সিলেট ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২২
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৪ অক্টোবর ২০২২ : শ্রমিক কল্যাণ তহবিলে ৮ কোটি টাকা লভ্যাংশ জমা দিয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড।
আজ মঙ্গলবার (৪ অক্টোবর ২০২২) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সাপ্লাই চেইন ডিরেক্টর রুহুল কুদ্দুস’র নেতৃত্বে চার সদস্যদের প্রতিনিধিদল ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর লভ্যাংশ ৭ কোটি ৬৯ লাখ ৩৬ হাজার ৮ টাকার এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের লভ্যাংশ ৩৭ লাখ ৭১ হাজার ৮শ ৪৮ টাকার চেক হস্তান্তর করেন।
বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোম্পানির নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা প্রদানের বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে দুই’শ ৯৩ টি কোম্পানি এ তহবিলে নিয়মিত লভ্যাংশ প্রদান করছে। এ তহবিলে আজ পর্যন্ত জমার পরিমাণ ৭’শ ৬০ কোটি টাকার বেশি।
এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মুত্যুতে আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চশিক্ষায় সহায়তা দেয়া হয়। এখন পর্যন্ত ১৫ হাজার ২শ ৩৭ শ্রমিককে এ তহবিল থেকে প্রায় ৬৬ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, যুগ্ম-সচিব মো. মহিদুর রহমান, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সচিব রাশেদল কাইয়ূম, কর্পোরেট অ্যাফেয়ার্সের প্রধান শামীমা আক্তার এবং ইউনিলিভার কনজুুমার কেয়ার লিমিটেডের রেগুলেটরি অ্যাফেয়ার্সের প্রধান এবং কোম্পানি সচিব মোহাম্মদ নাহারুল মোল্লাসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি