দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গল সেক্টরে ৩৪ প্লাটুন বিজিবি

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গল সেক্টরে ৩৪ প্লাটুন বিজিবি

Manual2 Ad Code
  • ২৩৭টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা, নজরদারিতে ব্যবহার হচ্ছে ড্রোন

নিজস্ব প্রতিবেদক | মাধবপুর (হবিগঞ্জ), ১৭ অক্টোবর ২০২৬ : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সীমান্ত সুরক্ষার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে বিজিবির শ্রীমঙ্গল সেক্টরের আওতাধীন তিনটি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ২৩৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নজরদারিতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক ড্রোন।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব তথ্য জানান বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বিএম তৌহিদ হাসান।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় পূজামণ্ডপের সভাপতির হাতে বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান, বিজিওএম।

বিজিবি সূত্র জানায়, উত্তর-পূর্ব রিজিয়নের সরাইল রিজিয়নের আওতাধীন শ্রীমঙ্গল সেক্টরের দায়িত্বপূর্ণ ৩৩১ দশমিক ৭ কিলোমিটার সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি শনাক্তকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি), বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) ও হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২০৬টি এবং ইউনিট সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে ৩১টি পূজামণ্ডপ রয়েছে। এসব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে গত ১৬ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিজিবি সদস্যরা নিয়মিত সীমান্ত দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

সেক্টর কমান্ডার জানান, পূজামণ্ডপের নিরাপত্তার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় চোরাচালান, মাদক পাচার, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ পাচারসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধের পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের সাফল্যের তথ্য তুলে ধরে তিনি জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত শ্রীমঙ্গল সেক্টরের আওতাধীন তিনটি ব্যাটালিয়নের অভিযানে ৮৭ কোটি ২৩ লাখ ৯৮ হাজার ১১৪ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, গাঁজা ও অন্যান্য অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। এসব অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৭৪ জনকে।

Manual5 Ad Code

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সারা দেশে ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে রয়েছে ১ হাজার ৪২৫টি, ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে ১ হাজার ১১৯টি এবং দুর্গম এলাকায় ১৮৩টি পূজামণ্ডপ। দুর্গম এলাকার নিরাপত্তায় ১৮টি বেইজ ক্যাম্প স্থাপন করে কার্যক্রম শুরু করা হয়েছে। মাঠপর্যায়ে নিরাপত্তা কার্যক্রমের সমন্বয়ে ব্যবহার করা হচ্ছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’।

Manual4 Ad Code

সেক্টর কমান্ডার বলেন, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও সহযোগিতা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি গুজব ও অপপ্রচারে কান না দেওয়া, যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করা এবং সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবার সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা সম্ভব। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতি কামনা করেন।

Manual6 Ad Code