আগামীকাল শুরু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৬

আগামীকাল শুরু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

Manual1 Ad Code
  • শ্রীমঙ্গলে ২২১ কেন্দ্রে প্রায় ৪০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৭ জুন ২০২৬ : সারাদেশের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আগামীকাল (২৮ জুন) শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ কর্মসূচি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন বলেছেন, “উপজেলার ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে মোট ২২১টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৪০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।”

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শনিবার (২৭ জুন ২০২৬) শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক এডভোকেসি সভায় এসব তথ্য জানান তিনি।

Manual4 Ad Code

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টি ও রাতকানা প্রতিরোধ এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সের সব শিশুকে ক্যাম্পেইনের আওতায় আনার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

তিনি জানান, শ্রীমঙ্গল উপজেলার ইউনিয়ন পর্যায়ে মোট ২১২টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ করা হবে। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ৪১৭ জন স্বেচ্ছাসেবক। এছাড়া পৌরসভা এলাকায় ৯টি কেন্দ্রে ৫২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ইউনিয়ন পর্যায়ে ৬ মাস থেকে ১১ মাস ২৯ দিন বয়সী ৩ হাজার ৯৫৯ জন শিশুকে এবং ১২ মাস থেকে ৫৯ মাস ২৯ দিন বয়সী ৩২ হাজার ১৫০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে পৌরসভা এলাকায় মোট ৪ হাজার শিশুকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

Manual1 Ad Code

সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান। তিনি বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কর্মসূচি। উপজেলার প্রতিটি উপযুক্ত বয়সের শিশুকে এ কর্মসূচির আওতায় আনতে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এডভোকেসি সভায় ক্যাম্পেইনের কার্যক্রম, কেন্দ্র পরিচালনা, শিশু শনাক্তকরণ, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন স্বাস্থ্যকর্মী ও মাঠপর্যায়ের কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসারগণ, এমটিইপিআই, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশুর বয়স অনুযায়ী স্বাস্থ্যকর্মীরা সঠিক মাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবেন। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য রয়েছে নীল রঙের ক্যাপসুল, আর ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য রয়েছে লাল রঙের ক্যাপসুল।

Manual6 Ad Code

বিশেষজ্ঞদের মতে, ভিটামিন ‘এ’ শিশুদের দৃষ্টিশক্তি সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত জটিলতা কমানো এবং শিশুমৃত্যুর ঝুঁকি হ্রাসে কার্যকর ভূমিকা পালন করে। জাতীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে পরিচালিত এ কর্মসূচি শিশুস্বাস্থ্য উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে।

এদিকে উপজেলা স্বাস্থ্য বিভাগ উপজেলার সকল অভিভাবকের প্রতি অনুরোধ জানিয়েছে, নির্ধারিত বয়সের কোনো শিশুকে যেন এ কর্মসূচির বাইরে রাখা না হয়। অভিভাবকদের নিকটস্থ টিকাকেন্দ্রে গিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আশা করছেন, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও গণমাধ্যমের সহযোগিতায় শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হবে এবং লক্ষ্যমাত্রাভুক্ত সকল শিশু এর সুফল পাবে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ