুঁকি থেকে অনেকটাই সুরক্ষিত রাখা সম্ভব হবে।

প্রজ্ঞার প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল বলেন, “উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, চিকিৎসক, গবেষক, গণমাধ্যম এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আমরা আশা করছি, এ আলোচনা সভা নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে সহায়ক হবে।”

তিনি আরও বলেন, এই আয়োজনের মাধ্যমে উচ্চ রক্তচাপ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার এবং কার্যকর স্বাস্থ্যনীতি বাস্তবায়নের বিষয়ে নতুন করে গুরুত্ব আরোপ করা হবে।

Manual8 Ad Code

আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিশেষজ্ঞদের মতামত ও সুপারিশের ভিত্তিতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে একটি সমন্বিত বার্তা তুলে ধরা হবে, যা ভবিষ্যতে জাতীয় স্বাস্থ্যনীতি ও জনস্বাস্থ্য কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

এ সংক্রান্ত আরও সংবাদ