তিন জোটের রূপরেখা ও ‘৯০-এর গণঅভ্যুত্থান: ইতিহাসের শিক্ষা ও অঙ্গীকার

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬

তিন জোটের রূপরেখা ও ‘৯০-এর গণঅভ্যুত্থান: ইতিহাসের শিক্ষা ও অঙ্গীকার

Manual4 Ad Code

সৈয়দ আমিরুজ্জামান |

১৯৯০ সালের ১৯ নভেম্বর বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এদিন স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী তিনটি রাজনৈতিক জোট ঐতিহাসিক রূপরেখা ঘোষণা করে। এই রূপরেখা ছিল কেবল কয়েকটি রাজনৈতিক দলের সমঝোতার দলিল নয়; বরং দীর্ঘ নয় বছরের স্বৈরাচারবিরোধী সংগ্রাম, আত্মত্যাগ, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং জনগণের ঐক্যবদ্ধ লড়াইয়ের রাজনৈতিক অঙ্গীকার। এই রূপরেখাকে কেন্দ্র করেই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় এবং ১৯৯০ সালের ডিসেম্বরে সংঘটিত হয় মহান গণ-অভ্যুত্থান। পতন ঘটে জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের নয় বছরের স্বৈরশাসনের।

নব্বইয়ের গণ-অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। এটি কোনো আকস্মিক বিস্ফোরণ ছিল না। এর পেছনে ছিল দীর্ঘ সংগ্রাম, অসংখ্য মানুষের আত্মত্যাগ, রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনগুলোর ধারাবাহিক আন্দোলন এবং শ্রমিক-কৃষকসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ। আমি এই ঐতিহাসিক আন্দোলনের একজন প্রত্যক্ষ অংশগ্রহণকারী ও সংগঠক হিসেবে মনে করি, নব্বইয়ের গণ-অভ্যুত্থানকে যথাযথভাবে মূল্যায়ন করতে হলে তিন জোটের ঐক্য, ১৯ নভেম্বরের রূপরেখা এবং সেই সময়ের রাজনৈতিক বাস্তবতাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা জরুরি।

নয় বছরের সংগ্রাম ও গণ-অভ্যুত্থানের পটভূমি

১৯৮২ সালের ২৪ মার্চ জেনারেল এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করেন। এরপর থেকেই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার সংকুচিত হতে থাকে। সামরিক শাসনের বিরুদ্ধে রাজনৈতিক দল, ছাত্রসমাজ, শ্রমিক-কৃষক ও পেশাজীবীদের প্রতিবাদ ক্রমেই সংগঠিত রূপ নেয়।

১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্র বিক্ষোভের মধ্য দিয়ে এরশাদের সামরিক শাসনবিরোধী আন্দোলন নতুন মাত্রা লাভ করে। ছাত্রসমাজের এই প্রতিবাদ ছিল স্বৈরাচারবিরোধী দীর্ঘ সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ সূচনা। পরদিন ১৫ ফেব্রুয়ারি ড. কামাল হোসেনের বাসভবনে বৈঠকরত জাতীয় নেতাদের গ্রেফতার করা হয়। তাঁদের চোখ বেঁধে ক্যান্টনমেন্টে নিয়ে নির্যাতন করা হয় এবং পরে দেশের বিভিন্ন কারাগারে পাঠানো হয়। গ্রেফতার হওয়া নেতাদের মধ্যে ছিলেন ড. কামাল হোসেন, কমরেড মোহাম্মদ ফরহাদ, কমরেড রাশেদ খান মেনন, কমরেড দিলীপ বড়ুয়া, মহিউদ্দিন আহমেদ, কমরেড মঞ্জুরুল আহসান খান, কমরেড খালেকুজ্জামান, তোফায়েল আহমেদ, আব্দুস সামাদ আজাদসহ আরও অনেকে। একই সময়ে শেখ হাসিনাকে তাঁর বাসভবনে গৃহবন্দি করে রাখা হয়।

এরপর বারবার গ্রেফতার, নির্যাতন, কারফিউ, সভা-সমাবেশে নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক দমন-পীড়নের মধ্য দিয়েও আন্দোলন থেমে থাকেনি। ১৯৮৭ সালে আন্দোলন তীব্র আকার ধারণ করে। বিপুলসংখ্যক নেতাকর্মী গ্রেফতার হওয়ায় দেশের কারাগারগুলোতে স্থান সংকুলান কঠিন হয়ে পড়ে। তবু স্বৈরাচারবিরোধী সংগ্রাম অব্যাহত থাকে।

Manual4 Ad Code

১৯৮৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কারণে আন্দোলনের ঐক্য ও ধারাবাহিকতায় যে বিভ্রান্তি ও দুর্বলতা তৈরি হয়েছিল, পরবর্তী সময়ে আন্দোলনে ফিরে আসার মধ্য দিয়ে তা অনেকাংশে কাটিয়ে ওঠা সম্ভব হয়। ১৯৮৮ সালের নির্বাচনও এরশাদ সরকারের গণতান্ত্রিক গ্রহণযোগ্যতার সংকট দূর করতে পারেনি। বিরোধী রাজনৈতিক শক্তির বর্জন এবং জনগণের অনাস্থা সেই নির্বাচনকে আরও প্রশ্নবিদ্ধ করে।

রাজপথের লড়াইয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা

আশির দশকে আমি ওয়ার্কার্স পার্টির সহযোগী গণসংগঠন গণতান্ত্রিক ছাত্র ইউনিয়নের একজন গুরুত্বপূর্ণ সংগঠক এবং কুমিল্লা জেলা পর্যায়ের নেতা হিসেবে এরশাদবিরোধী ছাত্র-গণআন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। বিভিন্ন সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করেছি। সামরিক শাসনের কঠোর দমন-পীড়ন এবং সভা-সমাবেশ নিষিদ্ধ থাকার মধ্যেও বিভিন্ন স্থানে আন্দোলন গড়ে তুলেছি। এমনকি কারফিউর মধ্যেও প্রতিবাদ ও বিক্ষোভে অংশ নিয়েছি।

সেই কঠিন সময়ে কুমিল্লায় ওয়ার্কার্স পার্টির তৎকালীন জেলা সম্পাদক কমরেড সাজ্জাদুর রহমান মাসুম, পলিটব্যুরোর সদস্য কমরেড হাবিবুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুভাষ ভৌমিক, কমরেড রুস্তম আলী ও কমরেড নাজিম আলীসহ অনেক নেতা সাহসী ভূমিকা পালন করেন। তাঁদের নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক দৃঢ়তা আন্দোলনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

এই আন্দোলনে কোনো একক দল বা সংগঠনের ভূমিকা ছিল না। ছাত্রসমাজের পাশাপাশি শ্রমিক, কৃষক, পেশাজীবী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক এবং সাধারণ মানুষ স্বৈরাচারবিরোধী সংগ্রামে যুক্ত হয়েছিলেন। অসংখ্য মানুষের আত্মত্যাগ ও রক্তের বিনিময়েই গণতন্ত্রের পথ উন্মুক্ত হয়েছিল।

তিন জোটের ঐক্য ও ঐতিহাসিক রূপরেখা

এরশাদবিরোধী আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি ছিল তিনটি জোট—আট দল, সাত দল ও পাঁচ দলীয় বাম জোট। মতাদর্শ, রাজনৈতিক কর্মসূচি ও কৌশলগত অবস্থানে পার্থক্য থাকা সত্ত্বেও স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রশ্নে তারা একটি অভিন্ন রাজনৈতিক অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়।

বিশেষ করে পাঁচ দলীয় বাম জোট তিন জোটের ঐক্য ও সংহতি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘ আলোচনা, মতবিনিময় ও রাজনৈতিক সমন্বয়ের মধ্য দিয়ে একটি অভিন্ন রূপরেখা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কার্যালয়ে ধারাবাহিক বৈঠকের মধ্য দিয়ে তিন জোটের রূপরেখার খসড়া চূড়ান্ত করা হয়। এই খসড়া প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তৎকালীন পাঁচ দলীয় বাম জোটের শীর্ষ নেতা এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির তৎকালীন সাধারণ সম্পাদক জননেতা কমরেড রাশেদ খান মেনন। তাঁর হাতে লেখা মূল খসড়াটি আজও সংরক্ষিত থাকার সম্ভাবনা রয়েছে। এটি সংরক্ষণ ও যথাযথভাবে প্রকাশ করা গেলে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস গবেষণায় তা গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠতে পারে।

১৯৯০ সালের ১৯ নভেম্বর সাংবাদিকদের সামনে তিন জোটের রূপরেখা ঘোষণা করা হয়। সে সময় সংবাদপত্রের সংখ্যা আজকের তুলনায় অনেক কম থাকলেও রাজধানী থেকে বেশ কয়েকটি দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হতো। কিন্তু দুঃখজনকভাবে ঐতিহাসিক এই রূপরেখা প্রকাশ করেছিল মাত্র একটি দৈনিক ও একটি সাপ্তাহিক পত্রিকা। দৈনিকটি ছিল ‘সংবাদ’ এবং সাপ্তাহিকটি ছিল ‘নতুন কথা’। আমার স্মৃতিতে রয়েছে, সাপ্তাহিক নতুন কথায় তিন কলামের বক্স করে রূপরেখাটি প্রকাশ করা হয়েছিল।

এই রূপরেখার মূল রাজনৈতিক তাৎপর্য ছিল স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার। এর মধ্যে ছিল নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা, মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি রোধের রাজনৈতিক প্রত্যয়।

গণ-অভ্যুত্থানের চূড়ান্ত বিস্ফোরণ

১৯ নভেম্বরের রূপরেখা ঘোষণার পর তিন জোটের আন্দোলন আরও সুসংহত ও বেগবান হয়। ছাত্রসমাজের আন্দোলন, শ্রমিকদের ধর্মঘট, পেশাজীবীদের প্রতিবাদ এবং রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক কর্মসূচি এক পর্যায়ে গণবিস্ফোরণে রূপ নেয়।

Manual5 Ad Code

এ সময় সাংবাদিক সমাজও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরশাদ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সাংবাদিকরা অনির্দিষ্টকালের জন্য সংবাদপত্র প্রকাশ বন্ধ রাখার ঘোষণা দেন। তাঁদের বক্তব্য ছিল স্পষ্ট—স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত সংবাদপত্র প্রকাশিত হবে না। শুধু ধর্মঘট নয়, সাংবাদিকরা রাজপথেও বিক্ষোভে অংশ নেন। সংবাদমাধ্যমের এই সাহসী অবস্থান আন্দোলনকে নতুন শক্তি জোগায়।

Manual8 Ad Code

এরশাদের পতনের কয়েক দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া বিশাল ছাত্রমিছিল রাজধানীর রাজপথে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি করে। হাজার হাজার ছাত্রছাত্রী সেই মিছিলে অংশ নেন। প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক তাঁর বর্ণনায় মিছিলটিকে ‘ভীষণ জঙ্গি মিছিল’ হিসেবে উল্লেখ করেছিলেন। তাঁর পর্যবেক্ষণ ছিল, মিছিলের অংশগ্রহণকারীদের মধ্যে কোনো ভয় বা দ্বিধা ছিল না। এই মিছিলের পর সরকার আরও ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে এবং ঢাকা মহানগরীতে কারফিউ জারি করে। কিন্তু কারফিউ দিয়েও গণজোয়ার থামানো সম্ভব হয়নি।

অবশেষে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ পদত্যাগে বাধ্য হন। এর মধ্য দিয়ে অবসান ঘটে তাঁর নয় বছরের স্বৈরশাসনের। বিচারপতি সাহাবুদ্দীন আহমদের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। রাজধানীর পল্টন, গুলিস্তান ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় মানুষের ঢল নামে। মধ্যরাতেও মানুষ রাস্তায় নেমে এসে বিজয় উদ্‌যাপন করেন। এটি ছিল জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের এক ঐতিহাসিক বিজয়।

রূপরেখা বাস্তবায়ন না হওয়ার প্রশ্ন

নব্বইয়ের গণ-অভ্যুত্থানের পর তিন জোটের রূপরেখা ঐতিহাসিক রাজনৈতিক দলিলের মর্যাদা লাভ করে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, যে রূপরেখাকে ভিত্তি করে স্বৈরাচারবিরোধী আন্দোলন পরিচালিত হয়েছিল, ক্ষমতার পালাবদলের পর তার সব অঙ্গীকার বাস্তবায়িত হয়নি।

গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিশ্চিত করা, প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত রাখা, জনগণের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক শাসনব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক ব্যবস্থায় যে সংকট, সংঘাত, নির্বাচনকেন্দ্রিক অবিশ্বাস ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা দেখা গেছে, তার পেছনে নব্বইয়ের গণ-অভ্যুত্থানের অঙ্গীকার যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ার বিষয়টিও বিবেচনায় নিতে হবে।

ইতিহাসের শিক্ষা হলো, কেবল স্বৈরশাসকের পতন ঘটালেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা, স্বাধীন গণমাধ্যম, শক্তিশালী সংসদ, স্বাধীন বিচারব্যবস্থা এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা প্রয়োজন। একই সঙ্গে রাষ্ট্রক্ষমতার জবাবদিহি ও জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা অপরিহার্য।

নতুন প্রজন্মের জন্য ইতিহাসের শিক্ষা

নব্বইয়ের মহান গণ-অভ্যুত্থান আমাদের শিখিয়েছে, জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে কোনো স্বৈরশাসনই চিরস্থায়ী হতে পারে না। রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে বৃহত্তর ঐক্য গড়ে তোলা সম্ভব। আট দল, সাত দল ও পাঁচ দলীয় জোটের ঐক্য তার ঐতিহাসিক প্রমাণ।

আজকের প্রজন্মের কাছে এই ইতিহাস তুলে ধরা জরুরি। কারণ ইতিহাসের বিকৃতি, একক ব্যক্তি বা দলের কৃতিত্ব হিসেবে গণ-অভ্যুত্থানকে উপস্থাপন এবং সাধারণ মানুষের আত্মত্যাগকে আড়াল করা ইতিহাসের প্রতি অবিচার। নব্বইয়ের গণ-অভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের সম্মিলিত সংগ্রামের ফসল। এর কৃতিত্ব কোনো একক দল, নেতা বা সংগঠনের নয়।

১৯ নভেম্বরের তিন জোটের রূপরেখা তাই শুধু অতীতের স্মারক নয়; এটি বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ রাজনৈতিক শিক্ষা। যে স্বপ্ন ও অঙ্গীকার নিয়ে মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে নেমেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আজও শেষ হয়ে যায়নি। গণতন্ত্র, ভোটাধিকার, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার ও জনগণের ক্ষমতায়ন প্রতিষ্ঠার মধ্য দিয়েই নব্বইয়ের মহান গণ-অভ্যুত্থানের প্রকৃত চেতনা বাস্তবায়িত হতে পারে।

১৯ নভেম্বরের ঐতিহাসিক রূপরেখার প্রতি যথাযথ সম্মান জানানো মানে শুধু অতীতকে স্মরণ করা নয়, বরং গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার অপূর্ণ অঙ্গীকার পূরণে নতুন করে শপথ নেওয়া।
#

সৈয়দ আমিরুজ্জামান, এলএল.বি
মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক;

বিশেষ প্রতিনিধি, দ্য ফিনান্সিয়াল পোস্ট (ইংরেজি দৈনিক) ও সাপ্তাহিক নতুনকথা;
সম্পাদক, আরপি নিউজ;

কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতি;
‘৯০-এর মহান গণঅভ্যুত্থানের সংগঠক ও সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ ছাত্রমৈত্রী।
সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন।

সাধারণ সম্পাদক, মাগুরছড়ার গ্যাস সম্পদ ও পরিবেশ ধ্বংসের ক্ষতিপূরণ আদায় জাতীয় কমিটি।
প্রাক্তন সভাপতি, বাংলাদেশ আইন ছাত্র ফেডারেশন।

E-mail : syedzaman.62@gmail.com
WhatsApp : 01716599589
মুঠোফোন: ০১৭১৬৫৯৯৫৮৯
Bikash number : +8801716599589 (personal)

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ