শ্রীমঙ্গলে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৬

শ্রীমঙ্গলে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১২ ফেব্রুয়ারি ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্র, বিশেষ করে চা বাগান অধ্যুষিত এলাকায় ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার ৮৭টি ভোটকেন্দ্রে একযোগে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কেন্দ্রগুলোতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্য মোতায়েন ছিল। এছাড়া ভ্রাম্যমাণ টিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

Manual7 Ad Code

শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৭ হাজার ১৯৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩২ হাজার ৩৫৮ জন, পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৩৩৫ জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার রয়েছেন। এছাড়া ২ হাজার ৫১২টি পোস্টাল ভোট রয়েছে।

সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে চা বাগান এলাকার কেন্দ্রগুলোতে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। অনেক ভোটার পরিবার-পরিজন নিয়ে কেন্দ্রে আসেন। প্রথমবারের ভোটারদের মধ্যেও ছিল আলাদা উচ্ছ্বাস।
বেলা ১২টার দিকে ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইসলাম উদ্দিন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, “সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। শেষ পর্যন্ত যেন এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, সে জন্য সকলের সহযোগিতা কামনা করছি।”

বিকাল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স উপজেলা পরিষদ কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়। বিকাল পৌনে ৫টা পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, অধিকাংশ কেন্দ্র থেকে ব্যালট বাক্স নিরাপদে সংগ্রহ করা হয়েছে।

Manual6 Ad Code

নির্বাচন পর্যবেক্ষকদের প্রাথমিক মূল্যায়নে জানা গেছে, এ নির্বাচনে শ্রীমঙ্গলে আনুমানিক ৫২ থেকে ৫৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। চূড়ান্ত ভোটের হার ও ফলাফল ঘোষণা করা হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে।

উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে ছিল নির্বাচনী উৎসাহ-উদ্দীপনা। ভোটকেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর উপস্থিতি ভোটারদের মধ্যে আস্থা তৈরি করেছে বলে অনেকে মনে করেন।

Manual3 Ad Code

সার্বিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শ্রীমঙ্গলে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। এখন সবার নজর ফলাফল ঘোষণার দিকে।

Manual4 Ad Code