সমাজসেবায় অনন্য ডা. অজিত দেবের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২৬

সমাজসেবায় অনন্য ডা. অজিত দেবের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৯ জুন ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিশিষ্ট সমাজসেবী, মির্জাপুর চা বাগানের অবসরপ্রাপ্ত কম্পাউন্ডার এবং ১নং মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ডা. অজিত দেবের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ।

এ উপলক্ষে তাঁর পরিবার, শুভানুধ্যায়ী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে তাঁকে স্মরণ করছেন।

ডা. অজিত দেব ২০২১ সালের ১৯ জুন রাত ৯টা ৪০ মিনিটে সিলেটের নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি এক ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Manual8 Ad Code

স্থানীয়ভাবে অত্যন্ত জনপ্রিয় ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ডা. অজিত দেব দীর্ঘদিন মির্জাপুর চা বাগানে স্বাস্থ্যসেবা কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। কর্মজীবনে তিনি শুধু একজন স্বাস্থ্যকর্মী হিসেবেই নয়, বরং সাধারণ মানুষের আস্থাভাজন ও নির্ভরযোগ্য সেবাদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। চিকিৎসাসেবা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা আজও স্থানীয় মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বাস্থ্যসেবার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক উদ্যোগ, শিক্ষামূলক কার্যক্রম এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। রাজনৈতিক জীবনে তিনি ১নং মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং দলীয় কার্যক্রমের পাশাপাশি এলাকার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে সক্রিয় ভূমিকা রাখেন।

Manual5 Ad Code

পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মৃতিচারণমূলক বার্তায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নূর আহমেদ বকুল বলেন, “ডা. অজিত দেব ছিলেন একজন মানবিক, দায়িত্বশীল ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তি। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।”

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “ডা. অজিত দেব মানুষের কল্যাণে নিবেদিত একজন সৎ ও কর্মঠ ব্যক্তিত্ব ছিলেন। তাঁর জীবন ও কর্ম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

মৌলভীবাজার জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক কমরেড তাপস কুমার ঘোষ, যিনি প্রয়াত ডা. অজিত দেবের ভগ্নীপতি, তিনি বলেন, “পরিবারের একজন অভিভাবক হারানোর বেদনা আজও আমাদের তাড়িত করে। তিনি শুধু পরিবারের নয়, বৃহত্তর সমাজের একজন আপনজন ছিলেন। মানুষের প্রতি তাঁর ভালোবাসা ও দায়বদ্ধতা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

Manual6 Ad Code

এদিকে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি এবং সিলেট বিভাগের অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায় প্রয়াত ডা. অজিত দেবের কর্মময় জীবনের প্রশংসা করে বলেন, “তিনি স্বাস্থ্যসেবাকে মানবসেবার অন্যতম মাধ্যম হিসেবে দেখতেন। সাধারণ মানুষের প্রতি তাঁর আন্তরিকতা ও দায়িত্ববোধ ছিল অনুকরণীয়।”

এ উপলক্ষে আরও শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা, সাধারণ সম্পাদক রোহেল আহমদ, বাংলাদেশ যুবমৈত্রীর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি জামাল মুশরাফিয়া, বাংলাদেশ ছাত্রমৈত্রীর মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অজিত বোনার্জি, বাংলাদেশ নারী মুক্তি সংসদের সৈয়দা তাহমিনা বেগম, বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের ফরিদ মিয়া, জাতীয় কৃষক সমিতির নিয়াজ আলী, কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের আব্দুল মালেক, জাতীয় শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণসংগঠনের প্রতিনিধি।

শ্রদ্ধা নিবেদনকারীদের মধ্যে আরও রয়েছেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সহকারী অধ্যাপক সুদর্শন শীল, বাংলাদেশ তরীকত ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও আহলে সুন্নত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহজাদা সৈয়দ রায়হান শাহ রহমানপুরী, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগত জ্যোতি ধর শুভ্র, ব্যবসায়ী সুধীর চাষা, তিউড়ি প্রকাশনের স্বত্বাধিকারী কবি মাইবম সাধনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Manual1 Ad Code

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রয়াত ডা. অজিত দেবের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা, স্মরণসভা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে তাঁর আদর্শ, মানবিক মূল্যবোধ ও জনসেবামূলক কর্মকাণ্ড নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয়দের মতে, চিকিৎসা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ডা. অজিত দেব যে মানবিক উত্তরাধিকার রেখে গেছেন, তা দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল ও মির্জাপুর এলাকার মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। তাঁর কর্মময় জীবন এবং মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসাই তাঁকে স্মরণীয় করে রেখেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ