শ্রমিক কর্মচারী কনভেনশনে ১৮ থেকে ২৫ ডিসেম্বর দেশব্যাপী ‘দাবি সপ্তাহ’ পালনের ঘোষণা

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৬

শ্রমিক কর্মচারী কনভেনশনে ১৮ থেকে ২৫ ডিসেম্বর দেশব্যাপী ‘দাবি সপ্তাহ’ পালনের ঘোষণা

Manual6 Ad Code
  • ৪৪টি রাষ্ট্রায়ত্ত কারখানা বেসরকারিকরণের উদ্যোগ বন্ধসহ শ্রমিকদের ৬ দফা দাবি চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৭ নভেম্বর ২০২৬ : রাষ্ট্রায়ত্ত ৪৪টি কারখানা বেসরকারিকরণের উদ্যোগ বন্ধ, জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, বন্ধ কারখানা চালু এবং সব শ্রমিকের অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করাসহ ছয় দফা দাবি চূড়ান্ত করেছে জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ। এসব দাবি আদায়ে আগামী ১৮ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী ‘দাবি সপ্তাহ’ পালনের ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা।

শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের অষ্টম তলায় অনুষ্ঠিত শ্রমিক কর্মচারী কনভেনশন থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ১০টায় শুরু হওয়া এ কনভেনশনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১১টি শ্রমিক ফেডারেশনের বিভিন্ন খাতের শ্রমিক প্রতিনিধি ও নেতারা অংশ নেন।

Manual3 Ad Code

কনভেনশনের শুরুতে জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সমন্বয়ক মানস নন্দী ছয় দফা খসড়া দাবিনামা উপস্থাপন করেন। পরে বিভিন্ন শিল্প ও শ্রম খাতের মোট ৩৪ জন প্রতিনিধি দাবিগুলোর ওপর বিস্তারিত আলোচনা করেন। তাঁদের মতামত, প্রস্তাব ও সুপারিশের ভিত্তিতে শ্রমিক-কর্মচারীদের জাতীয়ভিত্তিক দাবিনামা চূড়ান্ত করা হয়।

Manual7 Ad Code

আলোচনায় অংশ নেওয়া নেতারা বলেন, দেশের শ্রমজীবী মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বৃদ্ধি পেলেও সেই অনুপাতে মজুরি ও সুযোগ-সুবিধা বাড়ছে না। শ্রমিকদের কর্মসংস্থানের নিরাপত্তা, ন্যায্য মজুরি, সামাজিক সুরক্ষা ও গণতান্ত্রিক শ্রম অধিকার নিশ্চিত করার ক্ষেত্রেও নানা প্রতিবন্ধকতা রয়েছে। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া, রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানা বেসরকারিকরণের উদ্যোগ এবং শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে বাধা শ্রমজীবী মানুষের সংকটকে আরও গভীর করছে। এ পরিস্থিতিতে বিচ্ছিন্নভাবে নয়, বরং জাতীয় ঐক্য ও সম্মিলিত আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

কনভেনশনে প্রবীণ শ্রমিক নেতা মনজুরুল আহসান খান, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফী রতন, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের নেতা টিপু বিশ্বাস, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশারেফা মিশু, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম, জাতীয় শ্রমিক ফেডারেশন-বাংলাদেশের সহসভাপতি ডা. হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক শামীম ইমাম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ. এ. এস. ফয়েজ হোসেন, শ্রমজীবী মঞ্চের সভাপতি আব্দুল আলী, গণতান্ত্রিক শ্রমিক আন্দোলনের সদস্যসচিব সুশান্ত সিনহা, বিপ্লবী শ্রমিক সংহতির আহ্বায়ক মীর মোফাজ্জল হোসেন মোস্তাক এবং গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

এ ছাড়া আলোচনায় অংশ নেন আব্দুল কুদ্দুস, মোহাম্মদ আলী, হযরত আলী, কুলসুম বেগম, শামসুল হুদা, নূর মোহাম্মদ, কাইয়ুম হোসেন, ইকবাল বাবু, আব্দুল কাদের, মালা রানী, নুরুল ইসলাম এবং পাটকল শ্রমিক নেতা কমরেড গোফরানসহ বিভিন্ন শিল্প ও শ্রম খাতের প্রতিনিধিরা।

কনভেনশনে নেতারা বলেন, রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানা দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও জাতীয় উৎপাদনের গুরুত্বপূর্ণ ভিত্তি। এসব প্রতিষ্ঠান বেসরকারিকরণের উদ্যোগ শ্রমিকদের কর্মসংস্থান ও ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলতে পারে। তাই ৪৪টি রাষ্ট্রায়ত্ত কারখানা বেসরকারিকরণের উদ্যোগ বন্ধ করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সব শিল্পকারখানা পুনরায় চালু করে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

Manual3 Ad Code

শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানিয়ে তাঁরা বলেন, দেশের সব খাতের শ্রমিকের জন্য সম্মানজনক ও জীবনধারণের উপযোগী মজুরি নিশ্চিত করা প্রয়োজন। শুধু একটি বা দুটি শিল্প খাত নয়, কৃষি, শিল্প, পরিবহন, নির্মাণ, সেবা ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদেরও মজুরি ও শ্রম অধিকারের আওতায় আনতে হবে।

গার্মেন্ট শ্রমিকদের মজুরি প্রসঙ্গে কনভেনশনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। নেতারা নিম্নতম মজুরি বোর্ড ঘোষিত গার্মেন্ট শ্রমিকদের জন্য ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব বাতিল করে বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি পুনর্নির্ধারণের দাবি জানান। তাঁদের মতে, খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াত ব্যয় মেটানোর মতো মজুরি নিশ্চিত না হলে শ্রমিকদের জীবনমানের উন্নয়ন সম্ভব নয়।

কনভেনশনে গণতান্ত্রিক শ্রম আইন ও বিধিমালা প্রণয়নের দাবিও জোরালোভাবে উত্থাপিত হয়। বক্তারা বলেন, শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার, ট্রেড ইউনিয়ন গঠন ও কার্যক্রম পরিচালনার স্বাধীনতা এবং যৌথ দর-কষাকষির অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিকের অধিকার রক্ষায় বিদ্যমান আইনি ও প্রশাসনিক প্রতিবন্ধকতা দূর করে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন করতে হবে।

এ ছাড়া অটোরিকশা ও হকার উচ্ছেদে রাষ্ট্রীয় কার্যক্রম বন্ধ, চা-শ্রমিকদের ন্যায়সংগত দাবি মেনে নেওয়া এবং সব শ্রেণি-পেশার শ্রমিকের অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবিও উত্থাপন করেন নেতারা। তাঁদের বক্তব্য, অটোরিকশাচালক ও হকাররা শহরের অর্থনীতি ও জনজীবনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলে এসব পেশার সঙ্গে যুক্ত মানুষের জীবিকা বিপন্ন হয়।

কনভেনশনে চূড়ান্ত হওয়া দাবিনামা বাস্তবায়নে দেশব্যাপী সংগঠিত আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে দাবিগুলো প্রচারপত্র আকারে প্রকাশ করে দেশের সব শিল্পাঞ্চলে বিতরণ করা হবে। পাশাপাশি বিভিন্ন জেলায় জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের জেলা ও অঞ্চলভিত্তিক কমিটি গঠন করা হবে। সংগঠনের কেন্দ্রীয় নেতারা পর্যায়ক্রমে বিভিন্ন জেলা সফর করে শ্রমিক সংগঠন, শ্রমিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।

Manual2 Ad Code

নেতারা মনে করেন, শ্রমিকদের বিভিন্ন খাতভিত্তিক সমস্যা ও দাবি থাকলেও মজুরি, কর্মসংস্থান, শ্রমিকের নিরাপত্তা এবং ট্রেড ইউনিয়ন অধিকারের প্রশ্নে তাঁদের স্বার্থ অভিন্ন। সে কারণে জাতীয় পর্যায়ে একটি অভিন্ন দাবিনামার ভিত্তিতে শ্রমিকদের ঐক্যবদ্ধ করা এবং ধারাবাহিক আন্দোলন গড়ে তোলাই হবে সংগ্রাম পরিষদের আগামী দিনের প্রধান কাজ।

কনভেনশন থেকে আগামী ১৮ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী ‘দাবি সপ্তাহ’ পালনের কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় দেশের বিভিন্ন শিল্পাঞ্চল, জেলা ও অঞ্চলে শ্রমিকদের মধ্যে দাবিনামা প্রচার, সভা, সমাবেশ ও মতবিনিময়সহ কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়।

জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের নেতারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থানের নিরাপত্তা, জাতীয় শিল্পের সুরক্ষা এবং গণতান্ত্রিক শ্রম অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সব শ্রমিক সংগঠন ও শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ