সিলেট ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৬
এলিফ শাফাকের সাক্ষাৎকার
পৃথিবীজুড়ে উদ্বেগ, যুদ্ধ, রাজনৈতিক বিভাজন আর প্রযুক্তির দ্রুত পরিবর্তনের মধ্যে সাহিত্যচর্চার প্রয়োজনীয়তা কোথায়? গল্প কি শুধু বাস্তবতা থেকে সাময়িক আশ্রয় দেয়, নাকি অন্য মানুষের জীবন বোঝার মধ্য দিয়ে আমাদের নিজেদের সীমানাও ভাঙতে সাহায্য করে? তুর্কি বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক এলিফ শাফাক মনে করেন, সাহিত্য মানুষকে নিজের পরিচয়ের গণ্ডি পেরিয়ে অন্যের জগতে প্রবেশের সুযোগ দেয়। এমন এক সময়ে এই ক্ষমতা আরও জরুরি, যখন মানুষ ক্রমেই পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে।
লন্ডনে রয়্যাল সোসাইটি অব আর্টসের (আরএসএ) ‘বিটুইন দ্য লাইনস’ আয়োজনে ব্রিটিশ শিল্প ইতিহাসবিদ ও লেখক অধ্যাপক জানিনা রামিরেজের সঙ্গে ‘ইনসাইড এলিফ শাফাকস নিউ নভেল, ইন ওয়ান ব্রিফ মোমেন্ট অল ইটার্নিটি’ শিরোনামের আলাপচারিতায় নিজের নতুন উপন্যাস ইন ওয়ান ব্রিফ মোমেন্ট অল ইটার্নিটি (এক ক্ষণিক মুহূর্তে সমগ্র অনন্তকাল) নিয়ে কথা বলেছেন শাফাক। ফরাসি ঔপন্যাসিক গুস্তাভ ফ্লবেয়ারের জীবনকে ঘিরে লেখা এই উপন্যাসে তিনি ফিরিয়ে এনেছেন ইতিহাসের আড়ালে হারিয়ে যাওয়া নারীদের কণ্ঠ। সেই সূত্রে আলোচনায় এসেছে প্রাচ্য ও পাশ্চাত্যের সাংস্কৃতিক সম্পর্ক, ইতিহাসের নীরবতা, সৃজনশীলতার স্বাধীনতা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সংকটের সময়ে শিল্প ও সাহিত্যের ভূমিকা।
প্রশ্ন: ২০১৭ সালে পলিটিকো আপনাকে এমন ১২ জন মানুষের একজন হিসেবে উল্লেখ করেছিল, যাঁরা মানুষের মনে নতুন আশার সঞ্চার করতে পারেন। আমার মনে হয়, এখন আমাদের সবারই সেই আশাটা খুব প্রয়োজন।
আজ আমরা আপনার নতুন উপন্যাস ইন ওয়ান ব্রিফ মোমেন্ট অল ইটার্নিটি নিয়ে কথা বলব। পাশাপাশি ইতিহাসের মালিক কে, সত্য নির্ধারণের অধিকার কার, প্রচলিত ইতিহাসে কীভাবে নতুন দৃষ্টিভঙ্গি যুক্ত করা যায়, এসব প্রশ্নও আসবে। বেশ হালকা বিষয়, তাই না?
ব্যক্তিগতভাবে আমি দীর্ঘদিন ধরে আপনার লেখার ভক্ত। গত এক দশকে যত বই পড়েছি, তার মধ্যে এই উপন্যাসটি আমার কাছে সেরা। প্রথমেই জানতে চাই, বইটি লেখার ভাবনা কীভাবে এল?
এলিফ শাফাক: প্রথমেই বলি, আপনার সঙ্গে এক মঞ্চে থাকতে পেরে আমি খুব আনন্দিত। আজ সন্ধ্যায় যাঁরা আমাদের সঙ্গে আছেন, তাঁদেরও ধন্যবাদ জানাই।
সত্যি বলতে, বইটির জন্ম খুব ব্যক্তিগত একটি জায়গা থেকে। কয়েক বছর আগে আমি নিজেই বেশ কঠিন সময় পার করছিলাম। চারপাশে যা ঘটছিল, তা আমাকে গভীরভাবে আচ্ছন্ন করে ফেলেছিল। আমার মনে হয়, এখন পৃথিবীর অনেক মানুষই এমন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন। আমি তখন উদ্বেগ আর বিষণ্নতার সঙ্গে লড়ছিলাম।
সেই সময় নিজেকে কিছু প্রশ্ন করতে শুরু করি। এমন একটা ভেঙে পড়া পৃথিবীতে বসে কবিতা লেখার অর্থ কী? দরজার বাইরে যখন এত কিছু ঘটে চলেছে, তখন একটি শব্দের নিখুঁত প্রতিশব্দ খুঁজে বেড়ানোরই বা কী মানে?
মনে হলো, একটু থামা দরকার। সংকটের সময়ে সৃজনশীলতার অর্থ কী, সেটা নতুন করে ভাবতে চাইলাম। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই পৌঁছে গেলাম উনিশ শতকে।
জানি না, আপনি একমত হবেন কি না, কিন্তু আমার প্রায়ই মনে হয়, উনিশ শতক আসলে এখনো শেষ হয়নি। সে সময়ের বড় বড় সমস্যাগুলো নিয়েই তো আমরা আজও বেঁচে আছি। বিপ্লব, প্রতিবিপ্লব, ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু, কৃষিনির্ভর সমাজ থেকে শিল্পনির্ভর সমাজে প্রবেশের বিরাট পরিবর্তন। তখন জাতিরাষ্ট্রের জন্ম হচ্ছে, সাম্রাজ্যগুলো ভেঙে পড়ছে, পরস্পরবিরোধী জাতীয়তাবাদ ও চরমপন্থী রাজনৈতিক মতাদর্শ মুখোমুখি দাঁড়াচ্ছে। অনেক দিক থেকেই সেই সময়ের সঙ্গে আমাদের বর্তমানের গভীর মিল রয়েছে।
এই বিভ্রান্তি, পরিবর্তন আর বিশৃঙ্খলার মধ্যেই বাস করতেন আমার প্রিয় একজন ঔপন্যাসিক, গুস্তাভ ফ্লবেয়ার। গভীর আবেগ নিয়ে তিনি পুরো জীবন সাহিত্যের জন্য উৎসর্গ করেছিলেন। আমি বুঝতে চেয়েছিলাম, এমন একটা সময়ে তিনি কীভাবে তা করতে পেরেছিলেন।
ফ্লবেয়ারকে সাধারণত নারীর মনোজগতের অসাধারণ বিশ্লেষক হিসেবে দেখা হয়। আমি এই পরিচিত দৃষ্টিভঙ্গিটা একটু উল্টে দিতে চেয়েছি। ভাবলাম, এবার নারীরাই ফ্লবেয়ারের গল্প বলুক।
তবে একটা কথা বলি। এই উপন্যাস উপভোগ করতে হলে ফ্লবেয়ার সম্পর্কে খুব বেশি জানতে হবে না। উনিশ শতকের ইতিহাসও ভালোভাবে জানা জরুরি নয়। এমনও হতে পারে, আমার মতো আপনিও মাদাম বোভারি পড়েছেন, কিন্তু বইটি খুব একটা ভালো লাগেনি। তাতেও কোনো সমস্যা নেই।
কারণ আমার কাছে এই বই মূলত একটি নিঃসঙ্গ ছেলের গল্প। এমন এক ছেলের গল্প, যাকে চারপাশের সবাই ব্যর্থ, অপদার্থ আর পরিবারের হতাশার কারণ বলে মনে করত।
ছেলেটির জন্ম হয়েছিল সমাজে অত্যন্ত সম্মানিত এক চিকিৎসক পরিবারে। বাবা ছিলেন বিখ্যাত চিকিৎসক। পরিবার চাইত, ছেলেও বাবার মতো চিকিৎসক হবে। বড় ভাই তো প্রায় বাবারই প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন। তাই ছোট ছেলের কাছেও একই প্রত্যাশা ছিল। কিন্তু চিকিৎসাবিদ্যায় তার কোনো প্রতিভা ছিল না। মা বাবা তখন বললেন, চিকিৎসক হতে না পারলে অন্তত আইনজীবী হও। সে চেষ্টাও করল, কিন্তু সেখানেও ব্যর্থ হলো।
অথচ কী আশ্চর্য, প্রায় দুই শ বছর পর সেই সফল, সম্মানিত, অভিজাত পরিবারের একমাত্র যে মানুষটিকে আমরা মনে রেখেছি, তিনি সেই ব্যর্থ বলে বিবেচিত ছেলেটি!
এই বই তাই তাঁদের জন্য, যাঁরা কখনো নিজেকে অন্যদের চেয়ে আলাদা মনে করেছেন। যাঁদের মনে হয়েছে, কেউ তাঁদের ভালোবাসে না, কেউ বোঝে না, সমাজ তাঁদের একপাশে ঠেলে দিয়েছে।
আমি তাঁদের শুধু বলতে চেয়েছি, তুমি আমার ভাই, তুমি আমার বোন। আমাদের মতো মানুষদের জন্য হয়তো এই বইয়ের মধ্যে একটা অনুপ্রেরণার গল্প আছে।
প্রশ্ন: রয়্যাল সোসাইটি অব আর্টসের মূল দর্শন হলো জনকল্যাণে সৃজনশীলতা। আপনার বই পড়তে গিয়ে এই বিষয়টাই আমাকে খুব নাড়া দিয়েছে। চারপাশে এত বিশৃঙ্খলা, মৃত্যু, বিপ্লব আর যন্ত্রণা। অথচ ফ্লবেয়ারের মনে হচ্ছে, সমাজের জন্য তিনি কিছুই করছেন না। সারা দিন বসে মাত্র দুটি শব্দকে নিখুঁত করার চেষ্টা করছেন। নিজেকে পরিবারের অপদার্থ সদস্য মনে হচ্ছে তাঁর। কিন্তু শেষ পর্যন্ত সেই শব্দের মাধ্যমেই তিনি এমন কিছু অর্জন করেন, যা মানুষের কল্যাণে আসে। আপনি তাঁর এই অবদানকে কীভাবে দেখেন?
এলিফ শাফাক: বিষয়টা তুলেছেন বলে খুব ভালো লাগল। পরিবারের অপদার্থ সদস্য, এই পরিচয়টাই যেন তাঁর গায়ে সেঁটে গিয়েছিল। এমনকি বহু বছর পর ফরাসি দার্শনিক জঁ পল সার্ত্র যখন ফ্লবেয়ারকে নিয়ে তিন খণ্ডের বিশাল একটি বই লিখলেন, সেটির নামও দিলেন দ্য ফ্যামিলি ইডিয়ট (পরিবারের নির্বোধ)।
আমার মনে হয়, গল্প বলার মাধ্যমে ফ্লবেয়ার অসাধারণ একটা কাজ করেছেন। তিনি নিজের থেকে আলাদা মানুষের সঙ্গে সংযোগ তৈরি করেছেন।
উপন্যাস লেখার পদ্ধতিটাই তিনি বদলে দিয়েছিলেন। নিজের তৈরি চরিত্রগুলোর ওপর তিনি ঈশ্বরের মতো কর্তৃত্ব ফলাতে চাননি। এমনকি চরিত্রগুলো পছন্দ করার মতো না হলেও তিনি তাদের বিচার করার জায়গায় দাঁড়াননি।
এমা বোভারির কথাই ধরুন। সে সময় পর্যন্ত সাহিত্যের সবচেয়ে বিতর্কিত নারী চরিত্র সম্ভবত এমা। সে কোনো সাধ্বী নয়, আবার খলচরিত্রও নয়। আমাদের সবার মতো তার মধ্যেও ভালো ও মন্দ দুটোই আছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এমা বাস্তবে যা, আর সে যা হতে চায়, এই দুয়ের মধ্যে বিরাট একটা ফারাক রয়েছে। আমাদের অনেকের মতো সেও নিজের জীবন নিয়ে গোপনে অসন্তুষ্ট। আরও রোমাঞ্চকর, আরও আকর্ষণীয় কোনো জীবনের স্বপ্ন দেখে। কিন্তু ঠিক কী চায়, সেটা নিজেও স্পষ্ট করে বলতে পারে না।
ফ্লবেয়ার এখানে মানুষের অস্তিত্বের খুব গভীরে থাকা একটা অনুভূতিকে ধরতে পেরেছেন। এমন এক অনুভূতি, যা প্রায় সবার মধ্যেই কমবেশি আছে। অথচ তিনি এমাকে বিচার করছেন না।
মজার ব্যাপার হলো, এই ফ্লবেয়ারই আবার তাঁর প্রিয় এমাকে আর্সেনিক খাইয়ে হত্যা করেন। বিষক্রিয়ায় এমাকে ভয়াবহ যন্ত্রণা ভোগ করতে হয়। মাদাম বোভারির কোনো কোনো সংস্করণে শুধু এমার মৃত্যুর বর্ণনাই ১৩ পৃষ্ঠা ধরে চলেছে।
আমি সব সময় ভাবতাম, এমা যদি কথা বলতে পারত, তাহলে নিশ্চয়ই ফ্লবেয়ারকে তার অনেক কিছু বলার থাকত। কিছু প্রশ্নও করার থাকত।
সেখান থেকেই আমার উপন্যাসের শুরু।
প্রশ্ন: বইয়ের শুরুটা সত্যিই চমকে দেওয়ার মতো। ফ্লবেয়ারের বর্ণনায় প্রথমে একটা রহস্য থাকে। তিনি এক নারীর কাঁধের ওপর দিয়ে তাকাচ্ছেন, তার পোশাকের বাঁধন খুলে দিচ্ছেন। পাঠকের মনে হয়, বুঝি কোনো প্রেমিকার কথা বলছেন। পরে বোঝা যায়, তিনি আসলে নিজের সৃষ্টি করা একটি চরিত্রের কথা বলছেন। যে চরিত্রকে জীবন দিয়েছেন, আবার নিজেই হত্যা করেছেন। অর্থাৎ, আপনি তার মৃত্যু দিয়েই উপন্যাস শুরু করেছেন!
আমাদের দুজনের মধ্যে একটা মিল আছে বলে আমার মনে হয়। আমরা দুজনেই অতীতের মানুষের, বিশেষ করে নারীদের জীবনের জটিলতা খুঁজে দেখতে ভালোবাসি।
আপনার বইয়ের শিরোনাম নিয়েও আমি একটু খোঁজখবর নিয়েছি। এটি এসেছে দ্বাদশ শতকের সুফি কবি ফরিদউদ্দিন আত্তারের মহাকাব্য মানতিকুত তায়ের (পাখিদের সম্মেলন) থেকে। সেখানে বলা হয়েছে, ‘প্রেমের জন্য বুদ্ধিকে বিসর্জন দাও, আর একটি ক্ষুদ্র মুহূর্তের মধ্যে সমগ্র অনন্তকালকে দেখো।’
এই উদ্ধৃতিটিই কেন বেছে নিলেন? আত্তারের কাব্যটাই বা কেন? পুরো উপন্যাসজুড়েই তো এর একটা যোগসূত্র রয়েছে।
এলিফ শাফাক: আমরা সাধারণত প্রাচ্য আর পাশ্চাত্য শব্দ দুটি এমনভাবে ব্যবহার করি, যেন এগুলো পরস্পর থেকে পুরোপুরি আলাদা দুটি জগৎ। যেন প্রত্যেকেরই একটি নির্দিষ্ট পরিচয় আছে, যা কখনো বদলায় না।
কিন্তু বাস্তবে কখনোই ব্যাপারটা এমন ছিল না। প্রাচ্য আর পাশ্চাত্যের মধ্যে যদি কোনো সীমানা থেকেও থাকে, সেটি ছিল অনেক বেশি উন্মুক্ত, অনেক বেশি পরিবর্তনশীল। ধারণা এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে, মানুষ ভ্রমণ করেছে, গল্প ছড়িয়ে পড়েছে। এক অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতি অন্য অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতিকে কীভাবে গড়ে তুলেছে, তা আমরা প্রায়ই ভুলে যাই।
জার্মান কবি গ্যেটের কথাই ধরুন। শুধু জার্মান সাহিত্যে নয়, জার্মান জাতিসত্তা গড়ে ওঠার ক্ষেত্রেও তিনি অত্যন্ত প্রভাবশালী। অথচ ফারসি কবি হাফিজ তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছিলেন। সেই প্রভাব থেকেই গ্যেটে লিখেছিলেন ভেস্ট ওস্টলিশার দিভান (পশ্চিম ও পূর্বের দিওয়ান)।
আমার মনে হয়, মধ্যপ্রাচ্য ভ্রমণ ফ্লবেয়ারকেও গভীরভাবে প্রভাবিত করেছিল। তখন অঞ্চলটির বড় অংশ উসমানীয় সাম্রাজ্যের অধীনে ছিল। কায়রো, দামেস্ক, কনস্টান্টিনোপলসহ লেভান্ট অঞ্চলে ভ্রমণের অভিজ্ঞতা তিনি কখনো ভুলতে পারেননি।
আমার নিজের জীবনে দুটি সাহিত্যিক ও সাংস্কৃতিক ধারা খুব গুরুত্বপূর্ণ। এই বইয়ে আমি তাদের একসঙ্গে আনতে চেয়েছি। ইউরোপীয় উপন্যাসের সঙ্গে আমার গভীর সম্পর্ক। পাশ্চাত্যের ধ্রুপদী সাহিত্য আমার খুব কাছের। কিন্তু শুধু সেই ঐতিহ্যের সঙ্গেই তো আমি যুক্ত নই। বলকান, এশিয়া মাইনর, লেভান্ট ও মধ্যপ্রাচ্যের সাংস্কৃতিক ঐতিহ্যকেও সমানভাবে ভালোবাসি ও শ্রদ্ধা করি। এর মধ্যে মৌখিক গল্প বলার ঐতিহ্যও আছে।
আমার ভেতরের একটি অংশ এই দুই ধারাকে একসঙ্গে বুনতে চেয়েছে।
আপনি ঠিকই বলেছেন, আত্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন আধ্যাত্মিক সাধক ও সুফি কবি। তাঁর নামের অর্থ সুগন্ধি প্রস্তুতকারক কিংবা ওষুধ প্রস্তুতকারক।
এখনই বেশি কিছু বলতে চাই না। কারণ উপন্যাসের শেষ দিকে একটি বিশেষ যোগসূত্র প্রকাশ পাবে। তবে আমার কল্পনায় ফ্লবেয়ারের জীবনকে বুঝতে মানতিকুত তায়ের গুরুত্বপূর্ণ একটি অন্তর্নিহিত পাঠ হিসেবে কাজ করেছে।
প্রশ্ন: আমি পুরোপুরি একমত। সাংস্কৃতিক আদানপ্রদানের কথা বলতে গিয়ে আমরা প্রায়ই ভুলে যাই, মানুষের পা আছে, মানুষ চলাফেরা করে। বইও এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। হাতবদল হয়, সংস্কৃতিকে প্রভাবিত করে, পরে কী সৃষ্টি হবে, তাতেও ভূমিকা রাখে।
আত্তারের মানতিকুত তায়ের অসাধারণ একটি কাব্য। শেষ পর্যন্ত যে ৩০টি পাখি তাদের গন্তব্যে পৌঁছায়, সেই ভাবনাটিও আপনি নিয়েছেন। আপনার উপন্যাসে ওই ৩০টি পাখি যেন ৩০ জন নারীতে রূপ নিয়েছে।
এলিফ শাফাক: ঠিক তাই। এই বইয়ে ৩০ জন নারীর আলাদা আলাদা কণ্ঠ রয়েছে। তাঁদের কেউ ইতিহাসের বিখ্যাত নারী, নাম শুনলেই হয়তো চিনবেন। আবার অনেকেই তথাকথিত সাধারণ নারী, যাঁদের গল্প আমরা কখনো শুনতে পাই না। ইতিহাস থেকে যাঁদের মুছে ফেলা হয়েছে।
তাঁদের মধ্যে একজন রুটি তৈরির কারিগর আছেন, মানসিক ভারসাম্যহীন একজন নারী আছেন, পরিচ্ছন্নতাকর্মী আছেন। এমন একজনও আছেন, যাঁকে হত্যার দায়ে অভিযুক্ত করে গিলোটিনে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ফ্লবেয়ারের পরিবারের নারীরাও রয়েছেন তাঁদের মধ্যে।
একজনের কথা বিশেষভাবে বলতে চাই। তাঁর নাম জুলি। ছোটবেলায় ফ্লবেয়ারের দেখাশোনা করতেন তিনি। তবে জুলি তাঁর আসল নাম নয়। তিনি ছিলেন ওই বাড়ির গৃহকর্মী। ঘটনাক্রমে তাঁর আসল নাম আর ফ্লবেয়ারের মায়ের নাম ছিল একই। অভিজাত গৃহকর্ত্রীর কাছে ব্যাপারটা যেন অপমানজনক! তাই নিজেদের ইচ্ছেমতো গৃহকর্মীর নাম বদলে দিলেন তাঁরা। সেই থেকে তাঁর নাম হলো জুলি।
আমার মনে হয়, ফ্লবেয়ারের জীবনে জুলি না থাকলে আমরা আজ যে ফ্লবেয়ারকে চিনি, তাঁরও জন্ম হতো না। জুলিই তাঁকে এত ভালোবাসা, মনোযোগ আর মমতা দিয়েছিলেন। সম্ভবত ওই বাড়িতে তিনিই একমাত্র মানুষ, যিনি ফ্লবেয়ারকে অপদার্থ মনে করতেন না।
জুলির জগৎ ছিল নানা লোকবিশ্বাস আর গল্পে ভরা। সত্যি বলতে, অনেক দিক থেকেই তাঁর মধ্যে আমি আমার নানিকে খুঁজে পেয়েছি।
আমি নানির কাছেই বড় হয়েছি। তিনি খুব বেশি প্রাতিষ্ঠানিক শিক্ষা পাননি। কারণ একটাই, তুরস্কে মেয়ে হওয়ার জন্য তাঁকে স্কুল থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। অথচ তিনি মনেপ্রাণে নারীশিক্ষায় বিশ্বাস করতেন। নিজের মেয়ের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছিলেন। তাঁর সেই সিদ্ধান্ত আমাদের জীবন বদলে দিয়েছে।
নানি আমাকে নিজের জীবন দিয়েই দেখিয়েছেন, দেয়ালে ঝোলানোর মতো নামীদামি শিক্ষাগত সনদ না থাকলেও একজন মানুষ প্রজ্ঞাবান হতে পারেন। আবার উল্টোটাও সত্যি। খুব নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেও কেউ জীবন সম্পর্কে অজ্ঞ থেকে যেতে পারেন। জ্ঞানের কাছে পৌঁছানোর পথ একটাই নয়।
নানি আমাকে নিজের জীবন দিয়েই দেখিয়েছেন, দেয়ালে ঝোলানোর মতো নামীদামি শিক্ষাগত সনদ না থাকলেও একজন মানুষ প্রজ্ঞাবান হতে পারেন। আবার উল্টোটাও সত্যি। খুব নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেও কেউ জীবন সম্পর্কে অজ্ঞ থেকে যেতে পারেন। জ্ঞানের কাছে পৌঁছানোর পথ একটাই নয়।
আনাতোলিয়া এবং তার বাইরের অঞ্চলের মৌখিক সংস্কৃতির সঙ্গে আমার নানির গভীর সম্পর্ক ছিল। সেই সংস্কৃতির ভেতরে যে প্রজ্ঞা জমে আছে, তিনি তার অংশ ছিলেন। ওই জগতের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। তাই জুলির সম্পর্কে পড়তে গিয়ে তাঁকে খুব পরিচিত মনে হয়েছিল।
আরেকটা মজার কথা বলি। এই উপন্যাসে শুধু মানুষের কণ্ঠ নেই। জামিলা নামে একটি উটেরও কণ্ঠ রয়েছে। সে আমার সবচেয়ে প্রিয় চরিত্রগুলোর একটি।
প্রশ্ন: এটা শুনে ভালো লাগল। জীবনের শেষ দিকে ফ্লবেয়ার তাঁর কুকুরটির নামও কি ওই উটের স্মরণে জামিলা রেখেছিলেন না?
এলিফ শাফাক: জামিলা আপনার ভালো লেগেছে জেনে খুব আনন্দিত হলাম। চরিত্রটি আমারও খুব প্রিয়।
আরবি ভাষায় উটের বয়স অনুযায়ী তাকে বর্ণনা করার জন্য ডজনখানেক শব্দ আছে। উটের গুরুত্ব সেখানে এত বেশি যে তাকে নিয়ে প্রচুর প্রবাদও রয়েছে। আসলে দুজন মানুষ যেমন এক রকম নন, দুটি প্রাণীও তেমন এক রকম নয়। আমার উপন্যাসে জামিলার নিজস্ব ব্যক্তিত্ব আছে।
শুধু জামিলা নয়, আফিমেরও কণ্ঠ আছে। সিফিলিস রোগেরও কণ্ঠ আছে। দুর্ভাগ্যজনকভাবে এই রোগটিকে বরাবরই নারী ও যৌনকর্মীদের সঙ্গে জুড়ে দেখা হয়েছে। এমনকি ইস্তাম্বুল শহরেরও একটি কণ্ঠ রয়েছে। আমার কাছে ইস্তাম্বুল বরাবরই নারীসত্তার একটি শহর।
প্রশ্ন: আমার আরেকটি প্রিয় চরিত্র সিমুর্গ। ইরানি পুরাণের সেই মঙ্গলময় পাখি, মৃগীরোগের খিঁচুনির সময় ফ্লবেয়ার যাকে দেখতে পান। প্রকৃতির সঙ্গে তাঁর এই সম্পর্ক আমাকে খুব স্পর্শ করেছে।
আপনার উপন্যাসে চরিত্রের সমাবেশ সত্যিই অসাধারণ। যেমন একজন মৃত যৌনকর্মীর কথা। ওই অংশটি পড়ে আমি খুব বিচলিত হয়েছিলাম। তিনি মৃত অবস্থায় পড়ে আছেন, চারপাশে কী ঘটছে দেখতে পাচ্ছেন আর ভাবছেন, তাঁর জীবনের পরিণতি এমন হলো কীভাবে।
চরিত্রগুলো খুব শক্তিশালী। তবে জুলি বিশেষভাবে মনে দাগ কাটে। ছোটবেলা থেকেই ফ্লবেয়ার লোককাহিনির পাশাপাশি অশুভ, রহস্যময় আর ভয়ংকর সবকিছুর প্রতি আকৃষ্ট ছিলেন। তাঁর বাড়ির পাশেই একটি মর্গ ছিল। সেটিও নিশ্চয়ই এ ক্ষেত্রে ভূমিকা রেখেছে?
এলিফ শাফাক: অবশ্যই। তিনি যে বাড়িতে বড় হয়েছেন, তার সঙ্গে একটি হাসপাতাল যুক্ত ছিল। হাসপাতালের সঙ্গেই ছিল মর্গ। ছোট্ট ফ্লবেয়ার প্রতিদিন জানালা দিয়ে উঠানে অঙ্গ কেটে ফেলা রোগীদের দেখতেন। বিশেষ করে কলেরা মহামারির সময় একের পর এক মৃতদেহ আসতে দেখতেন, আবার সেগুলো নিয়ে যেতেও দেখতেন। তাঁর কল্পনাশক্তি এমনিতেই খুব প্রবল ছিল।
এই বইয়ে রঙেরও একটা বিশেষ গুরুত্ব আছে। ফ্লবেয়ার এমনিতেই নিজেকে ব্যর্থ মনে করতেন। তার ওপর অল্প বয়স থেকেই তাঁর মৃগীরোগের খিঁচুনি হতো। দুর্ভাগ্যজনকভাবে তখন এই রোগ নিয়ে অসংখ্য ভুল ধারণা ও কুসংস্কার প্রচলিত ছিল। এমনকি সে সময়ের বড় বড় বিজ্ঞানী ও পণ্ডিতেরাও এ নিয়ে অযৌক্তিক কথা বলতেন।
কেউ বলতেন, এটি উন্মাদনার লক্ষণ। কেউ মনে করতেন, রোগটি ছোঁয়াচে। আবার কেউ বলতেন, অতিরিক্ত হস্তমৈথুনের কারণে মৃগীরোগ হয়। এসব কথাই ফ্লবেয়ারকে শুনতে হতো। ফলে তিনি আরও নিঃসঙ্গ হয়ে পড়তেন।
নিজের চিঠিতে তিনি খিঁচুনির অভিজ্ঞতা খুব আকর্ষণীয়ভাবে বর্ণনা করেছেন। লিখেছেন, প্রতিবার শুরু হতো উজ্জ্বল সব রং দিয়ে। যেন নানা রঙের আতশবাজি ফুটছে। আর শেষ হতো কালো প্রজাপতি দিয়ে। দৃশ্য হিসেবে এটা খুব শক্তিশালী।
পরবর্তী জীবনে তিনি সিফিলিসে আক্রান্ত হন। তখন পারদের বড়ি দিয়ে এই রোগের চিকিৎসা করা হতো। সেই চিকিৎসায় তাঁর স্বাস্থ্য আরও খারাপ হয়ে যায়। শারীরিক চেহারাও পুরোপুরি বদলে যায়।
আমি আসলে বলতে চাইছি, একদিকে যুদ্ধ, গৃহযুদ্ধ আর ধ্বংসের মধ্যে তিনি বেঁচে আছেন। অন্যদিকে নিজের শরীরের নানা অসুস্থতার সঙ্গে লড়ছেন। অথচ এত কিছুর মধ্যেও লিখে যাচ্ছেন। এই ব্যাপারটাই আমাকে ভীষণ আকৃষ্ট করেছে।
প্রশ্ন: বইয়ের শেষ দিকেও দেখি, ফ্লবেয়ার ভীষণ নিঃসঙ্গ। নিজের মধ্যে গুটিয়ে আছেন, আত্মসংশয়ে ভুগছেন। তবু তাঁর ভেতর থেকে শব্দ বেরিয়ে আসছে। তাঁকে লিখতেই হবে। একজন লেখকের লেখার অভিজ্ঞতা নিয়ে আরেকজন লেখকের এই বর্ণনা আপনার নিজের সৃজনশীলতারও অসাধারণ প্রকাশ।
আপনি রঙের কথা বললেন। পুরো বইজুড়েই রঙের ব্যবহার আমার নজর কেড়েছে। হয়তো আমার ভেতরের শিল্প ইতিহাসবিদের কারণেই। তামাটে সবুজ, কার্নেলিয়ান, সিয়েনা, সিঁদুরলাল, কত রকমের রং!
রঙের পাশাপাশি বিভিন্ন বস্তুরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেমন জুলির ধুলা মোছার কাপড়। খুব সামান্য একটি বস্তুর মধ্য দিয়ে আপনি একজন মানুষের গল্প বলেছেন। নিশ্চয়ই সচেতনভাবেই করেছেন। কেন?
এলিফ শাফাক: একজন গল্পকারের চোখে কোনো কিছুই তুচ্ছ নয়। কোনো কিছুই গুরুত্বহীন নয়। কোনো মানুষই সাধারণ নয়।
আমার কাছে সৃজনশীলতা মানে খুঁটিনাটি বিষয়ের দিকে মনোযোগ দিতে পারা। কোনো কিছুকেই এমনভাবে না দেখা যে, এটা তো খুব স্বাভাবিক, আলাদা করে তাকানোর কী আছে!
একটি অসাধারণ প্রবন্ধে পড়েছিলাম, ঔপন্যাসিকের কাজ নতুন করে যোগসূত্র তৈরি করা নয়। তাঁর কাজ আগে থেকেই থাকা যোগসূত্রগুলো দেখতে পাওয়া। কারণ সবকিছু কোনো না কোনোভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কিত। প্রতিটি মানুষ অন্য মানুষের সঙ্গে যুক্ত। আমাদের গল্প, আমাদের নিয়তি, সবকিছুর মধ্যে কোনো না কোনো সংযোগ আছে।
ফ্লবেয়ারের শৈশব নিয়ে যতটুকু পড়েছি, তাতে আমার মনে হয়েছে, তিনি খুব মনোযোগী একজন পর্যবেক্ষক ছিলেন। মানুষের দিকে গভীরভাবে তাকাতেন। তাঁদের জীবন লক্ষ করতেন।
এখানে বাবা আর ছেলের মধ্যে একটা আশ্চর্য বৈপরীত্য আছে। ফ্লবেয়ারের বাবা মানসিক সমস্যায় ভোগা রোগীদের নিয়ে খুব একটা আগ্রহী ছিলেন না। তাঁর মনে হতো, মানসিক স্বাস্থ্য খুব বিমূর্ত ও অস্পষ্ট বিষয়। অথচ ফ্লবেয়ার ঠিক এই মানুষগুলোর প্রতিই আকৃষ্ট হতেন।
নিজের চিঠিপত্রেও তিনি লিখেছেন, সংখ্যালঘু মানুষ এবং সমাজ যাঁদের ‘অপর’ বলে দেখে, তাঁদের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। তাঁর ব্যক্তিত্বের এই দিকটা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।
প্রশ্ন: বিষয়টি খুব আকর্ষণীয়। আমিও অতীতের মানুষদের নিয়ে লিখি। তাঁদের জীবনের সঙ্গে সম্পর্কিত যতটা সম্ভব তথ্যপ্রমাণ, বস্তু, ভূদৃশ্য, পরিবেশ আর লেখালেখির মধ্যে নিজেকে ডুবিয়ে রাখি। কিন্তু যাঁদের সম্পর্কে শেষ পর্যন্ত অনেক কিছু জানতে পারি, তাঁদের সবাইকে যে আমার ভালো লাগে, তা নয়।
অথচ আপনার বই পড়ে মনে হয়েছে, গুস্তাভ ফ্লবেয়ারের প্রতি আপনার গভীর ভালোবাসা আর মুগ্ধতা রয়েছে। আমার ধারণা কি ঠিক?
এলিফ শাফাক: ঠিকই ধরেছেন। তবে এর অর্থ এই নয় যে, তাঁর কোনো ত্রুটি ছিল না। ফ্লবেয়ার অবশ্যই নানা ত্রুটিতে ভরা একজন মানুষ ছিলেন।
কিন্তু লেখক হিসেবে আমাদের মমতা থাকতে হবে। অন্য একজন মানুষের মনোজগতে প্রবেশ করার চেষ্টা করতে হবে। ইংরেজি ‘এমপ্যাথি’ বা সমানুভূতি শব্দটির মূল অর্থ আমার খুব পছন্দের। আমার কাছে সমানুভূতি আর সহানুভূতি এক জিনিস নয়। করুণা তো নয়ই।
কিন্তু লেখক হিসেবে আমাদের মমতা থাকতে হবে। অন্য একজন মানুষের মনোজগতে প্রবেশ করার চেষ্টা করতে হবে। ইংরেজি ‘এমপ্যাথি’ বা সমানুভূতি শব্দটির মূল অর্থ আমার খুব পছন্দের। আমার কাছে সমানুভূতি আর সহানুভূতি এক জিনিস নয়। করুণা তো নয়ই।
শব্দটির জার্মান উৎসে যে ভাবটা আছে, সেটি আমার ভালো লাগে। যেন অন্য একজন মানুষের মনোজগতে ভ্রমণ করা। দার্শনিক ও ঔপন্যাসিক আইরিস মারডক একে বলেছেন ‘আনসেলফিং’, অর্থাৎ নিজের আমিত্ব থেকে বেরিয়ে আসা।
আপনি নিজের অহংয়ের খোলস পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন, নিজেকে অতিক্রম করছেন, নিজের থেকে আলাদা মানুষের সঙ্গে সংযোগ তৈরি করছেন। এই যাত্রার শুরু হয় নিঃসঙ্গতা থেকে। তারপর আপনি অন্য মানুষের সঙ্গে যুক্ত হন। একসময় আবিষ্কার করেন, যাঁদের এত দিন ‘অপর’ বলে ভেবেছেন, তাঁরা আসলে আপনার চারপাশের মানুষদের থেকে খুব একটা আলাদা নন।
আদতে ‘অপর’ বলে কেউ নেই। নিজেকে আর অন্যকে সম্পূর্ণ আলাদা করে দেখার প্রবণতাও এভাবে কমে আসে।
আমরা এখন এমন এক সময়ে বাস করছি, যখন সাহিত্যের আত্মজৈবনিক দিকটিকে খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাকে ভুল বুঝবেন না। আত্মজৈবনিক কথাসাহিত্যের প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। কারও যদি মনে হয়, তাঁর ভেতরে একটা গল্প আছে, যা তিনি অন্যদের বলতে চান, সেটা খুব গুরুত্বপূর্ণ। আমি সেই চেষ্টাকে সমর্থন করি।
কিন্তু আমার কথা হলো, আত্মজৈবনিক দিকটিকে এত বেশি গুরুত্ব দিতে গিয়ে সাহিত্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক আড়ালে চলে যাচ্ছে। আমি তাকে বলি নিজেকে অতিক্রমের দিক।
এখানে আপনি নিজের পরিচয়ের নির্দিষ্ট খোপ থেকে বেরিয়ে আসতে চান। অন্য জগৎ আবিষ্কার করতে চান, মানুষের অস্তিত্বের ভিন্ন ধরনের অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হতে চান। ছোটবেলা থেকেই সাহিত্যের এই দিকটি আমার কাছে আত্মজৈবনিক দিকের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল।
প্রশ্ন: আধ্যাত্মিক ও মরমি চিন্তার প্রতি আমাদের দুজনেরই আগ্রহ রয়েছে। এই চিন্তাগুলো কোনো একটি জাতি বা রাষ্ট্রের সীমানায় আটকে থাকে না। পৃথিবীর প্রতিটি ধর্মেই একটা মরমি দিক আছে। তার সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিরও সংযোগ ঘটতে পারে। তবে শিল্পের মধ্য দিয়ে বিষয়টি বিশেষভাবে প্রকাশ পায়। অন্য একজন মানুষের জায়গায় নিজেকে বসিয়ে তাঁর জীবন বোঝার চেষ্টার মতো।
বাইরে থেকে ফ্লবেয়ারের জীবনী পড়লে তাঁকে একজন ট্র্যাজিক মানুষ বলে মনে হয়। ত্রুটিপূর্ণ, ভেঙে পড়া একজন মানুষ। জীবনের শেষ দিকে তিনি ভীষণ নিঃসঙ্গ ও বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। অথচ আপনার পুরো উপন্যাসে তাঁর প্রতি গভীর মমতা আছে। ব্যক্তিগতভাবে তাঁর জীবনের কোনো দিকের সঙ্গে কি নিজের মিল খুঁজে পান?
এলিফ শাফাক: খুব ভালো প্রশ্ন। বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে তাঁর সঙ্গে একধরনের সহযাত্রীর সম্পর্ক অনুভব করি। অন্তত আমার নিজের তেমনটাই মনে হয়েছে।
একটু আগেই বলেছি, আমাদের মতো ঔপন্যাসিকদের কাছে ফ্লবেয়ার খুব গুরুত্বপূর্ণ। উপন্যাস নামের সাহিত্যরূপটিকেই তিনি বদলে দিয়েছিলেন। রুশ বংশোদ্ভূত মার্কিন ঔপন্যাসিক ভ্লাদিমির নবোকভ যেমন বলেছেন, ফ্লবেয়ার না থাকলে আয়ারল্যান্ডে জেমস জয়েসকে পাওয়া যেত না, ফ্রান্সে মার্সেল প্রুস্তকে পাওয়া যেত না। এমনকি চেখভও হয়তো আমাদের পরিচিত সেই চেখভ হয়ে উঠতেন না।
ফ্লবেয়ার গল্প বলার একটি নদী সৃষ্টি করেছিলেন। সেই নদী এখনো বয়ে চলেছে। আমাদের কাছে তার গুরুত্ব অপরিসীম।
তবে এটা উত্তরের একটা অংশমাত্র। তাঁর সঙ্গে আমার আবেগের সম্পর্কও আছে। আগে বুঝিনি, কিন্তু তাঁর জীবন নিয়ে কাজ করতে গিয়ে নিজের জীবনের সঙ্গে অনেক মিল, অনেক প্রতিধ্বনি খুঁজে পেয়েছি।
আমিও খুব নিঃসঙ্গ শিশু ছিলাম। আমার কোনো ভাইবোন ছিল না। ছোটবেলা থেকেই বই হয়ে উঠেছিল আমার বন্ধু, আমার সঙ্গী। উপন্যাসের কাল্পনিক চরিত্রগুলোই ছিল আমার বন্ধু। ফ্লবেয়ারের শৈশবের মধ্যে নিজের সেই অভিজ্ঞতার মিল খুঁজে পেয়েছি।
এমনকি পরবর্তী জীবনে তাঁকে যে বিচারের মুখোমুখি হতে হয়েছিল, তার সঙ্গেও আমার জীবনের মিল রয়েছে।
মাদাম বোভারি লেখার পর ফ্লবেয়ারকে আদালতে হাজির হতে হয়েছিল। ঘটনাটি তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছিল। কোনো কোনো চিঠিতে তিনি বিষয়টিকে হালকাভাবে দেখানোর চেষ্টা করেছেন ঠিকই, কিন্তু আমার মনে হয় না, অভিজ্ঞতাটি তাঁর জন্য সহজ ছিল।
আমাকেও দ্য বাস্টার্ড অব ইস্তাম্বুল (ইস্তাম্বুলের জারজ) উপন্যাস লেখার জন্য বিচারের মুখোমুখি হতে হয়েছিল। সেটাও ছিল একেবারে পরাবাস্তব অভিজ্ঞতা।
তুরস্কের আইনে এমন একটি ধারা আছে, যেখানে ‘তুর্কিত্ব’কে অবমাননার হাত থেকে রক্ষা করার কথা বলা হয়েছে। কিন্তু ‘তুর্কিত্বকে অবমাননা’ করার অর্থ ঠিক কী, তা কেউই স্পষ্টভাবে জানে না। ফলে আইনটিকে নানাভাবে ব্যাখ্যা করার সুযোগ রয়েছে।
এর আগে এই ধারা সাংবাদিক ও ইতিহাসবিদদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল, কিন্তু কোনো কথাসাহিত্যিকের বিরুদ্ধে নয়। আমার ক্ষেত্রে যা ঘটেছিল, তা যেন কাফকার কোনো উপন্যাসের ঘটনা।
আমার বইয়ের কাল্পনিক চরিত্রগুলোর মুখের কথা বই থেকে তুলে এনে আদালতে আমার বিরুদ্ধে প্রমাণ হিসেবে হাজির করা হলো। সরকারি কৌঁসুলি আমার তিন বছরের কারাদণ্ড দাবি করলেন। ফলে আমার তুর্কি আইনজীবীকে আদালতে দ্য বাস্টার্ড অব ইস্তাম্বুল উপন্যাসের কাল্পনিক চরিত্রগুলোর পক্ষেও সাফাই গাইতে হয়েছিল!
প্রশ্ন: জীবন যেন শিল্পের অনুকরণ করছে। কারণ আপনার নতুন উপন্যাসেও প্রায় একই ধরনের ঘটনা দেখি। আপনার বেশ কয়েকটি বই পড়েছি। তবে এই উপন্যাসের প্রধান চরিত্রের মধ্যে আপনার নিজের উপস্থিতি অনেক বেশি অনুভব করেছি।
আপনি বললেন, জুলির মধ্যে আপনার নানির ছায়া আছে। ভাবছিলাম, ফ্লবেয়ারের মায়ের মধ্যে আপনার নিজের মায়েরও কোনো ছায়া আছে কি না। তবে আপনাদের দুজনের জীবনে যে বেশ কিছু মিল আছে, তা বুঝতে পারছি।
এলিফ শাফাক: অবশ্যই। আর আমি একটা দাবি করতে চাই। ফরাসি সাহিত্যের বিখ্যাত নারী চরিত্র মাদাম বোভারির অন্তরালে একজন মিসরীয় বেলি ড্যান্সার রয়েছেন।
ইতিহাসে হারিয়ে যাওয়া এসব নারীর গল্প সামনে নিয়ে আসার কাজটা আমার হৃদয়ের খুব কাছের।
প্রশ্ন: তাহলে ইতিহাস থেকে হারিয়ে যাওয়া নারীদের প্রসঙ্গেই আসি। বিষয়টি আমাকেও গভীরভাবে আকৃষ্ট করে।
আপনার বইয়ে ৩০ জন নারীর এত বৈচিত্র্যময় উপস্থিতি আমার খুব ভালো লেগেছে। হত্যার দায়ে অভিযুক্ত একজন নারী, একটি ছোট মেয়ে, একজন রাঁধুনি, রুটি তৈরির কারিগর, একজন নৃত্যশিল্পী, কত ধরনের মানুষ! কোনো কোনো চরিত্র নিজেকেই প্রশ্ন করছে, ‘আমার মধ্যেও কি খানিকটা মাদাম বোভারি আছে?’ সবাই যেন এমার মধ্যে নিজের জীবনের কিছু অংশ দেখতে পাচ্ছে।
ফরাসি কবি লুইজ কোলের মতো নিজের যোগ্যতায় বিখ্যাত নারী আছেন, আছেন জর্জ স্যান্ড, যাঁর প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমার মনে হয়েছে, আপনি তাঁদের কণ্ঠ খুব ভালোভাবে ধরতে পেরেছেন।
তবে একজনের কথা জানতে পেরে বিশেষভাবে অবাক হয়েছি। তিনি এলিনর মার্ক্স। কার্ল মার্ক্সের মেয়ে, তাই না?
এলিফ শাফাক: হ্যাঁ।
প্রশ্ন: অথচ তিনিই পরে মাদাম বোভারি ইংরেজিতে প্রথম অনুবাদ করেন। কী চমৎকার একটা যোগসূত্র! এলিনর মার্ক্সের জীবনের এই দিকটি কীভাবে আবিষ্কার করলেন? মানুষটি আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে।
এলিফ শাফাক: আজ আমরা তাঁকে অনেকটাই ভুলে গেছি। আর যখন মনে করি, তখন মূলত কার্ল মার্ক্সের মেয়ে হিসেবেই মনে করি। কিন্তু এটা তাঁর প্রতি ভীষণ অন্যায়।
এলিনর ছিলেন অসাধারণ বক্তা, জনবুদ্ধিজীবী এবং নিজের যোগ্যতায় একজন লেখক। সামাজিক ন্যায়বিচারের প্রতি তাঁর গভীর দায়বদ্ধতা ছিল। সমাজের সবচেয়ে অসহায় ও পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করতে তিনি নিরন্তর কাজ করেছেন। বহু শ্রমিক ধর্মঘট সংগঠিত করেছেন।
মনে রাখতে হবে, আমরা উনিশ শতকের কথা বলছি। তখন শ্রমিকদের কাজের ঘণ্টার নির্দিষ্ট সীমা ছিল না। কারখানাগুলোর অবস্থা ছিল ভয়াবহ। সেই সময় নারী, শিশু আর দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য এলিনর সব সময় চেষ্টা করেছেন।
তাঁর বন্ধুরা বুঝতে পারতেন না, সমাজতান্ত্রিক ও প্রগতিশীল আদর্শে বিশ্বাসী একজন নারী মাদাম বোভারির মতো বুর্জোয়া উপন্যাস নিয়ে এত আগ্রহী কেন।
আমার উপন্যাসের ওই অধ্যায়ে এই প্রশ্নের উত্তর খুঁজেছি। এলিনরের ব্যক্তিগত জীবন আর মাদাম বোভারির কাহিনির মধ্যে হৃদয়বিদারক একটা মিল আছে। এমনকি তাঁর মৃত্যুর সঙ্গেও এর যোগসূত্র রয়েছে। তবে এখনই সব বলে দিতে চাই না।
আমার মনে হয়, এলিনর মার্ক্স সম্পর্কে আমাদের আরও অনেক কিছু জানা দরকার। একই কথা জর্জ স্যান্ড, লুইজ কোলে এবং অন্য নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য।
প্রশ্ন: এখানেও আপনার জীবনের সঙ্গে একটা মিল খুঁজে পেয়েছি। এলিনরের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড ছিল গভীরভাবে নিঃস্বার্থ। তিনি মানুষের সামষ্টিক কল্যাণের জন্য কাজ করছিলেন। এই দিকটা আমাকে খুব আকৃষ্ট করেছে। তাঁকে নিয়ে লেখা অংশটি কয়েকবার পড়েছি।
অথচ তিনিই এমন একটি উপন্যাস অনুবাদ করলেন, যা নিয়ে তুমুল বিতর্ক হয়েছে, আদালতে মামলা হয়েছে, কেলেঙ্কারির জন্ম দিয়েছে। বিষয়টি পুরো মার্ক্স পরিবারকেই আমার কাছে নতুনভাবে হাজির করেছে।
এলিফ শাফাক: ঠিক তাই। এলিনর আমাদের সামনে তাঁর পরিবারেরও অন্য একটি গল্প তুলে ধরেন।
মাদাম বোভারির তাঁর করা অনুবাদটি খুব গুরুত্বপূর্ণ। কয়েক দশক ধরে ইংরেজিভাষী পাঠকেরা এলিনর মার্ক্সের শব্দের মধ্য দিয়েই এই উপন্যাসের সঙ্গে পরিচিত হয়েছেন।
অনুবাদটি এত ভালো ছিল যে ভ্লাদিমির নবোকভ যখন আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ে মাদাম বোভারি পড়াতেন, শিক্ষার্থীদের বলতেন এলিনর মার্ক্সের অনুবাদটি খুঁজে বের করতে। তাঁর বিবেচনায় সেটিই ছিল সেরা অনুবাদ।
মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রেও এলিনরের ভূমিকা গুরুত্বপূর্ণ। সে সময় ফ্রান্সের আইনকানুন লেখকদের জন্য খুব প্রতিকূল ছিল। লেখক ও কবিদের নিয়মিত বিচারের মুখোমুখি হতে হতো। ফ্লবেয়ারের পর কবি শার্ল বোদলেয়ারকেও আদালতে হাজির করা হয়েছিল। বোদলেয়ার সেই মামলায় হেরে যান।
এ কারণেই আমার উপন্যাসে একজন সরকারি কৌঁসুলি এবং তাঁর স্ত্রীকে চরিত্র হিসেবে এনেছি। প্রচলিত গল্পটাকে একটু উল্টে দেখতে চেয়েছি। যে মানুষটি লেখকদের বিরুদ্ধে মামলা করে বেড়াচ্ছেন, নিজের বাড়িতে তাঁর ব্যক্তিগত জীবনটা কেমন ছিল?
সে সময় ফ্রান্সে লেখকদের জন্য পরিবেশ মোটেও সহজ ছিল না। ব্রিটেনেও আইনকানুন বদলাচ্ছিল। এমন পরিস্থিতিতে এলিনর মার্ক্স যে মাদাম বোভারির পক্ষে দাঁড়িয়েছিলেন, তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
প্রশ্ন: আপনার উপন্যাসের সর্বত্রই ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। আমার সর্বশেষ বইতেও জাতীয়তাবাদ ও জাতীয় পরিচয়ের দৃষ্টিকোণ থেকে দীর্ঘ উনিশ শতককে বোঝার চেষ্টা করেছি। ওই সময়ের ইতিহাস যে কত জটিল!
আপনার বইয়ে একটা চমৎকার অংশ আছে, যেখানে উপন্যাসটি লেখার প্রস্তুতি হিসেবে কত বই পড়েছেন, তার ধারণা পাওয়া যায়। সমকালীন পটভূমিতে লেখা আপনার অন্য উপন্যাসগুলোর তুলনায় এটা নিশ্চয়ই আলাদা অভিজ্ঞতা ছিল। এত গবেষণা আপনার সৃজনশীলতাকে সাহায্য করেছে, নাকি বাধা হয়ে দাঁড়িয়েছে?
এলিফ শাফাক: গবেষণা করতে আমি ভীষণ ভালোবাসি। সত্যি বলতে, এই বই আর আমার আগের উপন্যাস দেয়ার আর রিভার্স ইন দ্য স্কাই (আকাশেও নদী আছে), দুটির জন্যই অনেক গবেষণা করতে হয়েছে। জ্ঞানের নানা শাখায় ঘুরে বেড়াতে হয়েছে। ব্যাপারটা কিছুটা পাগলামির মতোও বটে। কারণ একবার শুরু করলে আর থামতে ইচ্ছা করে না। কৌতূহল আপনাকে টেনে নিয়ে যায়।
আমার মনে হয়, যখন আমরা নিজের পরিচিত আর স্বস্তির গণ্ডি থেকে বেরিয়ে আসার সাহস করি, তখন আমাদের মস্তিষ্ক ও আত্মা আরও সমৃদ্ধ হয়।
নিজেদের ছোট ছোট খোপে বন্দি করে ফেলা, পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আমার ভালো লাগে না। জ্ঞানের বিভিন্ন শাখা আর সংস্কৃতির মধ্যে সংলাপ আমাকে সব সময় আকৃষ্ট করে।
ধরুন, একজন ঔপন্যাসিক পানিবিজ্ঞান কিংবা স্নায়ুবিজ্ঞান নিয়ে আগ্রহী হয়ে উঠলেন। এসব বিষয়ে আমি কিছুই জানি না। ফলে আমাকে আবার শিক্ষার্থী হয়ে যেতে হয়। একইভাবে একজন বিজ্ঞানী যখন কবিতার প্রতি আকৃষ্ট হন, একজন কবি যখন চলচ্চিত্রতত্ত্বের প্রেমে পড়েন কিংবা একজন চলচ্চিত্র পরিচালক যখন রাজনৈতিক দর্শন নিয়ে আগ্রহী হন, ঠিক সেই মুহূর্তগুলোতেই আমরা নিজের পরিচিত গণ্ডি ছাড়িয়ে যাই।
এই উপন্যাসের জন্য ওই সময়ের সাংস্কৃতিক ও রাজনৈতিক ইতিহাস বোঝা আমার কাছে খুব জরুরি ছিল। আমরা এমন এক সময়ের কথা বলছি, যখন প্যারিসে আর পাখির ডাক শোনা যেত না। কারণ মানুষ সব পাখি শিকার করে খেয়ে ফেলেছিল। শহরে অনাহার চলছিল। ইঁদুর পর্যন্ত অবশিষ্ট ছিল না।
এ জন্যই আমার উপন্যাসে চিড়িয়াখানা নিয়ে লেখা অংশগুলো গুরুত্বপূর্ণ। শুধু এটুকু বলব, বইয়ের যেসব ঘটনা আপনার কাছে সবচেয়ে অবাস্তব কিংবা পরাবাস্তব মনে হবে, সম্ভবত সেগুলোই ঐতিহাসিকভাবে সবচেয়ে নির্ভুল।
প্রশ্ন: যেমন সেই খাবারের তালিকাটি। ওটা তো সত্যিকারের একটি খাবারের তালিকার ওপর ভিত্তি করে লেখা।
পাঠকদের জন্য একটু প্রেক্ষাপট বলি। বিপ্লব সম্পর্কে আমাদের সাধারণত ইতিবাচক ধারণা থাকে। বিপ্লব পুরোনো ব্যবস্থাকে নাড়িয়ে দেয়, দুর্নীতিগ্রস্ত অভিজাতদের ক্ষমতা থেকে সরিয়ে দেয়।
কিন্তু বিপ্লবের সঙ্গে জড়িয়ে থাকা যন্ত্রণা, রক্তপাত আর ধ্বংসও আপনি খুব জীবন্ত করে তুলেছেন। যেমন বললেন, কোথাও পাখির ডাক নেই, শহরে খাবার নেই। প্যারিসে টিকে থাকা সেরা রেস্তোরাঁগুলোর একটিতে চিড়িয়াখানার বিভিন্ন প্রাণীর মাংস দিয়ে কোনোভাবে খাবার তৈরি করা হচ্ছে। আবার সেসব খাবারের নাম দেওয়া হচ্ছে বেশ জমকালো।
আর সেই খাবারের তালিকাটি সত্যিই ছিল! ব্যাপারটা রীতিমতো স্তম্ভিত করার মতো, তাই না?
এলিফ শাফাক: অবশ্যই। বাস্তব ঘটনা আর কল্পকাহিনির এই মেলবন্ধন আমার খুব ভালো লাগে।
ইংরেজিতে আমরা ‘ফিকশন’ বা কল্পকাহিনি শব্দটি এমনভাবে ব্যবহার করি, যেন তা বাস্তব সত্যের বিপরীত। আমার কাছে এটা দুর্ভাগ্যজনক মনে হয়।
মানুষ প্রায়ই বলেন, পৃথিবীটা এত ভারী হয়ে উঠেছে, আমি সাহিত্যের মধ্যে পালিয়ে যেতে চাই। যেন কল্পকাহিনি মানেই বাস্তবতা থেকে পালানোর জায়গা। আমি এই ধারণার সঙ্গে একমত নই।
আমার মনে হয়, কথাসাহিত্য সত্যের প্রতি গভীরভাবে আগ্রহী। সাহিত্য আমাদের সত্যের কাছেই নিয়ে যায়, তবে নিজের মতো করে। খুব কোমল অথচ গভীরভাবে।
আমার মনে হয়, কথাসাহিত্য সত্যের প্রতি গভীরভাবে আগ্রহী। সাহিত্য আমাদের সত্যের কাছেই নিয়ে যায়, তবে নিজের মতো করে। খুব কোমল অথচ গভীরভাবে।
আমরা সত্যের বাড়িতে ঠিকই ঢুকি। হয়তো সামনের দরজা দিয়ে নয়, চিমনি দিয়ে কিংবা পেছনের দরজা দিয়ে। কিন্তু শেষ পর্যন্ত সেখানে পৌঁছাই। সাহিত্য আমাদের মানবতার আরও কাছাকাছি নিয়ে যায়।
এখানে আরেকটা কথা যোগ করি। আমরা জর্জ স্যান্ড আর সেই বিশৃঙ্খল সময় নিয়ে একটু কথা বলেছি। একটা বিষয় আমার খুব আকর্ষণীয় লেগেছে।
রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে ফ্লবেয়ার কিছুটা রক্ষণশীল ছিলেন। সাধারণ মানুষের ওপর তাঁর খুব একটা আস্থা ছিল না। ভাবতেন, সবাইকে ভোট দেওয়ার অধিকার দিলে মানুষ হয়তো ভুল নেতাকে নির্বাচিত করবে। তখন কী হবে? গণতন্ত্র নিয়ে তাঁর মনে সংশয় ছিল।
অন্যদিকে জর্জ স্যান্ড ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখক, বামপন্থী, সমাজতন্ত্রী ও নারীবাদী। তিনি চাইতেন, সবার সমান ভোটাধিকার থাকুক।
এখন মজার বিষয় হলো, রাজনৈতিকভাবে এত মতভেদ থাকার পরও ফ্রান্স যখন গৃহযুদ্ধ, বিভাজন আর চরমপন্থার দিকে এগোচ্ছিল, যখন ভাই ভাইকে হত্যা করতে শুরু করেছিল, তখন এই দুই লেখক সান্ত্বনা আর আশ্রয়ের জন্য পরস্পরের কাছে ফিরে গিয়েছিলেন। তাঁরা একে অপরকে শত শত চিঠি লিখেছেন, পরামর্শ চেয়েছেন।
আজকের দিনে কি এমন কিছু সম্ভব? আমাদের কি এমন বন্ধু আছে, যাঁরা আমাদের মতো ভোট দেন না, আমাদের মতো চিন্তা করেন না, পৃথিবীকে আমাদের চোখে দেখেন না?
নাকি আমরা এতটাই বিভক্ত হয়ে গেছি যে সবাই নিজের মতের প্রতিধ্বনি শোনার একেকটি বদ্ধ ঘরে বাস করছি? এই ব্যাপারটা আমাকে থামিয়ে দিয়েছে, গভীরভাবে ভাবিয়েছে।
প্রশ্ন: আপনার কথাগুলো উপন্যাসের ওই অংশটাকে আমার কাছে আরও অর্থবহ করে তুলল।
ওই জায়গায় ফ্লবেয়ারের ওপর আমি বেশ বিরক্ত হয়েছিলাম। নারীদের ভোটাধিকার দেওয়ার দাবি উঠেছে, আর আপনি বলছেন, নারীদের ভোট দিতে দেওয়া উচিত নয়, কারণ তারা হয়তো ভুল দিকে ভোট দেবে!
অনেকটা এমন, আপনি নৈশভোজে বসে কারও কথা শুনে হঠাৎ ভাবলেন, এই মানুষটাকে আর আমার ভালো লাগছে না।
কিন্তু আপনি ঠিকই বলেছেন। এর মধ্যেও কিছু শেখার আছে। ফ্লবেয়ারের আরও কিছু আদর্শ আর গুণ ছিল, যা জর্জ স্যান্ড দেখতে পেয়েছিলেন। আসলে দুজনেই তো সমাজের প্রচলিত গণ্ডির বাইরের মানুষ ছিলেন, তাই না? জর্জ স্যান্ড পুরুষের পোশাক পরতেন।
এখানে আরেকটা প্রশ্ন করি। লেখালেখিতে আপনি বিভিন্ন শতাব্দীর মধ্যে যাতায়াত করেন। আজ থেকে দেড় শ বছর আগের মানুষদের নিয়ে লিখতে গিয়ে তাঁদের জীবনের খুব ব্যক্তিগত বিষয়, যেমন যৌনতা, মাদক গ্রহণ কিংবা ফ্লবেয়ারের জীবনের এসব দিক তুলে আনা কি বেশি কঠিন হয়? চরিত্রগুলোর এত ব্যক্তিগত মুহূর্তে আপনি কীভাবে পৌঁছান?
এলিফ শাফাক: প্রথমেই বলি, ইতিহাসকে আমি খুব গুরুত্ব দিয়ে দেখি। অতীতের সৌন্দর্য যেমন, তেমনি অতীতের নৃশংসতাগুলোকেও গুরুত্ব দিই। আমার মনে হয়, এসব বিষয় শান্তভাবে অধ্যয়ন করা দরকার।
আমি এমন একটি দেশের লেখক হিসেবে বলছি, যে দেশের ইতিহাস খুব দীর্ঘ ও সমৃদ্ধ। কিন্তু দীর্ঘ ইতিহাস থাকলেই যে মানুষের ঐতিহাসিক স্মৃতি শক্তিশালী হবে, তা নয়।
আমার বিশ্বাস, তুরস্কে আমরা একধরনের সামষ্টিক স্মৃতিভ্রংশে ভোগা সমাজ। অতীতের সঙ্গে আমাদের সম্পর্ক বারবার ছিন্ন হয়েছে, ভেঙে গেছে। আর সেই শূন্যতা তৈরি হলে অতিজাতীয়তাবাদী কিংবা কখনো উগ্র ধর্মীয় ব্যাখ্যা দিয়ে তা পূরণ করা খুব সহজ হয়ে যায়। তখন অতীতের কোনো স্বর্ণালি সাম্রাজ্যের গল্প বলা হয়।
কিন্তু আপনি যখন আপাতদৃষ্টিতে ছোট কিছু প্রশ্ন করতে শুরু করেন, তখন কী হয়?
নারীরা কোথায়? সাম্রাজ্যের এই ইতিহাসে নারীদের গল্প কোথায়?
উত্তরে নেমে আসে গভীর নীরবতা।
সংখ্যালঘুরা কোথায়? তাঁদের কী হয়েছিল?
আবারও নীরবতা।
তাই আমার কাছে ইতিহাসে যা বলা হয়েছে, তার দিকে মনোযোগ দেওয়া যতটা গুরুত্বপূর্ণ, যা বলা হয়নি, সেই নীরবতাগুলোর দিকে তাকানোও ততটাই জরুরি।
ব্রিটিশ ঔপন্যাসিক হিলারি ম্যান্টেলের মতো লেখক এবং তাঁর সাহিত্যিক উত্তরাধিকারের প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। ঐতিহাসিক তথ্যের নির্ভুলতা আর আর্কাইভভিত্তিক গবেষণাকে তিনি খুব গুরুত্ব দিতেন।
কিন্তু আমি এমন একটি দেশ থেকে এসেছি, যেখানে সব জ্ঞান নথিপত্র কিংবা আর্কাইভে পাওয়া যায় না। অনেক কিছু মুছে ফেলা হয়েছে, ভুলে যাওয়া হয়েছে। অনেক কণ্ঠকে স্তব্ধ করা হয়েছে, অনেক মানুষকে ইতিহাসের প্রান্তে ঠেলে দেওয়া হয়েছে।
ফলে আর্কাইভে কী আছে, শুধু সেটুকু খুঁজলে চলবে না। কী বাদ পড়েছে, সেটিও দেখতে হবে। ইতিহাসচর্চার এই দিকটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।
সঞ্চালক: এবার আমরা দর্শকদের প্রশ্নে যাব। অপ্রত্যাশিতভাবে অনেক প্রশ্ন এসেছে।
তবে তার আগে কয়েকটা কথা বলতে চাই। আপনার পাশে বসে আপনার কথা শোনা আমার জন্য ব্যক্তিগতভাবে খুব সম্মানের। আগে থেকেই আপনার প্রতি গভীর মুগ্ধতা ছিল। আজ আপনার কথা শুনে আরও অনুপ্রাণিত হলাম। আমার বিশ্বাস, এখানে উপস্থিত সবাই একমত হবেন।
অন্য মানুষের অনুভূতি বোঝার জন্য সময় নেওয়া, সমানুভূতি যে নিছক সহানুভূতি নয়, বরং আলাদা একটি চর্চা, এসব খুব গুরুত্বপূর্ণ। একইভাবে জ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে সংযোগ তৈরি করাও জরুরি। নিজেদের শুধু একেকটি বিষয়ের বিশেষজ্ঞ হিসেবে বন্দি না রেখে জ্ঞানের নানা ক্ষেত্রের মধ্যে সম্পর্ক খুঁজতে হবে।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, লেখালেখি কিংবা শব্দের ব্যবহার কোনো নিষ্ক্রিয় কাজ নয়। এটি সক্রিয় ও প্রাণবন্ত একটি কাজ, যা সমাজ ও সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়। শিল্পের গুরুত্ব নিয়ে রয়্যাল সোসাইটি অব আর্টসের যে দৃষ্টিভঙ্গি, তার সঙ্গেও এই চিন্তার গভীর মিল রয়েছে।
দর্শকদের প্রশ্নে যাওয়ার আগে আসুন, তাঁকে করতালি দিয়ে অভিনন্দন জানাই।
এলিফ শাফাক: আপনাদের অসংখ্য ধন্যবাদ।
প্রশ্ন: দর্শকদের কাছ থেকে চমৎকার একটা প্রশ্ন এসেছে। সৃজনশীলতা কি শুধু সাংস্কৃতিক বিলাসিতা নয়, বরং সামাজিক প্রয়োজন?
এলিফ শাফাক: কী সুন্দর প্রশ্ন!
আমার বিশ্বাস, মানুষ হিসেবে আমরা গল্প বলা একটি প্রজাতি। তাই না? সেই আদিকাল থেকে আমরা গল্প বলে আসছি। মানুষ আগুনের চারপাশে বসে পরস্পরকে গল্প শোনাত। অজানা আর অনিশ্চয়তায় ভরা পৃথিবী এবং জীবনকে বোঝার চেষ্টা করত। এভাবেই আমরা পরস্পরের সঙ্গে যুক্ত হই। এভাবেই মনে রাখি। আমরা এমন এক প্রজাতি, যারা গল্পের মধ্য দিয়ে অনুভব করে।
এ নিয়ে কিছু আকর্ষণীয় গবেষণা আছে। ধরুন, আমরা একটি বক্তৃতা শুনতে গেলাম। সেখানে পাওয়ারপয়েন্ট, নানা তথ্য, সংখ্যা আর পরিসংখ্যান দিয়ে বক্তব্য তুলে ধরা হলো। আমরা শুনে মুগ্ধ হলাম। ভাবলাম, কী অসাধারণ সব তথ্য!
কিন্তু ২৪ ঘণ্টা পর দেখা যাবে, ৫৬ শতাংশের বেশি তথ্য ভুলে গেছি। তিন দিন পর ভুলে যাব ৭২ শতাংশেরও বেশি। তথ্যগুলো আমাদের সঙ্গে থাকবে না, ধীরে ধীরে মিলিয়ে যাবে।
কিন্তু একই বক্তব্য যদি গল্পের মাধ্যমে, আবেগ আর অনুভূতির মধ্য দিয়ে বলা হয়, তাহলে আমরা তা মনে রাখি। তথ্যটা শোনার সময় কেমন অনুভব করেছিলাম, সেটাও মনে থাকে। সেই অভিজ্ঞতা আমাদের ভেতরে থেকে যায়।
এ কারণেই আমার কষ্ট হয়, যখন দেখি আবেগীয় বুদ্ধিমত্তা নিয়ে আমরা যথেষ্ট কথা বলি না। সৃজনশীলতা নিয়েও যথেষ্ট আলোচনা করি না।
আরেকটি বিষয় আমাকে খুব ব্যথিত করে। মানববিদ্যার বিভিন্ন বিষয়ে যেভাবে বরাদ্দ কমানো হচ্ছে, তা উদ্বেগজনক। আটলান্টিকের দুই পাশেই গ্রন্থাগার ও শিল্পকলার জন্য যথেষ্ট সহায়তা নেই। এক্সেটার বিশ্ববিদ্যালয় থেকে এডিনবরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই সংকট দেখা যাচ্ছে। মানববিদ্যার বহু গবেষক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। আগামী মাসে চাকরি থাকবে কি না, সেটিও জানেন না।
আমার কথা হলো, সংকট আর বিভাজনের সময়ে শিল্পকলা ও মানববিদ্যা কোনো বিলাসিতা নয়। বরং এমন সময়েই এগুলো আরও বেশি জরুরি, আমাদের অস্তিত্বের জন্য অপরিহার্য হয়ে ওঠে। পানি আর রুটি আমাদের যেমন প্রয়োজন, শিল্প ও মানববিদ্যাও তেমনই প্রয়োজন। তাই এগুলোর পাশে দাঁড়াতে হবে।
আমার কথা হলো, সংকট আর বিভাজনের সময়ে শিল্পকলা ও মানববিদ্যা কোনো বিলাসিতা নয়। বরং এমন সময়েই এগুলো আরও বেশি জরুরি, আমাদের অস্তিত্বের জন্য অপরিহার্য হয়ে ওঠে। পানি আর রুটি আমাদের যেমন প্রয়োজন, শিল্প ও মানববিদ্যাও তেমনই প্রয়োজন। তাই এগুলোর পাশে দাঁড়াতে হবে।
প্রশ্ন: এর সঙ্গে সম্পর্কিত আরেকটি প্রশ্ন এসেছে। একজন লিখেছেন, ‘আমি শিক্ষার্থীদের সাহিত্যের চিত্রকল্প শেখানোর জন্য আপনার বইয়ের বিভিন্ন অংশ ব্যবহার করি। প্রযুক্তির প্রতি কিশোরদের যে আসক্তি তৈরি হয়েছে, তার সঙ্গে পাল্লা দিয়ে কীভাবে তাদের আবার গল্পের জগতে ফিরিয়ে আনা যায়?’
এলিফ শাফাক: দারুণ প্রশ্ন।
আমার বয়স এতটাই হয়েছে যে আশি আর নব্বইয়ের দশকের কথা মনে আছে। বিশেষ করে নব্বইয়ের দশকের শুরুর দিকে একাডেমিক জগৎ আর সংবাদমাধ্যমে ‘উপন্যাসের মৃত্যু’ নিয়ে অসংখ্য প্রবন্ধ পড়েছিলাম।
তখন বলা হতো, আমরা এমন এক যুগে ঢুকে পড়েছি, যেখানে তথ্যের প্রাচুর্য, সবকিছু দ্রুত ভোগ করার প্রবণতা। প্রযুক্তির যুগ এসে গেছে। এখন আর কেউ উপন্যাস পড়বে না। সাহিত্যের একটি ধরন হিসেবে উপন্যাসের মৃত্যু ঘটেছে।
আমাকে ভুল বুঝবেন না। আমাদের সামনে যে বড় চ্যালেঞ্জগুলো আছে, সেগুলোকে আমি ছোট করে দেখছি না। কৃত্রিম বুদ্ধিমত্তা, বই নিষিদ্ধ করা, বই সরিয়ে ফেলা, কর্তৃত্ববাদের উত্থান, মতপ্রকাশের স্বাধীনতার ওপর হুমকি, সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে মানুষের মনোযোগ ধরে রাখার ক্ষমতা কমে যাওয়া, সবই বাস্তব সমস্যা।
কিন্তু এর পাশাপাশি আরেকটি ঘটনাও ঘটছে, যা নিয়ে আমরা যথেষ্ট কথা বলি না। মানুষ এখনো বই পড়ছে।
এমন এক যুগে, যেখানে আমরা সবকিছু মুহূর্তের মধ্যে পেতে চাই, সেখানে মানুষ এখনো বই পড়ছে। এটা তো ছোটখাটো বিস্ময় নয়!
আমি দেশের বিভিন্ন প্রান্তে অনেক সাহিত্য অনুষ্ঠানে যাই। সেখানে প্রচুর তরুণকে দেখি। কখনো একই পরিবারের তিন প্রজন্মকে একসঙ্গে দেখি। তরুণ ছেলেদেরও উপন্যাস পড়তে দেখি। বিষয়টা কীভাবে ব্যাখ্যা করব?
আমার মনে হয়, পৃথিবী যত দ্রুত চলছে, চারপাশ তত বেশি বিভ্রান্তিকর হয়ে উঠছে। ভেতরে ভেতরে আমরা তত বেশি নিঃসঙ্গ আর উদ্বিগ্ন বোধ করছি। কারণ এটি উদ্বেগের যুগ।
এখন সবাই কোনো না কোনোভাবে উদ্বিগ্ন। পার্থক্য শুধু এটুকু যে, কেউ কেউ নিজের অনুভূতি অন্যদের চেয়ে ভালোভাবে আড়াল করতে পারেন। হয়তো বাইরে থেকে বোঝা যায় না। কিন্তু শক্তি আর নিখুঁততার যে আবরণ আমরা তৈরি করি, তার নিচে প্রচণ্ড উদ্বেগ লুকিয়ে থাকে।
এই উদ্বেগ আর ক্ষোভের যুগে আমাদের ধীর হওয়ার প্রয়োজন আরও বেড়েছে। পরস্পরের সঙ্গে সংযোগ তৈরি করার প্রয়োজনও আরও জরুরি হয়ে উঠেছে। আমাদের সত্যিই জীবনের গতি একটু কমাতে হবে।
আমাদের কাছে প্রয়োজনের চেয়ে অনেক বেশি তথ্য আছে, কিন্তু জ্ঞান যথেষ্ট নেই। আর প্রজ্ঞা রয়েছে তারও চেয়ে কম। এই অবস্থাটা বদলাতে হবে। এ জন্যই গল্প বলার শিল্প আবার প্রয়োজন।
লেখকেরা খুব প্রজ্ঞাবান বলে নয়, সাহিত্যের ভেতরেই প্রজ্ঞা রয়েছে বলে। শত শত, হাজার হাজার বছরের আবেগীয় বুদ্ধিমত্তা আর মানবিক অভিজ্ঞতা জমে আছে সাহিত্যে।
কিন্তু কিশোরদের কাছে এটা পৌঁছে দেব কীভাবে?
প্রথমত, তারা যা পড়তে চায়, সেটাই পড়তে উৎসাহ দিতে হবে। গ্রাফিক নভেল বা চিত্রভিত্তিক উপন্যাস পড়তে চাইলে সেটাও সমর্থন করতে হবে। তাদের পছন্দকে বিচার করা উচিত নয়।
শিল্পের মধ্যে কোনো উঁচুনিচু শ্রেণিবিন্যাস আছে, আমি তা মনে করি না। উচ্চাঙ্গ শিল্প আর নিম্নাঙ্গ শিল্পের এই বিভাজন আমার কখনো ভালো লাগেনি। আসল কথা হলো, মনের কৌতূহল বাঁচিয়ে রাখা।
বাড়িতে বই থাকলে, বড়রা বই পড়লে তরুণদের মধ্যেও পড়ার অভ্যাস গড়ে ওঠার ভালো পরিবেশ তৈরি হয়। তাই হয়তো নিজেদের দিয়েই শুরু করা উচিত। আমাদের আরও বেশি বই পড়তে হবে, এই শিল্পকে সমর্থন করতে হবে।
প্রশ্ন: নিজের উদাহরণের মাধ্যমে অন্যকে উৎসাহিত করার কথাটা খুব গুরুত্বপূর্ণ।
ইতিহাসের দিক থেকে দেখলেও বোঝা যায়, মানুষের চিন্তা আর জ্ঞানের জগতে আমরা বিরাট এক বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছি। মানবজাতি এই পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করছে। স্বাভাবিকভাবেই এতে অনেক উদ্বেগ তৈরি হচ্ছে। কিন্তু পরিস্থিতি আবার বদলাবে। আর গল্প বলা সব সময়ই মানুষ হয়ে ওঠার কেন্দ্রে থাকবে।
এবার আরেকটি প্রশ্ন। শুধু ভিন্ন ভিন্ন মানুষের গল্প শোনার মধ্যে আটকে না থেকে আমরা কীভাবে বাস্তবে পরিবর্তন আনার দিকে এগোতে পারি?
এলিফ শাফাক: চমৎকার প্রশ্ন।
আগেই বলেছি, আমার মনে হয়, আমরা এখন তিনটি ‘এ’-এর যুগে বাস করছি। অ্যাংজাইটি বা উদ্বেগ, অ্যাঙ্গার বা ক্ষোভ এবং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। তিনটিই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।
কিন্তু এর সঙ্গে যদি চতুর্থ একটি ‘এ’ যুক্ত হয়, অর্থাৎ অ্যাপ্যাথি বা উদাসীনতা, তাহলে পৃথিবী আরও ভয়ংকর জায়গা হয়ে উঠবে।
যে মুহূর্তে আমরা ভেতর থেকে অনুভূতিহীন হয়ে পড়ি, অন্য মানুষের গল্প, দুঃখ, আনন্দ আর স্বপ্ন আমাদের আর স্পর্শ করে না, যখন উদাসীন হয়ে যাই এবং অনুভব করার ক্ষমতা হারিয়ে ফেলি, সেটিই সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত। কারণ তখন আমরা পরস্পর থেকে এতটাই বিচ্ছিন্ন হয়ে পড়ি যে কোনো সম্পর্কই আর অনুভব করি না।
আমরা প্রশ্ন করাও বন্ধ করে দিই। এই মুহূর্তে পৃথিবীর অন্য প্রান্তে কী ঘটছে? কিংবা আমার নিজের রাস্তায়, পাশের বাড়িতে কী ঘটছে? হয়তো আমার প্রতিবেশীর সাহায্য প্রয়োজন। কিন্তু আমরা তা জানার চেষ্টাও করছি না।
অথচ স্থানীয় আর বৈশ্বিক বাস্তবতা পরস্পরের সঙ্গে যুক্ত।
শিল্প আর সাহিত্য আমাদের হাত আলতো করে ধরে। আবার অন্য মানুষের কথা ভাবতে শেখায়, পরস্পরের সঙ্গে যুক্ত হতে সাহায্য করে। আমার মনে হয়, এমন সময়ে নিজেদের সবচেয়ে বেশি ক্ষতি করি তখনই, যখন নিজেদের গুটিয়ে একেকটি খোলসের মধ্যে ঢুকে পড়ি।
তাই প্রথম যে বিষয়ে গুরুত্ব দিতে চাই, তা হলো সহমানুষদের সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ে তোলা।
দ্বিতীয় বিষয় হলো প্রকৃতির সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করা। আমরা নিজেদের প্রকৃতির ভোক্তা বানিয়ে ফেলেছি। অথচ বাস্তবে আমরা অত্যন্ত সংবেদনশীল একটি বাস্তুতন্ত্রের খুব সামান্য অংশমাত্র।
তৃতীয় যে সম্পর্কটি নতুন করে তৈরি করতে হবে, তা হলো নিজের অন্তর্জগতের সঙ্গে সম্পর্ক। কেউ একে আধ্যাত্মিকতা বলেন, কেউ ধ্যান বলেন। নির্দিষ্ট কোনো নাম আমার কাছে জরুরি নয়।
ফরাসি দার্শনিক ভলতেয়ার একে বলতেন ‘অন্তরের বাগান’। কথাটা আমার খুব ভালো লাগে। আমার বিশ্বাস, আমাদের প্রত্যেকের ভেতরেই একটা বাগান আছে, যার যত্ন নেওয়ার দায়িত্ব আমাদের নিজেদের।
এই তিনটি সম্পর্ক, মানুষের সঙ্গে, প্রকৃতির সঙ্গে এবং নিজের অন্তর্জগতের সঙ্গে, আমাদের জরুরিভাবে নতুন করে গড়ে তুলতে হবে।
প্রশ্ন: কী সুন্দর একটা ধারণা! আমাদের চারপাশের সমাজ, প্রকৃতির বাগান আর অন্তরের বাগান। আজকের আলোচনা থেকে অন্তত এই ভাবনাটা আমরা নিয়ে যেতে পারি।
পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার বিপদ নিয়ে আপনার কথার সূত্র ধরে আরেকটি প্রশ্ন এসেছে।
ভ্যালেরি লিখেছেন, ‘আপনার চিন্তা ও লেখালেখি আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। আপনার কি মনে হয়, পরিচয়ের রাজনীতি এমন কিছু স্বস্তির গণ্ডি তৈরি করে, যা সৃজনশীলতা আর কল্পনাশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে?’
এলিফ শাফাক: খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
দেখুন, আমরা ফ্লবেয়ারকে নিয়ে কথা বলছি। একজন পুরুষ লেখক এমন এক নারী চরিত্র সৃষ্টি করেছেন, যাকে আজও আমরা ভুলতে পারিনি। রুশ ঔপন্যাসিক তলস্তয়ের সৃষ্টি আন্না কারেনিনার কথাও ভাবুন।
প্রকাশনা আর সৃজনশীলতার জগতে এখন যে অদৃশ্য কাচের দেয়ালগুলো তৈরি হচ্ছে, তা নিয়ে আমি উদ্বিগ্ন। আমাদের বলা হচ্ছে, কোনো গল্প যদি আপনার নিজের পরিচয়ের সঙ্গে সম্পর্কিত না হয়, তাহলে সেই গল্প বলার অধিকার আপনার নেই।
কিন্তু শিল্প তো এসব সীমার ঊর্ধ্বে। শিল্প সীমানা অতিক্রম করে।
অবশ্যই প্রকাশনাজগতের বিদ্যমান ভারসাম্যহীনতা সম্পর্কে সচেতন থাকা জরুরি। যাঁদের গল্প আমরা শুনতে পাই না, তাঁদের আরও বেশি সহায়তা করতে হবে। তাঁদের কণ্ঠ আরও জোরালো করতে হবে। কিন্তু সেই কাজ করতে গিয়ে একজন লেখককে বলতে পারি না, আপনাকে শুধু নিজের পরিচয়ের খোপের মধ্যেই থাকতে হবে।
বিষয়টা একটু ব্যাখ্যা করি। আজকাল সৃজনশীল লেখালেখির অনেক কোর্সে শিক্ষার্থীদের প্রথমেই শেখানো হয়, ‘যা জানো, তা-ই লেখো।’
আমার কাছে পরামর্শটা বেশ বিভ্রান্তিকর মনে হয়। এর বদলে যদি বলি, ‘যা অনুভব করো, তা লেখো’, তাহলে সম্ভাবনার জগৎ অনেক বড় হয়ে যায়।
কারণ ‘যা জানো, তা-ই লেখো’ শুনে শিক্ষার্থীরা ধরে নিতে পারেন, নিজের জীবনে যা ঘটেনি, তা নিয়ে আমি লিখতে পারব না।
এই প্রবণতা বিশেষ করে সংখ্যালঘু কিংবা পাশ্চাত্যের বাইরের পটভূমি থেকে আসা লেখকদের ওপর বড় প্রভাব ফেলে।
ধরুন, আপনি একজন আফগান নারী লেখক। প্রায় কেউই আপনার কাছ থেকে আভাঁ গার্দ বা নিরীক্ষাধর্মী সাহিত্য, পরীক্ষামূলক কথাসাহিত্য কিংবা কল্পবিজ্ঞানধর্মী উপন্যাস আশা করবেন না। প্রায় সবাই চাইবেন, আপনি আফগানিস্তানের নারীদের সমস্যা নিয়ে লিখুন।
আমাকে ভুল বুঝবেন না। আফগানিস্তানের নারীদের গল্প লেখা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই সেই গল্পগুলো আরও মানুষের কাছে পৌঁছানো দরকার।
কিন্তু একজন আফগান ঔপন্যাসিক হয়তো একটি বইয়ে এই বিষয় নিয়ে লিখবেন। পরের বইয়ে হয়তো সম্পূর্ণ আলাদা কিছু লিখতে চাইবেন। আমরা কেন তাঁকে বলব, সেটা করতে পারবেন না? আপনার সীমা এই পর্যন্তই?
একজন লেখক বা শিল্পীর সঙ্গে কোনো বিষয় কিংবা অভিজ্ঞতার যদি সত্যিকারের সংযোগ তৈরি হয়, তাহলে নিজের পরিচয়ের নির্ধারিত সীমানা ছাড়িয়ে যাওয়ার স্বাধীনতা তাঁর থাকা উচিত।
প্রশ্ন: আপনার মতো মানুষের সঙ্গে কাজ করার যে দিকটা আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়, তা হলো এই চিন্তাটাই।
প্রচলিতভাবে আমাদের বলা হয়, নিজের নির্ধারিত পথে থাকো, নিজের সীমার মধ্যে থাকো। অথচ সেই পথ থেকে বেরিয়ে এসে নতুন সম্পর্ক আর যোগসূত্র আবিষ্কার করলে কত কিছুই না ঘটতে পারে!
শেষ করার জন্য একটা দারুণ প্রশ্ন পেয়েছি। বেশ মজারও।
আজ থেকে দেড় শ বছর পর কেউ যদি আপনাকে নিয়ে লেখেন, তাহলে আপনার জীবনের সেই ৩০টি পাখি কারা হবেন?
এলিফ শাফাক: বাহ! সত্যিই দারুণ প্রশ্ন। আমি আসলে জানি না। তবে প্রশ্নটা খুব আকর্ষণীয়, আমার খুব ভালো লেগেছে।
আমার এই উপন্যাসে একটা অংশ আছে, যেখানে ছোট্ট ফ্লবেয়ার প্রথমবার গ্রন্থাগার আবিষ্কার করে। সেখানে গিয়ে খুঁজে পায় ডন কিহোতে। আমার নিজের জীবনেও বইটির খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সত্যিই আমার জীবন বদলে দিয়েছিল।
ফ্লবেয়ার সেখানে দুলসিনিয়াকে খুঁজে পেতে চায়, তাকে দেখতে চায়। আমার উপন্যাসে সেই দুলসিনিয়াও কথা বলে ওঠে।
ওই অংশের এক জায়গায় বলা হয়েছে, হয়তো আজ থেকে এক শ বছর পর অন্য কেউ বইয়ের তাক থেকে ফ্লবেয়ারের লেখা কোনো বই খুঁজে পাবে। হয়তো ঘটনাচক্রে, হয়তো ইচ্ছা করেই। আর হয়তো তাঁর লেখা শব্দগুলো সেই মানুষটির নিঃসঙ্গতার সঙ্গী হয়ে উঠবে।
ধারণাটা আমার খুব ভালো লাগে। এই অর্থে সাহিত্যের একটা ধারাবাহিকতা আছে। আমার লেখা শব্দগুলো যদি অন্য কোনো মানুষের নিঃসঙ্গতার সঙ্গী হতে পারে, তাহলে আমি খুব আনন্দিত হব। আমার মনে হয়, শেষ পর্যন্ত শিল্পের অর্থ তো এটাই।
আমেরিকান কবি রবার্ট ফ্রস্ট বলেছিলেন, প্রতিটি কবিতার শুরু হয় গলায় দলা পাকানো কোনো অনুভূতি থেকে।
হয়তো অন্য কেউ সেই দম আটকে আসা অনুভূতিটা দেখতে পান না। কিন্তু আপনি জানেন, সেটা আপনার ভেতরে আছে। কোনো না কোনোভাবে তাকে প্রকাশ করতে হবে।
একইভাবে আমি বলব, সমস্ত সাহিত্যের জন্ম হয় কোনো না কোনো ক্ষত থেকে। হয়তো সেই ক্ষত ইতিমধ্যে সেরে গেছে। কিংবা এখনো খোলা, এখনো রক্ত ঝরছে।
আপনি হয়তো নিঃসঙ্গতা থেকে শুরু করেন, হয়তো নিজের বাড়ি কিংবা মাতৃভূমির জন্য গভীর আকুলতা থেকে। হয়তো কোনো ক্ষত থেকে, কিংবা গলায় আটকে থাকা অব্যক্ত অনুভূতি থেকে।
কিন্তু লিখতে লিখতে কিংবা পড়তে পড়তে একসময় আবিষ্কার করেন, আপনি একা নন। এই পৃথিবীতে আরও মানুষ আছেন।
আর সেই সংযোগের মধ্য দিয়েই আমরা শক্তি পাই, সমগ্র মানবতাকে খুঁজে পাই। মহাবিশ্বের যে ছোট্ট কোণে এত দিন নিজেদের বন্দি করে রেখেছিলাম, সেই সীমানা ছাড়িয়ে যাই।
আমার কাছে শিল্পের অর্থ এটাই।
সঞ্চালক: এলিফ, আজ সন্ধ্যায় আপনি আমাদের কাছে সেই সিমুর্গ হয়ে উঠেছেন, ইরানি পুরাণের মঙ্গলময় পাখি। আর আমরা যেন আপনার ৩০টি পাখির কয়েকটি, যারা একটি সন্ধ্যার জন্য আনন্দে আপনার চারপাশে উড়ে বেড়ানোর সুযোগ পেয়েছি।
এই সন্ধ্যাটি আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে উপস্থিত সবাইকেও ধন্যবাদ।
#
ভাষান্তর করেছেন মৈত্রি চক্রবর্তী

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি