সিলেট ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬
শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা ও সম্মাননা
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০২ সেপ্টেম্বর ২০২৬ : স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সাংবাদিক মামুন আহমেদের ছেলে ইফতেখার আহমেদ মাহদি। তার এ সাফল্যে গর্বিত শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যরা। যুক্তরাজ্যে উচ্চশিক্ষার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে তাকে ফুলেল শুভেচ্ছা, বিদায় সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে শ্রীমঙ্গল প্রেসক্লাব।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) রাত ৯টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মাহদির হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় প্রেসক্লাবের সদস্যরা তার উজ্জ্বল ভবিষ্যৎ, সাফল্য ও নিরাপদ যাত্রা কামনা করেন।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রুবেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও অতিথিরা মাহদির শিক্ষাজীবনের সাফল্য এবং উচ্চশিক্ষার সুযোগ লাভকে শ্রীমঙ্গলের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন।
ইফতেখার আহমেদ মাহদি যুক্তরাজ্যের University of Westminster-এ Data Science and Analytics বিষয়ে স্কলারশিপ নিয়ে গ্র্যাজুয়েশন পর্যায়ের কোর্সে ভর্তির সুযোগ পেয়েছে। তার এ অর্জনের পেছনে রয়েছে ধারাবাহিক একাডেমিক সাফল্য।
মাহদী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে। পাশাপাশি আন্তর্জাতিক ইংরেজি ভাষা দক্ষতা যাচাইয়ের পরীক্ষা IELTS-এ ৭.০ ব্যান্ড স্কোর অর্জন করেছে।
মাহদির এ সাফল্যে তাঁর পরিবার, স্বজন, সহপাঠী এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। বিশেষ করে তার বাবা মামুন আহমেদ শ্রীমঙ্গল প্রেসক্লাবের দীর্ঘদিনের সদস্য হওয়ায় ক্লাবের অন্য সদস্যরা মাহদির অর্জনকে নিজেদের পরিবারের একজন সন্তানের সাফল্য হিসেবেই দেখছেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; প্রেসক্লাবের সিনিয়র সদস্য মামুন আহমেদ, ইসমাইল মাহমুদ, ছৈয়দ ছায়েদ আহমেদ, আব্দুর রব, নূর মোহাম্মদ সাগর, সুলতান মাহমুদ ও সনেট দেব চৌধুরী।
মাহদীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, মাহদির এ অর্জন শুধু তাঁর পরিবারের নয়, পুরো শ্রীমঙ্গলের জন্য আনন্দ ও গর্বের। মেধাবী তরুণদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে এ ধরনের সাফল্য ইতিবাচক ভূমিকা রাখবে।
বক্তারা মাহদির শিক্ষাজীবনের সাফল্যের প্রশংসা করে বলেন, মেধা, পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাস থাকলে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ অর্জন করা সম্ভব। মাহদির যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ শ্রীমঙ্গলের তরুণ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে বিদেশে গিয়ে পড়াশোনার পাশাপাশি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য মাহদির প্রতি আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহসভাপতি ও জাতীয় দৈনিক ভোরের সময়-এর শ্রীমঙ্গল প্রতিনিধি সাইফুর রহমান শিপু, ছাত্রনেতা সৈয়দ মুরশেদ ছালেহীন নাবিল, তাঈম আহমেদ এবং মাহদির সহপাঠীরা।
অনুষ্ঠানে মাহদির বাবা মামুন আহমেদ তাঁর ছেলের সাফল্যে যারা সহযোগিতা, উৎসাহ ও শুভকামনা জানিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মাহদির উচ্চশিক্ষার পথচলায় সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
শিক্ষাজীবনে ধারাবাহিক সাফল্য এবং স্কলারশিপ অর্জনের মধ্য দিয়ে মাহদি এখন নতুন স্বপ্ন নিয়ে পাড়ি জমাচ্ছেন যুক্তরাজ্যে। Data Science and Analytics-এর মতো আধুনিক ও চাহিদাসম্পন্ন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখার প্রত্যাশা তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি