সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬
পাঁচ বিভাগে জমা দেওয়া যাবে পাণ্ডুলিপি, পুরস্কার হিসেবে থাকছে ৫০ হাজার টাকা ও বই প্রকাশের সুযোগ
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৫ নভেম্বর ২০২৬ : বহুমাত্রিক লেখক ও সাহিত্যিক শান্তনু কায়সারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তরুণ কবি ও লেখকদের জন্য আবারও আয়োজন করা হচ্ছে ‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার’।
বাংলা প্রকাশনা সংস্থা ঐতিহ্য এবং শান্তনু কায়সার স্মৃতি পাঠাগার ও চর্চা কেন্দ্র, সাজনমেঘ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ পুরস্কারের জন্য পাণ্ডুলিপি আহ্বান করা হয়েছে।
আয়োজকদের ঘোষণায় বলা হয়েছে, জন্মসূত্রে বাংলাদেশি এবং জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ২০২৬ সালের ৩০ ডিসেম্বর তারিখে যাঁদের বয়স সর্বোচ্চ ৩০ বছর, তাঁরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। তরুণ লেখকদের মৌলিক, উদ্ভাবনশীল ও সম্ভাবনাময় সাহিত্যকর্মকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
শান্তনু কায়সারের সাহিত্যচর্চার পাঁচটি ক্ষেত্র—কবিতা, কথাসাহিত্য (গল্প ও উপন্যাস), প্রবন্ধ ও গবেষণা, নাটক এবং অনুবাদ—এই পাঁচ বিভাগে বাংলা ভাষায় রচিত পাণ্ডুলিপি জমা দেওয়া যাবে। জমা পড়া পাণ্ডুলিপির মধ্য থেকে বিচারকমণ্ডলী তিনটি সেরা পাণ্ডুলিপি নির্বাচন করবেন।
নির্বাচিত প্রত্যেক পাণ্ডুলিপির জন্য ৫০ হাজার টাকা অর্থমূল্যের পুরস্কার, ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে। পাশাপাশি নির্বাচিত পাণ্ডুলিপি ঐতিহ্য প্রকাশনী থেকে বই আকারে প্রকাশের সুযোগ পাবে। ২০২৭ সালের অমর একুশে বইমেলায় বইগুলো প্রকাশের পরিকল্পনা রয়েছে।
আগামী ১৫ নভেম্বর থেকে পাণ্ডুলিপি জমা নেওয়া শুরু হবে। জমাদানের শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০২৬। আগ্রহী লেখকেরা তাঁদের পাণ্ডুলিপির ওয়ার্ড ও পিডিএফ—উভয় সংস্করণ ই-মেইলে পাঠাতে পারবেন। ই-মেইলের ঠিকানা info.oitijjhya@gmail.com। ই-মেইলের বিষয় (Subject) হিসেবে লিখতে হবে ‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার ২০২৭’।
এ ছাড়া ডাক বা কুরিয়ারযোগেও পাণ্ডুলিপি পাঠানো যাবে। ঠিকানা: ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার ২০২৬, ঐতিহ্য, ৩/১-এইচ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
আয়োজকদের শর্ত অনুযায়ী, ইতিমধ্যে বই আকারে প্রকাশিত কোনো পাণ্ডুলিপি প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না। কোনো পাণ্ডুলিপিতে চৌর্যবৃত্তি বা প্লেজারিজম প্রমাণিত হলে সংশ্লিষ্ট লেখকের পুরস্কার বাতিল করা হবে। এ ছাড়া কোনো ধরনের সুপারিশ বা প্রভাব বিস্তারের চেষ্টা করলে প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে।
আগামী ৩০ ডিসেম্বর ২০২৬, শান্তনু কায়সারের জন্মদিনে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। পরে ২০২৭ সালের ১২ এপ্রিল তাঁর প্রয়াণদিন উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।
উল্লেখ্য, গত বছর প্রথমবারের মতো এ সাহিত্য পুরস্কারের আয়োজন করা হয়। ২০২৫ সালের আয়োজনে মনোনীত ও পুরস্কৃত পাণ্ডুলিপিগুলোর মধ্যে ছিল কবি হেমায়েত উল্লাহ ইমনের কবিতাগ্রন্থ ‘ফেনাফুল’, জুবায়ের রশীদের ডকুফিকশন ‘গালিবের মুশায়েরায়’ এবং নাট্যকার শরণ এহসানের নাটক ‘পুরনামা’।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি