শিক্ষকতাজীবনের পূর্ণতায় জহির আলী স্যারকে সংবর্ধনা ১৮ জুলাই, উন্মোচিত হবে সংবর্ধনাগ্রন্থ

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৬

শিক্ষকতাজীবনের পূর্ণতায় জহির আলী স্যারকে সংবর্ধনা ১৮ জুলাই, উন্মোচিত হবে সংবর্ধনাগ্রন্থ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১০ জুলাই ২০২৬ : দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে শিক্ষা বিস্তার, মানবিক মূল্যবোধের চর্চা এবং শিক্ষাপ্রশাসনে গুরুত্বপূর্ণ অবদান রেখে শিক্ষকতা জীবনের গৌরবময় অধ্যায় সম্পন্ন করেছেন শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলী স্যার।

তাঁর এই বর্ণাঢ্য কর্মজীবনের স্বীকৃতি হিসেবে আগামী শনিবার (১৮ জুলাই ২০২৬) শ্রীমঙ্গলে তাঁকে সংবর্ধনা প্রদান এবং তাঁকে নিয়ে প্রকাশিত একটি বিশেষ সংবর্ধনাগ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে।

Manual5 Ad Code

শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান। এর আয়োজন করেছে ‘মো. জহির আলী সংবর্ধনা পরিষদ’।

আয়োজক সূত্র জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।

Manual1 Ad Code

সংবর্ধনা উপলক্ষে প্রকাশিত হচ্ছে ‘মো. জহির আলী সংবর্ধনাগ্রন্থ’। গ্রন্থটিতে তাঁর শিক্ষকতা জীবনের নানা দিক, শিক্ষা ও সমাজ উন্নয়নে অবদান, সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের স্মৃতিচারণ, গুণীজনদের মূল্যায়ন, প্রবন্ধ-নিবন্ধ এবং জীবন ও কর্মভিত্তিক নানা লেখা সংকলিত হয়েছে। অনুষ্ঠানে গ্রন্থটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হবে।

Manual8 Ad Code

সংবর্ধনা পরিষদের আহ্বায়ক নোমান আহমেদ সিদ্দিকী এবং সদস্যসচিব অয়ন চৌধুরী এক যৌথ আহ্বানে জানান, একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের কর্মজীবনের প্রতি সম্মান জানাতে এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানকে মর্যাদাপূর্ণ ও সাফল্যমণ্ডিত করতে তাঁরা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং সর্বস্তরের সচেতন নাগরিকের আন্তরিক উপস্থিতি কামনা করেছেন।

এদিকে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা-এর বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক এবং বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় মো. জহির আলী একজন নিবেদিতপ্রাণ ও প্রাগ্রসর শিক্ষক হিসেবে সুপরিচিত। তিনি দীর্ঘ ৩২ বছরেরও বেশি সময় শিক্ষকতা পেশাকে ব্রত হিসেবে গ্রহণ করে অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে ভূমিকা রেখেছেন।

তিনি বলেন, গত ৩০ জুন ২০২৬ সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের মাধ্যমে মো. জহির আলীর কর্মজীবনের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। তবে এটি কেবল চাকরি থেকে অবসর নয়; বরং একটি সফল, বর্ণাঢ্য ও গৌরবময় শিক্ষকতা জীবনের পূর্ণতা।

তিনি আরও বলেন, শিক্ষা কেবল পেশা নয়, এটি একটি মহান সামাজিক দায়িত্ব। মো. জহির আলী সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও আত্মত্যাগের মাধ্যমে সেই দায়িত্ব পালন করেছেন। একজন শিক্ষক, প্রশিক্ষক, সংগঠক ও শিক্ষাপ্রশাসক হিসেবে তাঁর অবদান দীর্ঘদিন শিক্ষা অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।

Manual1 Ad Code

জানা গেছে, অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সূচনা হবে। এরপর স্বাগত বক্তব্য, মো. জহির আলীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা, মানপত্র পাঠ ও সংবর্ধনা প্রদান, অতিথিদের শুভেচ্ছা বক্তব্য, সংবর্ধনাগ্রন্থের মোড়ক উন্মোচন, গ্রন্থবিষয়ক আলোচনা, সংবর্ধিত শিক্ষকের অনুভূতি প্রকাশ এবং প্রধান অতিথি ও সভাপতির বক্তব্য অনুষ্ঠিত হবে।

আয়োজকদের মতে, এ অনুষ্ঠান শুধু একজন শিক্ষকের অবসর-উত্তর সংবর্ধনা নয়; বরং একজন আদর্শ শিক্ষকের দীর্ঘ কর্মময় জীবনের প্রতি সমাজের সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ। শিক্ষা, মানবিক মূল্যবোধ ও আলোকিত সমাজ গঠনে তাঁর অবদান নতুন প্রজন্মের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ