সিলেট ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৩
নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম, ১৬ এপ্রিল ২০২৩ : চট্টগ্রামে বঙ্গবন্ধু স্টার্টআপদের নিয়ে বিগ-২০২৩ এর অ্যাক্টিভেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৬ এপ্রিল ২০২৩) বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সফটওয়্যার টেকনোলজি পার্কে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় এটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প এর আয়োজন করে।
স্টার্টআপ চট্টগ্রাম এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোঃ আলতাফ হোসেন।
তিনি বলেন, চট্টগ্রাম শহরে বেশ দ্রুততার সাথে স্টার্টআপ সংস্কৃতি গড়ে উঠছে এবং নতুন স্টার্টআপ কোম্পানিগুলো বিভিন্ন সম্ভাবনাময় উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিত্য-নতুন সমাধান প্রদান করছে।
চট্টগ্রামের উন্নয়নের জন্য যুবসমাজ ও তরুণদের অগ্রণী ও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
এছাড়া, তিনি নলেজ বেইজড ইকোনমি এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি তাদের এগিয়ে আসার আহ্বান জানান।
সবশেষে, তিনি ২২ এপ্রিলের মধ্যে উদ্যোক্তাদের “বিগ ২০২৩” এর নির্ধারিত ওয়েবসাইটে (www.big.gov.bd) নিবন্ধণ করার বিশেষ অনুরোধ জানান।
ক্যাম্পেইনে বিগ ২০২৩ এর বিস্তারিত তুলে ধরেন বিগ ২০২৩ এর মূখ্য সমন্বয়ক ও আইডিয়া প্রকল্পের জ্যেষ্ঠ পরামর্শক সিদ্ধার্থ গোস্বামী।
এসময় উপস্থিত ছিলেন আইডিয়া প্রকল্পের পরামর্শক ও বিগ ২০২৩ এর টেকনোলজি বিষয়ক সহযোগী সমন্বয়ক আবুল কালাম এহসানুল আজাদ, স্টার্টআপ চট্টগ্রাম এর ফাউন্ডার আরাফাতুল ইসলাম আকিব সহ আরও অনেকে।
উল্লেখ্য, আইডিয়া প্রকল্প স্টার্টআপদের চমৎকার উদ্ভাবনী মানসিকতাকে উৎসাহ দেওয়ার জন্য চট্টগ্রামের বিভিন্ন স্টার্টআপ কমিউনিটি, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্লাব সদস্য এবং বিভিন্ন শ্রেণীর উদ্যোক্তাদের নিয়ে আয়োজন করে এই অ্যাক্টিভেশন ক্যাম্পেইন। “DARE TO STAND BIG” প্রতিপাদ্য বিষয় নিয়ে আয়োজিত এই ক্যাম্পেইনে প্রায় শতাধিক উদ্যোক্তা অংশ নেন।
বিগ ২০২৩ এর পুরস্কার হিসেবে সেরা একটি স্টার্টআপকে দেওয়া হবে ১ কোটি টাকা অনুদান। বাকি নির্বাচিত তালিকার সেরা ৫০ স্টার্টআপ এর প্রত্যেককে দেওয়া হবে ১০ লক্ষ টাকা করে অনুদান।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি