দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের মুখে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, দেশে প্রত্যাবর্তন

প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২৬

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের মুখে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, দেশে প্রত্যাবর্তন

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৫ জুন ২০২৬ : ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে ভারতে গিয়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও দীর্ঘক্ষণ অপেক্ষার মুখে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

Manual8 Ad Code

প্রধানমন্ত্রীর উপদেষ্টার ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, রোববার ঢাকা থেকে দিল্লি পৌঁছানোর পর ভারতীয় অভিবাসন কর্তৃপক্ষ তাঁকে প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে এবং বিমানবন্দরে অপেক্ষা করতে বলে। পরবর্তীতে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হলেও পরিস্থিতি ও কর্তৃপক্ষের আচরণে অসন্তুষ্ট হয়ে তিনি সফর বাতিল করে বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেন।

সূত্রগুলো জানায়, প্রতিমন্ত্রীর মর্যাদাসম্পন্ন হওয়ায় ডা. জাহেদ উর রহমান কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার যোগ্য হলেও তিনি সাধারণ পাসপোর্ট ব্যবহার করে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দিল্লি যান। বিমানবন্দরে অবতরণের পর ভারতের নজরদারি তালিকার ভিত্তিতে তাঁকে আটকে রাখা হয় বলে জানা গেছে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ডা. জাহেদের নাম ভারতের নিরাপত্তাসংশ্লিষ্ট একটি ওয়াচলিস্টে অন্তর্ভুক্ত ছিল। নিয়মিত যাচাইয়ের সময় অভিবাসন কর্মকর্তারা তাঁকে শনাক্ত করে অতিরিক্ত যাচাই-বাছাইয়ের জন্য আলাদা করেন। পরে প্রশাসনিক অসংগতির বিষয়টি চিহ্নিত করে তা সংশোধন করা হলে তাঁকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

ভারতীয় সূত্রগুলোর দাবি, পূর্বে ডা. জাহেদের নাম ওয়াচলিস্টে থাকলেও তা প্রত্যাহার করা হয়েছিল। তবে প্রশাসনিক জটিলতার কারণে তাঁর নাম অভিবাসন ব্যবস্থায় থেকে যাওয়ায় বিমানবন্দরে সাময়িক জটিলতা সৃষ্টি হয়। যাচাই প্রক্রিয়া শেষে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।

Manual6 Ad Code

ডা. জাহেদ উর রহমান সোমবার থেকে শুরু হওয়া আইওআরএ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে অংশ নেওয়ার কথা ছিল। প্রতিনিধিদলের নেতা হিসেবে তাঁর সফরের বিষয়টি বাংলাদেশ হাইকমিশন গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিল বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

Manual8 Ad Code

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের পর ভারত কয়েকজন বাংলাদেশি কনটেন্ট নির্মাতা ও প্রভাবশালী ব্যক্তির ইউটিউব চ্যানেল ব্লক করে। ভারতীয় কর্তৃপক্ষের দাবি ছিল, তাঁদের কিছু বক্তব্য ভারতবিরোধী ছিল। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ওই তালিকায় ডা. জাহেদ উর রহমানের নামও ছিল।

বিশ্লেষকদের মতে, ঘটনাটি এমন সময়ে ঘটল যখন বাংলাদেশ-ভারত সম্পর্ক নানা ইস্যুতে সংবেদনশীল পর্যায়ে রয়েছে। সীমান্তে বিএসএফের কথিত ‘পুশ-ইন’ কার্যক্রম, সীমান্তে গুলিবর্ষণ এবং অনুপ্রবেশ ইস্যু নিয়ে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উত্তেজনা ও কূটনৈতিক আলোচনার মাত্রা বেড়েছে। এই প্রেক্ষাপটে দিল্লি বিমানবন্দরে বাংলাদেশের একজন উচ্চপদস্থ সরকারি প্রতিনিধির সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট অভিবাসন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ