শিক্ষকতা কেবল চাকরি নয়, জাতি গঠনের আজীবন ব্রত—জহির আলীর কর্মজীবন অনন্য দৃষ্টান্ত

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬

শিক্ষকতা কেবল চাকরি নয়, জাতি গঠনের আজীবন ব্রত—জহির আলীর কর্মজীবন অনন্য দৃষ্টান্ত

Manual8 Ad Code

—প্রধান অতিথি প্রফেসর ড. মো. দিদার চৌধুরী

  • শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জহির আলী স্যারের বিদায় সংবর্ধনা প্রদান ও সংবর্ধনগ্রন্থের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৮ জুলাই ২০২৬ : “শিক্ষকতা কেবল একটি পেশা নয়; এটি জাতি গঠনের আজীবন অঙ্গীকার। একজন আদর্শ শিক্ষক তাঁর কর্ম, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মকে আলোকিত করেন। মো. জহির আলী স্যার সেই বিরল শিক্ষকদের একজন, যিনি শিক্ষকতাকে চাকরি হিসেবে নয়, ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন।”

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী শনিবার (১৮ জুলাই) শ্রীমঙ্গল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. জহির আলীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual4 Ad Code

দীর্ঘ ৩২ বছরেরও বেশি সময় শিক্ষা বিস্তার, শিক্ষাপ্রশাসন, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের জীবন গঠনে অনন্য অবদান রাখায় শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলীকে সংবর্ধনা প্রদান এবং তাঁকে নিয়ে প্রকাশিত ‘মো. জহির আলী সংবর্ধনাগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual2 Ad Code

শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে শনিবার (১৮ জুলাই ২০২৬) সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আয়োজন করে ‘মো. জহির আলী সংবর্ধনা পরিষদ’।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রাদওয়ান চৌধুরী, গীতা পাঠ করেন শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শ্রেষ্ঠা রানী দেবী; এবং জাতীয় সংগীত পরিবেশন করেন শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অপরাজিতা দেব অপি, লিয়েন বনিক, শুভশ্রী চৌধুরী ও অরনি রায়।

প্রধান অতিথির বক্তব্যে ড. দিদার চৌধুরী বলেন, একজন শিক্ষক অবসর গ্রহণ করতে পারেন, কিন্তু তাঁর আদর্শ, শিক্ষা ও প্রভাব কখনও অবসরে যায় না। তিনি বলেন, জহির আলীর কর্মজীবন নতুন প্রজন্মের শিক্ষকদের জন্য অনুসরণীয় আদর্শ হয়ে থাকবে। শিক্ষা ব্যবস্থাকে আরও মানবিক, মূল্যবোধভিত্তিক ও যুগোপযোগী করতে তাঁর মতো নিবেদিতপ্রাণ শিক্ষকের প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। একজন শিক্ষক যদি শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, সততা ও সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তুলতে পারেন, তবে সেটিই হবে তাঁর প্রকৃত সাফল্য।

সভাপতির বক্তব্য

সভাপতির বক্তব্যে সংবর্ধনা পরিষদের আহ্বায়ক এবং কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ সিদ্দিকী বলেন, মো. জহির আলীর দীর্ঘ শিক্ষকতা জীবন কেবল একটি প্রতিষ্ঠানের নয়, পুরো অঞ্চলের শিক্ষা অঙ্গনের সম্পদ। তাঁর কর্মজীবনের প্রতি সম্মান জানাতেই এ আয়োজন।

Manual1 Ad Code

তিনি বলেন, একজন শিক্ষক যখন সততা, নিষ্ঠা ও আদর্শকে ধারণ করে দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীদের জীবন গঠনে কাজ করেন, তখন তাঁর অবদান একটি বিদ্যালয়ের গণ্ডি অতিক্রম করে সমাজের সম্পদে পরিণত হয়। জহির আলীর কর্মজীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং নতুন প্রজন্মের সামনে তাঁর আদর্শ তুলে ধরতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

মানপত্র পাঠ

সদস্যসচিব ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী মানপত্র পাঠ করেন।

তিনি মানপত্রে উল্লেখ করেন, মো. জহির আলী সততা, দক্ষতা, নেতৃত্ব, শিক্ষাপ্রশাসনিক প্রজ্ঞা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে একজন অনুকরণীয় শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর কর্মময় জীবন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

স্বাগত বক্তব্য

সিনিয়র সাংবাদিক আতাউর রহমান কাজল অতিথিদের স্বাগত জানান।

তিনি বলেন, একজন শিক্ষকের অবদানকে জীবদ্দশায় সম্মান জানানো সমাজের ইতিবাচক সংস্কৃতির পরিচয়। এই আয়োজন শিক্ষক সমাজের মর্যাদা আরও বৃদ্ধি করবে।

গ্রন্থ আলোচনা

ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও লেখক দ্বীপেন্দ্র ভট্টাচার্য সংবর্ধনাগ্রন্থ নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, সংবর্ধনাগ্রন্থটি শুধু স্মারক নয়; এটি একটি শিক্ষকের জীবন, দর্শন, কর্ম ও সামাজিক প্রভাবের গুরুত্বপূর্ণ দলিল। ভবিষ্যৎ গবেষণার ক্ষেত্রেও এটি মূল্যবান ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি

বিএনপির শ্রীমঙ্গল উপজেলা সভাপতি নুরুল আলম সিদ্দিকী শিক্ষকদের মর্যাদা রক্ষায় সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, জাতি গঠনের মূল ভিত্তি শিক্ষা, আর শিক্ষার প্রাণ হচ্ছেন শিক্ষক। মো. জহির আলীর মতো আদর্শ শিক্ষক সমাজের জন্য গর্বের বিষয়।

অধ্যাপক অবিনাশ আচার্য

রোটারিয়ান ও ছড়াকার অধ্যাপক অবিনাশ আচার্য শিক্ষকতার মানবিক দিক তুলে ধরেন।

অধ্যক্ষ ড. সঞ্জিত সেন রায়

ইনাথগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. সঞ্জিত সেন রায় বলেন, একজন প্রকৃত শিক্ষক পাঠ্যবইয়ের বাইরে জীবনবোধ শেখান। জহির আলী সেই মানবিক শিক্ষার ধারক।

ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি

ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জনতা ব্যাংক শ্রীমঙ্গল ব্রাঞ্চের ম্যানেজার মো. সালাহউদ্দিন শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, সমাজের প্রতিটি সফল মানুষের পেছনে একজন শিক্ষকের অবদান থাকে। তাই শিক্ষকদের সম্মানিত করা মানে জাতির ভবিষ্যৎকে সম্মানিত করা।

শিক্ষার্থীদের বক্তব্য

শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী উম্মে কুলসুম মীম ও এসএসসি পরীক্ষার্থী (২০২৬) আনিকা হোসেন প্রিয় শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তাঁরা বলেন, জহির আলী শুধু পাঠদান করেননি; শৃঙ্খলা, সততা, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধের শিক্ষা দিয়েছেন। তাঁর শিক্ষা আজীবন স্মরণীয় থাকবে।

প্রাক্তন শিক্ষার্থীদের বক্তব্য

শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, সিন্দুরখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অঞ্জনা দেবী প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন।

তিনি বলেন, জহির আলীর কঠোরতা ছিল স্নেহমিশ্রিত। তাঁর দিকনির্দেশনাই বহু শিক্ষার্থীর জীবনের ভিত্তি গড়ে দিয়েছে।

অভিভাবক প্রতিনিধি

Manual4 Ad Code

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আব্দুর রহিম অভিভাবকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, একজন শিক্ষক যখন সন্তানদের নিজের সন্তানের মতো গড়ে তোলেন, তখন অভিভাবকদের আস্থা আরও দৃঢ় হয়। জহির আলী সেই আস্থা অর্জন করেছিলেন।

শিক্ষক প্রতিনিধিদের বক্তব্য

খন্দকার জাকির হোসেন, একরামুল কবীর, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, ঝলক কান্তি চক্রবর্তী, কমলগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নান্টু রায়, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. কামাল উদ্দিন, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সুধাংশু চক্রবর্তী, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মিসেস প্রভাসিনী সিনহা ও শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মতিন শিক্ষক হিসেবে তাঁর নেতৃত্ব, সততা ও কর্মনিষ্ঠার প্রশংসা করেন।

তাঁরা বলেন, সহকর্মীদের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব, প্রশাসনিক দক্ষতা, সময়ানুবর্তিতা এবং শিক্ষার মানোন্নয়নে নিরলস প্রচেষ্টা তাঁকে একজন সফল শিক্ষানেতায় পরিণত করেছে।

অতিথিদের শুভেচ্ছা

সিলেট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির আহমেদ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন শুভেচ্ছা বক্তব্য দেন।

তাঁরা বলেন, জহির আলীর কর্মজীবন শিক্ষা প্রশাসন ও বিদ্যালয় ব্যবস্থাপনায় একটি ইতিবাচক দৃষ্টান্ত। তাঁর অভিজ্ঞতা ভবিষ্যতেও শিক্ষা উন্নয়নে কাজে লাগবে।

সংবর্ধিত শিক্ষক মো. জহির আলীর অনুভূতি

মো. জহির আলী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, শিক্ষকতা তাঁর কাছে কখনো চাকরি ছিল না; এটি ছিল ইবাদত ও সামাজিক দায়িত্ব। দীর্ঘ কর্মজীবনে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং প্রশাসনের সহযোগিতা ছাড়া এই পথচলা সম্ভব হতো না। অবসরের পরও শিক্ষা ও সমাজকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা-এর বিশেষ প্রতিনিধি, আরপি নিউজ-এর সম্পাদক এবং বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গুণীজন ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা উপলক্ষে প্রকাশিত ‘মো. জহির আলী সংবর্ধনাগ্রন্থ’-এ তাঁর শিক্ষকতা জীবন, শিক্ষা ও সমাজ উন্নয়নে অবদান, সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের স্মৃতিচারণ, গুণীজনদের মূল্যায়ন, প্রবন্ধ-নিবন্ধ এবং জীবন ও কর্মভিত্তিক নানা লেখা সংকলিত হয়েছে। অনুষ্ঠানে গ্রন্থটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানের সার্বিক শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্লস গাইড দলের সদস্যরা যথাক্রমে অপরাজিতা বর্ধন অপি, তাজরিমিন তানহা তুসমি, লিয়েন বনিক অরনি রায় ও শুভশ্রী চৌধুরী এবং ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের বিএনসিসির সদস্যরা।

আয়োজকদের মতে, এটি শুধু একজন শিক্ষকের অবসর-উত্তর সংবর্ধনা নয়; বরং একজন আদর্শ শিক্ষকের দীর্ঘ কর্মময় জীবনের প্রতি সমাজের সম্মান, কৃতজ্ঞতা ও মূল্যায়নের এক অনন্য দৃষ্টান্ত। বক্তারা আশা প্রকাশ করেন, মো. জহির আলীর আদর্শ, সততা ও কর্মনিষ্ঠা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।

এ সংক্রান্ত আরও সংবাদ