বীর মুক্তিযোদ্ধা ভাস্করানন্দ সূত্রধরকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত, ওয়ার্কার্স পার্টির শোক

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা ভাস্করানন্দ সূত্রধরকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত, ওয়ার্কার্স পার্টির শোক

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৪ জুলাই ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বীর মুক্তিযোদ্ধা ভাস্করানন্দ সূত্রধর আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

শুক্রবার (৩ জুলাই ২০২৬) রাত সাড়ে ১১টায় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শনিবার (৪ জুলাই ২০২৬) দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান এবং ধর্মীয় ও সামাজিক আনুষ্ঠানিকতা শেষে শ্রীমঙ্গলের জেটি রোড শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

Manual2 Ad Code

পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন ভাস্করানন্দ সূত্রধর। অবস্থার অবনতি হলে তাঁকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবরে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজারের মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

শনিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিবুল্লাহ আকনের নেতৃত্বে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় পুলিশ সদস্যরা আনুষ্ঠানিক সালাম প্রদান করেন। পরে পরিবারের সদস্য, সহযোদ্ধা, স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

বীর মুক্তিযোদ্ধা ভাস্করানন্দ সূত্রধরকে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান শেষে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

Manual6 Ad Code

সহযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা যায়, মহান মুক্তিযুদ্ধের সময় ভাস্করানন্দ সূত্রধর ৪ নম্বর সেক্টরের অধীনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখসমরে সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেন। স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান এবং দেশপ্রেমের জন্য তিনি শ্রীমঙ্গল এলাকায় একজন সম্মানিত বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে তিনি দীর্ঘদিন সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডেও সম্পৃক্ত ছিলেন বলে স্থানীয়রা জানান।

তাঁর মৃত্যুতে শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মত্যাগ, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শোক

বীর মুক্তিযোদ্ধা ভাস্করানন্দ সূত্রধরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক এবং বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

এক শোকবার্তায় তিনি বলেন, “বীর মুক্তিযোদ্ধা ভাস্করানন্দ সূত্রধরের মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসিকতা, দেশপ্রেম ও আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। স্বাধীন বাংলাদেশের জন্য যাঁরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তাঁদের অবদান কখনো বিস্মৃত হওয়ার নয়। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

Manual5 Ad Code

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংরক্ষণ এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ভাস্করানন্দ সূত্রধরের জীবন ও সংগ্রাম সেই ইতিহাসেরই এক গৌরবোজ্জ্বল অধ্যায়।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ