স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে যাত্রা শুরু করল ‘অগ্রদূত’

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬

স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে যাত্রা শুরু করল ‘অগ্রদূত’

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৯ জুন ২০২৬ : স্বাধীন, বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে নতুন বহুমাত্রিক সংবাদমাধ্যম ‘অগ্রদূত’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। প্রাথমিকভাবে অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করলেও অচিরেই এটি ছাপা পত্রিকা হিসেবেও প্রকাশিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Manual4 Ad Code

শনিবার (৬ জুন ২০২৬) সকালে অগ্রদূতের ওয়েবসাইট (agradut.net) পাঠকদের জন্য উন্মুক্ত করার মাধ্যমে সংবাদমাধ্যমটির কার্যক্রম শুরু হয়।

আত্মপ্রকাশ উপলক্ষে দেশব্যাপী কর্মরত প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বিশেষ ভার্চুয়াল মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় অগ্রদূতের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সম্পাদকীয় নীতি, সংবাদ পরিবেশনের দৃষ্টিভঙ্গি এবং সারাদেশে সংবাদ নেটওয়ার্ক শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বার্তা সম্পাদক ইয়াহিয়া নয়নের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অগ্রদূতের সম্পাদক ও প্রকাশক আবু সাঈদ খান, নির্বাহী সম্পাদক হাসনাত কাদীর, বার্তাপ্রধান মেহেদী হাসান শোয়েবসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

স্বাধীন সাংবাদিকতার প্রতিশ্রুতি

আত্মপ্রকাশ উপলক্ষে দেওয়া সম্পাদকীয় ভাষ্য এবং ভার্চুয়াল মতবিনিময় সভায় অগ্রদূতের সম্পাদক ও প্রকাশক আবু সাঈদ খান গণমাধ্যমটির নীতিগত অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন।

তিনি বলেন, “অগ্রদূত একটি স্বাধীন সংবাদমাধ্যম। সরকার বা কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করার জন্য এ প্রতিষ্ঠানের জন্ম হয়নি। আমরা দলনিরপেক্ষ হলেও মতনিরপেক্ষ নই। মুক্তিযুদ্ধ আমাদের প্রেরণা, আর ১৯৯০ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থান আমাদের পথচলার শক্তি। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই হবে অগ্রদূতের প্রধান অঙ্গীকার।”

তিনি আরও বলেন, সংবাদমাধ্যমের প্রতি মানুষের আস্থা পুনর্গঠনের জন্য সাংবাদিকতার মৌলিক নীতিগুলোকে পুনরুজ্জীবিত করা প্রয়োজন। নির্ভীক ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের জানার অধিকার নিশ্চিত করাই হবে অগ্রদূতের মূল লক্ষ্য।

গণমাধ্যমের বর্তমান সংকট নিয়ে উদ্বেগ

আবু সাঈদ খান বর্তমান গণমাধ্যমের বিভিন্ন সংকটের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, দেশে অনেক সংবাদমাধ্যম করপোরেট মালিকানার প্রভাবের কারণে সম্পাদকীয় স্বাধীনতা হারাচ্ছে। ফলে সংবাদ নির্বাচন ও উপস্থাপনায় বিভিন্ন ধরনের চাপ তৈরি হচ্ছে এবং সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্র সংকুচিত হয়ে পড়ছে।

তার ভাষায়, “যখন সরকার, রাজনৈতিক স্বার্থ এবং করপোরেট প্রভাব এক জায়গায় মিলিত হয়, তখন স্বাধীন সাংবাদিকতার পরিসর সীমিত হয়ে যায়। এই বাস্তবতায় লেজুড়বৃত্তিমুক্ত, স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার বিকল্প নেই। অগ্রদূত সেই বিকল্প ধারার সংবাদমাধ্যম হিসেবে কাজ করতে চায়।”

Manual8 Ad Code

তিনি জানান, সমাজের অনিয়ম, দুর্নীতি, বৈষম্য ও প্রাতিষ্ঠানিক গলদগুলো নির্ভয়ে তুলে ধরার পাশাপাশি সব ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠী ও লিঙ্গের মানুষের সমঅধিকার এবং মর্যাদার প্রশ্নে অগ্রদূত সুস্পষ্ট অবস্থান গ্রহণ করবে।

জাতীয় ও স্থানীয় সংবাদকে সমান গুরুত্ব

ভার্চুয়াল সভায় অগ্রদূতের নির্বাহী সম্পাদক হাসনাত কাদীর বলেন, নতুন এই সংবাদমাধ্যমের আত্মপ্রকাশ কেবল একটি প্রতিষ্ঠানের যাত্রা নয়; এটি স্বাধীন সাংবাদিকতার সম্ভাবনাকে নতুনভাবে সামনে নিয়ে আসার একটি উদ্যোগ।

তিনি বলেন, “এই গণমাধ্যম সফল হলে ভবিষ্যতে আরও স্বাধীন সংবাদমাধ্যম গড়ে ওঠার অনুপ্রেরণা সৃষ্টি হবে। জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর পাশাপাশি জেলা, উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলের সংবাদও সমান গুরুত্ব দিয়ে প্রকাশ করা হবে।”

Manual5 Ad Code

তার মতে, রাজধানীকেন্দ্রিক সংবাদধারার বাইরে গিয়ে তৃণমূল মানুষের জীবন, সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের গল্প তুলে ধরা বর্তমান সময়ের অন্যতম বড় সাংবাদিকতাগত প্রয়োজন।

সারাদেশের প্রতিনিধিদের গুরুত্ব

বার্তাপ্রধান মেহেদী হাসান শোয়েব বলেন, “অগ্রদূতের সবচেয়ে বড় শক্তি দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত সাংবাদিক ও প্রতিনিধিরা। মানুষের কথা, মানুষের সমস্যা এবং মানুষের প্রত্যাশাকে কেন্দ্র করেই অগ্রদূতের সংবাদচর্চা পরিচালিত হবে।”

তিনি বলেন, তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনগণের আস্থা অর্জনই হবে প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। এ জন্য কেন্দ্র ও মাঠপর্যায়ের সাংবাদিকদের মধ্যে সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেওয়া হবে।

মফস্বল সাংবাদিকদের নিরাপত্তার আশ্বাস

মতবিনিময় সভায় বিভিন্ন জেলার প্রতিনিধিরা মাঠপর্যায়ের সাংবাদিকতার নানা বাস্তবতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন।

নেত্রকোনা প্রতিনিধি জাহিদ হাসান ক্ষমতাবান ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে গিয়ে মফস্বল সাংবাদিকদের মামলা, হামলা ও হয়রানির ঝুঁকির বিষয়টি তুলে ধরেন।

এ প্রসঙ্গে সম্পাদক আবু সাঈদ খান বলেন, “মফস্বল প্রতিনিধিরা অগ্রদূত পরিবারের সদস্য। তাদের কেউ আক্রান্ত হলে অগ্রদূত আক্রান্ত হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করব, আমিই আক্রান্ত হয়েছি। আমাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করব।”

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, আইনি সহায়তা এবং নৈতিক সমর্থনের বিষয়েও প্রতিষ্ঠানটি গুরুত্ব দেবে বলে তিনি জানান।

প্রশিক্ষণ ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা

মুন্সীগঞ্জ প্রতিনিধি নাজমুল হাসান পিন্টু মাঠপর্যায়ের সাংবাদিকদের জন্য নিয়মিত প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক সাংবাদিকতায় দক্ষতা অর্জন ছাড়া প্রতিযোগিতামূলক গণমাধ্যম পরিবেশে টিকে থাকা কঠিন।

এ বিষয়ে সম্পাদক জানান, অগ্রদূত দেশব্যাপী সাংবাদিকদের জন্য পর্যায়ক্রমে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করবে। ডিজিটাল সাংবাদিকতা, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং), ডাটা জার্নালিজম, মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির ব্যবহারসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় পরিসরে

সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা অগ্রদূতের প্রতি নিজেদের প্রত্যাশা ও পরিকল্পনার কথা তুলে ধরেন। গোপালগঞ্জ প্রতিনিধি হায়দার আলী ওয়েবসাইট উদ্বোধনের তারিখ (৬-৬-২০২৬) প্রসঙ্গে একটি প্রতীকী মন্তব্য করে বলেন, “তিনটি ছয় দিয়ে যাত্রা শুরু হয়েছে। এটি আমাদের জন্য শুভ সূচনার বার্তা বহন করে। অভিজ্ঞ সম্পাদকের নেতৃত্বে অগ্রদূত অবশ্যই ভালো কিছু করবে।”

সভায় অংশগ্রহণকারীরা মত দেন যে, দেশের প্রত্যন্ত অঞ্চলের বহু গুরুত্বপূর্ণ সংবাদ জাতীয় গণমাধ্যমে যথাযথ গুরুত্ব পায় না। অগ্রদূত সেই শূন্যতা পূরণে ভূমিকা রাখতে পারে।

সমাজ ও রাষ্ট্র নির্মাণে ইতিবাচক ভূমিকা

আলোচনার শেষ পর্যায়ে অংশগ্রহণকারীরা কেবল সংবাদ প্রকাশের মধ্যেই নিজেদের দায়িত্ব সীমাবদ্ধ না রেখে সমাজ ও রাষ্ট্রের শিক্ষা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক সংস্কৃতি বিকাশে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অগ্রদূত কর্তৃপক্ষ জানিয়েছে, সংবাদ পরিবেশনের পাশাপাশি অনুসন্ধানী প্রতিবেদন, মতামত, সাহিত্য-সংস্কৃতি, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং উন্নয়ন বিষয়ক কনটেন্ট প্রকাশের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ গণমাধ্যম প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় তারা।

স্বাধীনতা, বস্তুনিষ্ঠতা এবং জনস্বার্থকে সামনে রেখে যাত্রা শুরু করা অগ্রদূত ভবিষ্যতে দেশের গণমাধ্যম অঙ্গনে কতটা প্রভাব বিস্তার করতে পারে, তা সময়ই বলে দেবে। তবে আত্মপ্রকাশের দিনেই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে যে সম্পাদকীয় অবস্থান ও নীতিগত অঙ্গীকার তুলে ধরা হয়েছে, তা স্বাধীন সাংবাদিকতার প্রত্যাশীদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ