সিলেট ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৬
স্বাস্থ্য বাজেটের বরাদ্দ বাড়ানোর পাশাপাশি ওষুধ সরবরাহ নিশ্চিত করার আহ্বান
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬ : বাংলাদেশে অসংক্রামক রোগজনিত মৃত্যু ও স্বাস্থ্যঝুঁকি কমাতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিরা।
তাঁরা বলেছেন, স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর পাশাপাশি এর একটি উল্লেখযোগ্য অংশ উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ব্যয় করা প্রয়োজন। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনা মূল্যে ওষুধ সরবরাহ নিশ্চিত করা গেলে এ রোগের জটিলতা ও মৃত্যুঝুঁকি কমানো সম্ভব।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) রাজধানীর বিএমএ ভবনে ‘বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন: অগ্রগতি, বাধা এবং করণীয়’ শীর্ষক এক সাংবাদিক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে। এতে প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে কর্মরত ২৮ জন সাংবাদিক অংশ নেন।
কর্মশালায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’-এর তথ্য অনুসারে, দেশে শীর্ষ ১০টি রোগের তালিকায় প্রথম স্থানে রয়েছে উচ্চ রক্তচাপ। ২০২৪ সালে দেশে হৃদ্রোগে প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর ৫২ শতাংশের জন্য উচ্চ রক্তচাপ দায়ী বলে কর্মশালায় জানানো হয়।
উচ্চ রক্তচাপের ঝুঁকি শুধু বয়স্কদের মধ্যে সীমাবদ্ধ নেই; তরুণদের মধ্যেও এ রোগের প্রকোপ বাড়ছে। ‘বাংলাদেশ এনসিডি স্টেপস সার্ভে, ২০১৮’-এর তথ্য অনুযায়ী, ১৮ থেকে ৩৯ বছর বয়সী জনগোষ্ঠীর প্রায় ১২ শতাংশ উচ্চ রক্তচাপে আক্রান্ত।
কর্মশালায় বলা হয়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া না গেলে এর কারণে হৃদ্রোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের বোঝা আরও বাড়তে পারে।
এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মো. রিয়াদ আরেফিন বলেন, ২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বর্ধিত বরাদ্দ অগ্রাধিকার ভিত্তিতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যয় করা গেলে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনা মূল্যে ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার মালা বলেন, দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশ ঘটে অসংক্রামক রোগের কারণে। অথচ এসব রোগ মোকাবিলায় স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ বরাদ্দ রয়েছে। এ ক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস বলেন, দেশে সবচেয়ে বেশি মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত হচ্ছে। এ রোগ নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি ও টেকসই অর্থায়ন জরুরি।
কর্মশালায় সভাপতিত্ব করেন প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল।
বক্তারা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে পর্যাপ্ত অর্থায়ন, প্রয়োজনীয় ওষুধের সহজলভ্যতা এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি তা জনস্বাস্থ্যের অগ্রাধিকার অনুযায়ী কার্যকরভাবে ব্যয় করার ওপর জোর দেন।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি