শিশুদের সুস্থ রাখতে বিদ্যালয়ে হেঁটে যাতায়াতের পরিবেশ নিশ্চিত করার আহ্বান

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬

শিশুদের সুস্থ রাখতে বিদ্যালয়ে হেঁটে যাতায়াতের পরিবেশ নিশ্চিত করার আহ্বান

Manual1 Ad Code
  • শাপলা একাডেমিতে ‘হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয়’ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৯ নভেম্বর ২০২৬ : শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে বিদ্যালয়ে হেঁটে যাতায়াতের অভ্যাস গড়ে তোলা এবং এ জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

তাঁরা বলেছেন, নগর এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থানের অভাব, অপরিকল্পিত নগরায়ণ, বায়ুদূষণ এবং যান্ত্রিক যানবাহনের আধিক্যের কারণে শিশুদের স্বাভাবিক শারীরিক কার্যক্রমের সুযোগ ক্রমেই সংকুচিত হচ্ছে। এ পরিস্থিতিতে বিদ্যালয়ে হেঁটে যাতায়াতের অভ্যাস শিশুদের দৈনন্দিন শারীরিক কার্যক্রম বাড়ানোর পাশাপাশি মানসিক বিকাশ, আত্মনির্ভরশীলতা ও পরিবেশ সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) রাজধানীর শাপলা একাডেমিতে ‘হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয়’ শীর্ষক একটি সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধনী সভায় বক্তারা এসব কথা বলেন।

Manual3 Ad Code

সভায় বক্তারা আরও বলেন, শিশুদের হাঁটতে উৎসাহিত করাই যথেষ্ট নয়; তাদের নিরাপদে বিদ্যালয়ে যাতায়াতের উপযোগী সড়ক ও পরিবেশ গড়ে তোলাও জরুরি। এ জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী এবং সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বিশ্বে ১১ থেকে ১৭ বছর বয়সী প্রায় ৮০ শতাংশ শিশু-কিশোর পর্যাপ্ত শারীরিক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত—এ তথ্য তুলে ধরে বক্তারা বলেন, শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য নিয়মিত শারীরিক কার্যক্রম অত্যন্ত জরুরি। কিন্তু শহরাঞ্চলে নিরাপদ হাঁটার পরিবেশের অভাব, খেলার মাঠ ও উন্মুক্ত স্থানের স্বল্পতা এবং সড়কে যানবাহনের চাপ শিশুদের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করছে। এর ফলে শৈশব থেকেই অনেক শিশু শারীরিকভাবে নিষ্ক্রিয় জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ছে, যা দীর্ঘমেয়াদে নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

Manual3 Ad Code

ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা প্রমা সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাপলা একাডেমির অধ্যক্ষ হাছিনা আকতার। প্রধান অতিথি ছিলেন ধানমন্ডি থানার যুগ্ম আহ্বায়ক মো. ইয়াসিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাব্লিউবিবি ট্রাস্টের স্বাস্থ্য অধিকার বিভাগের প্রধান সৈয়দা অনন্যা রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে সৈয়দা অনন্যা রহমান বলেন, সুস্থ থাকতে নিয়মিত হাঁটার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীরা প্রতিদিন হেঁটে বিদ্যালয়ে যাতায়াত করলে খুব সহজেই তাদের দৈনন্দিন শারীরিক কার্যক্রমের একটি বড় অংশ সম্পন্ন করতে পারে। এর জন্য আলাদা করে সময় বের করার প্রয়োজন হয় না। বরং দৈনন্দিন যাতায়াতকেই শারীরিক সুস্থতা চর্চার একটি কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহার করা সম্ভব।

তিনি বলেন, হাঁটা শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি শিশুদের মানসিক বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখে। হেঁটে বিদ্যালয়ে যাতায়াতের সময় শিশুরা তাদের আশপাশের পরিবেশ, প্রকৃতি ও সামাজিক বাস্তবতা সম্পর্কে জানার সুযোগ পায়। একই সঙ্গে তাদের মধ্যে আত্মবিশ্বাস, দায়িত্ববোধ ও আত্মনির্ভরশীলতা তৈরি হয়। নিয়মিত হাঁটার অভ্যাস শিশুদের সুস্থ জীবনযাপনের ভিত্তি গড়ে তুলতেও সহায়তা করে।

পরিবেশ সুরক্ষার বিষয়টি তুলে ধরে সৈয়দা অনন্যা রহমান আরও বলেন, নিজের ঘর যেমন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব, তেমনি দেশ ও চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখাও সবার দায়িত্ব। যান্ত্রিক যানবাহনের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানো এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে ব্যক্তিগত পর্যায় থেকে সচেতন উদ্যোগ নিতে হবে। স্বল্প দূরত্বে যাতায়াতের ক্ষেত্রে হাঁটাকে অগ্রাধিকার দিলে একদিকে যেমন ব্যক্তিগত স্বাস্থ্য ভালো থাকবে, অন্যদিকে পরিবেশের ওপর যানবাহনজনিত দূষণের চাপও কমবে। এ জন্য শিশুদের পাশাপাশি পরিবার ও সমাজের সব পর্যায়ে হাঁটার ইতিবাচক সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন।

Manual7 Ad Code

প্রধান অতিথি মো. ইয়াসিন মোল্লা বলেন, এলাকার অনেক শিশু প্রতিদিন হেঁটে বিদ্যালয়ে যাতায়াত করে। কিন্তু সড়কে নিরাপদে হাঁটার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তাদের নানা ধরনের ঝুঁকির মুখে পড়তে হয়। কোথাও ফুটপাত নেই, কোথাও ফুটপাত দখল হয়ে আছে, আবার অনেক সড়কে যান্ত্রিক যানবাহনের চাপের কারণে শিশুদের চলাচল কঠিন হয়ে পড়ে। ফলে অভিভাবকেরাও সন্তানদের একা বিদ্যালয়ে যেতে দিতে নিরাপত্তাহীনতায় ভোগেন।

তিনি বলেন, শিশুদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সড়কের ধরন, অবস্থান ও ব্যবহার বিবেচনায় পরিকল্পিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। এলাকার কিছু সড়ক পথচারী ও অযান্ত্রিক যানবাহনের জন্য নির্ধারণ করা যেতে পারে। এ ছাড়া বিদ্যালয় শুরু ও ছুটির নির্দিষ্ট সময়ে বিদ্যালয়সংলগ্ন সড়কে যান্ত্রিক যানবাহন চলাচল সীমিত বা সাময়িকভাবে বন্ধ রাখার উদ্যোগ নেওয়া সম্ভব। এতে শিক্ষার্থীরা নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে এবং অভিভাবকদের মধ্যেও আস্থা তৈরি হবে।

তিনি আরও বলেন, সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে শিশুদের শারীরিকভাবে সক্রিয় করে তোলা জরুরি। এ ক্ষেত্রে হাঁটার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি তাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শিশুদের জন্য নিরাপদ সড়ক ও চলাচলের পরিবেশ নিশ্চিত করা শুধু বিদ্যালয় বা পরিবারের দায়িত্ব নয়; এটি সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত দায়িত্ব।

সভাপতির বক্তব্যে শাপলা একাডেমির অধ্যক্ষ হাছিনা আকতার বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত হেঁটে যাতায়াতে উৎসাহিত করা হয়। হাঁটার অভ্যাস শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। একই সঙ্গে বিদ্যালয়ে যাতায়াতের ব্যয় কমানোর পাশাপাশি পরিবেশদূষণ হ্রাসেও ভূমিকা রাখে। তবে শুধু শিক্ষার্থীদের উৎসাহিত করলেই হবে না, তাদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হাঁটার পরিবেশও নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়কে কেন্দ্র করে একটি সচেতন ও সহযোগিতামূলক সামাজিক পরিবেশ গড়ে তুলতে হবে, যাতে শিশুরা নির্ভয়ে হেঁটে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে পারে। পাশাপাশি সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। ফুটপাত দখলমুক্ত রাখা, পথচারীদের চলাচলের উপযোগী সড়ক নিশ্চিত করা এবং বিদ্যালয়সংলগ্ন এলাকায় যানবাহন নিয়ন্ত্রণের মতো কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

শিশুদের জন্য নিরাপদ হাঁটার পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য বিদ্যালয় ও আশপাশের পরিবেশকে নিরাপদ, পরিচ্ছন্ন ও চলাচলবান্ধব করে তোলা প্রয়োজন।

Manual4 Ad Code

বক্তারা মনে করেন, শিশুদের বিদ্যালয়ে হেঁটে যাতায়াতের অভ্যাস গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে নগর পরিকল্পনায় শিশু ও পথচারীদের প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে। নিরাপদ ফুটপাত, পর্যাপ্ত হাঁটার জায়গা, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং বিদ্যালয়কেন্দ্রিক নিরাপদ যাতায়াতব্যবস্থা গড়ে তোলা গেলে শিশুদের হাঁটার প্রবণতা বাড়বে। এতে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগর গড়ে তোলার পথও সুগম হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাব্লিউবিবি ট্রাস্টের ডকুমেন্টেশন অফিসার মো. বাবুল মিয়া, শাপলা একাডেমির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী এবং বিভিন্ন পর্যায়ের অংশীজন।

এ সংক্রান্ত আরও সংবাদ