সিলেট ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২২
বিনোদন প্রতিবেদক | ঢাকা, ২১ অক্টোবর ২০২২ : মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের ওপর বর্বরচিত নির্যাতনের কাহিনী নিয়ে নির্মিত সিনেমা ‘রোহিঙ্গা’ দেশের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পেয়েছে।
মিয়ানমারের সামরিক বাহিনীর নির্মম নির্যাতন, গণহত্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাহনুভবতায় জীবন বাঁচাতে ছুটে আসা প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় প্রদানসহ রোহিঙ্গা সংকটের মৌলিক দিক নিয়ে এই সিনেমাটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।
সিনেমাটির পুরো শুটিং হয়ে টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায়।
তিনি ‘রোহিঙ্গা’ নামে এ সিনেমাটির নির্মাণ কাজ শুরু করেন ২০১৭ সালে।
ঢাকার যমুনা ফিউচার পার্কে ব্লকবাস্টার, বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স, মিরপুরের সনি স্কয়ার, কেরানীগঞ্জের লায়ন, মতিঝিলে মধুমিতা, ঢাকার চিত্রামহল (শীততাপ নিয়ন্ত্রিত), সাভারের শ্রীপুরে চন্দ্রিমা, চট্টগ্রামের সিলভারস্কীন, সিনেমা প্যালেস, খুলনার শঙ্খ ও চিত্রালীসহ দেশের বেশ কিছু সিনেমা হলে আজ এটি একযোগে মুক্তি পেয়েছে।
সিনেমাটি গত বছরের নভেম্বরে সেন্সর বোর্ড থেকে আনকাট সেন্সর পায়। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা আরশি হোসেন, ওমর আয়াজ অনি, সাগর, বৃষ্টি, তানজিদ, শাকিবা, হায়াতুজ্জামান, গোলাম রাব্বানি মিন্টু প্রমুখ।
এই সিনেমায় সবার নজর কেড়েছেন অভিনেতা এনামুল হক।
তিনি মিয়ানমার সেনাবাহিনীর মেজর অং সান থুরা’র চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রে মিয়ানমারের মেজরের ভূমিকায় এনামুল হকের অনবদ্য অভিনয় দর্শকদের হৃদয় জয় করেছেন। এনামুল হক এর আগে জিল্লুর রহমানের ‘ঈমানদার মাস্তান’, ‘স্বপ্নের ভালোবাসা’, মনোয়ার খোকনের ‘ক্ষত বিক্ষত’, ‘প্রেম সংঘাত’, শাহিন সুমনের ‘খালাস’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।
‘রোহিঙ্গা’ সিনেমার ট্রেলার প্রকাশ উপলক্ষে সম্প্রতি রাজধানীর এফডিসিতে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সিনেমাটির নির্মাতা, অভিনয়শিল্পী, কলাকুশলী ও চলচ্চিত্র ব্যক্তিত্বরা।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি