স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: হাজী মুজিব এমপি

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৬

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: হাজী মুজিব এমপি

Manual4 Ad Code
  • শ্রীমঙ্গল উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১১ জুলাই ২০২৬ : শ্রীমঙ্গল উপজেলা হাসপাতালের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য এবং উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মুজিবুর রহমান চৌধুরী।

তিনি বলেন, উপজেলার সাধারণ মানুষ যাতে সরকারি হাসপাতালে সহজে, দ্রুত এবং মানসম্মত চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যে হাসপাতালের সব ধরনের সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। চিকিৎসাসেবার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না। হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের জনগণের আস্থা অর্জনে আরও নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে কাজ করতে হবে।

শনিবার (১১ জুলাই ২০২৬) শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম, রোগীদের চিকিৎসা সুবিধা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, জনবল সংকট, চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা, পরিচ্ছন্নতা, জরুরি বিভাগসহ বিভিন্ন সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Manual2 Ad Code

সভায় হাসপাতালের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন মতামত ও সুপারিশ উপস্থাপন করেন। পাশাপাশি রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা, সেবার মান বৃদ্ধি, ওষুধ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Manual8 Ad Code

সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ মাস্টার, হাসপাতাল ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

Manual4 Ad Code

সভাপতির বক্তব্যে মো. মুজিবুর রহমান চৌধুরী আরও বলেন, সরকারের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি হাসপাতালের উন্নয়নে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি রোগীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার জন্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার। জনগণের এই অধিকার নিশ্চিত করতে হাসপাতালের সব পর্যায়ে জবাবদিহিতা, সুশাসন ও সেবার মান বজায় রাখতে হবে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে হাসপাতালকে আরও কার্যকর ও আধুনিক সেবাকেন্দ্রে পরিণত করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

Manual5 Ad Code

সভায় হাসপাতালের উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ