ডিসি-এসপির চাকরি খেয়ে দিতে পারি দাবি করে হয়রানির অভিযোগ

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৬

ডিসি-এসপির চাকরি খেয়ে দিতে পারি দাবি করে হয়রানির অভিযোগ

Manual5 Ad Code
  • শ্রীমঙ্গলে এক সাংবাদিকের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৮ জুলাই ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সাংবাদিকের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে সম্পত্তি দখলের চেষ্টা, মিথ্যা মামলা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তারই ছোট বোন। অভিযুক্ত সাংবাদিক অবশ্য এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে এগুলোকে পারিবারিক বিরোধের জেরে আনা মিথ্যা অভিযোগ বলে দাবি করেছেন।

বুধবার (৮ জুলাই ২০২৬) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও এলাকার মৃত এরশাদুর রহমান আরজুর কন্যা মল্লিকা আক্তার (৩৩)।

সংবাদ সম্মেলনে মল্লিকা আক্তার অভিযোগ করেন, তার বড় ভাই সৈয়দ সিরাজুল ইসলাম হাসান দীর্ঘদিন সিলেটে সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কয়েক বছর আগে তিনি তার চতুর্থ স্ত্রীকে নিয়ে বোনের বাড়িতে এসে বসবাস শুরু করেন। এরপর নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন মহলে প্রভাব বিস্তার করতে থাকেন।

মল্লিকার দাবি, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে তার ভাই তাদের পারিবারিক বসতভিটা দখলের চেষ্টা করছেন। তিনি বলেন, থানা-পুলিশকে প্রভাবিত করে তাদের পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এমনকি একপর্যায়ে নারী পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে এসে তাকে ও তার স্বামীকে মাদক ব্যবসায়ী হিসেবে আটক করানোর চেষ্টা করা হয়। তবে স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় সেই চেষ্টা ব্যর্থ হয় বলে তিনি দাবি করেন।

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, প্রায় এক বছর আগে অভিযুক্ত ব্যক্তি নিজের হাত নিজেই কেটে তার স্বামী ও ভাইদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তার স্বামীকে কারাভোগও করতে হয়েছে বলে দাবি করেন তিনি।

Manual8 Ad Code

মল্লিকা আক্তার আরও বলেন, তার ভাইয়ের প্রকৃত শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি পর্যন্ত হলেও তিনি এসএসসি পাসের জাল সনদ ব্যবহার করে সাংবাদিকতা করছেন। পাশাপাশি নিজের নামের আগে ‘সৈয়দ’ উপাধি ব্যবহার করে সমাজে প্রভাব বিস্তার করছেন বলেও অভিযোগ করেন তিনি। এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সম্পত্তির লোভে তার ভাই প্রায়ই বাড়িতে এসে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। তার কলেজপড়ুয়া দুই মেয়েকে পথে উত্যক্ত করতে স্থানীয় কিছু যুবককে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

Manual8 Ad Code

মল্লিকার ভাষ্য, এসব বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও অভিযুক্ত ব্যক্তি কোনো সিদ্ধান্ত মেনে নেননি। বরং তিনি প্রকাশ্যে দাবি করে বেড়ান, ইচ্ছা করলে তিনি জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) কিংবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) চাকরি পর্যন্ত খেয়ে দিতে পারেন। সাংবাদিকতার প্রভাব দেখিয়ে তিনি সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে চাঁদা আদায়ের মতো কর্মকাণ্ডে জড়িত বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, গত ৪ জুলাই সিরাজুল ইসলাম হাসান তার ওপর শারীরিক হামলা চালান। এ সময় চুল ধরে মাটিতে ফেলে মারধর, শ্লীলতাহানি, ঘরের আসবাবপত্র ভাঙচুর এবং প্রায় ১৬ আনা ওজনের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি। এ ঘটনায় ৫ জুলাই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান মল্লিকা আক্তার।

নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, তার ভাইয়ের শিক্ষাগত যোগ্যতা, সাংবাদিক পরিচয়ের বৈধতা এবং সরকারি কর্মকর্তাদের চাকরি খেয়ে দেওয়ার মতো বক্তব্যের সত্যতা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।

Manual5 Ad Code

সংবাদ সম্মেলনে মল্লিকা আক্তারের স্বামী, সন্তান এবং ছোট ভাই আল আমিন উপস্থিত ছিলেন।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সৈয়দ সিরাজুল ইসলাম হাসান সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, তার বোনের স্বামী নিয়মিত মাদক সেবন করে বাড়িতে অশান্তি সৃষ্টি করেন। তিনি এসবের প্রতিবাদ করায় তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

সম্পত্তির মালিকানা নিয়ে প্রশ্ন করা হলে সিরাজুল ইসলাম হাসান বিষয়টি তার ছোট ভাই আল আমিনের কাছে জানতে বলেন। পরে আল আমিন জানান, তাদের মায়ের নামে কেনা ওই জায়গার অধিকাংশ অর্থের জোগান দিয়েছিলেন বড় বোন মল্লিকা আক্তার।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভায় রয়েছেন। বিষয়টি বিস্তারিত জেনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ সামনে আসায় স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ