পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে তরুণ গবেষকদের জন্য পিওজেএফ ফেলোশিপ

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে তরুণ গবেষকদের জন্য পিওজেএফ ফেলোশিপ

Manual2 Ad Code
  • ১৮ জন স্নাতকোত্তর শিক্ষার্থী পাবেন গবেষণা অনুদান, আবেদন ২৯ নভেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১১ নভেম্বর ২০২৬ : দেশের পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য সুরক্ষা ও বিপন্ন বন্যপ্রাণী পুনরুদ্ধারে তরুণ গবেষকদের সম্পৃক্ত করতে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন (পিওজেএফ) ফেলোশিপ ২০২৬’ চালু করা হয়েছে।

Manual7 Ad Code

ফাউন্ডেশনের ১৮ বছরের সাফল্যমণ্ডিত পথচলা উদ্‌যাপন উপলক্ষে এ বিশেষ গবেষণা ফেলোশিপের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় দেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতকোত্তর পর্যায়ে গবেষণারত ১৮ জন নিয়মিত শিক্ষার্থীকে গবেষণা অনুদান দেওয়া হবে।

ফেলোশিপের মূল লক্ষ্য পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণে তরুণদের মৌলিক, সৃজনশীল ও উদ্ভাবনী গবেষণাকে উৎসাহিত করা এবং গবেষণালব্ধ জ্ঞানকে পরিবেশ সুরক্ষায় বাস্তব প্রয়োগের সুযোগ তৈরি করা।

ফেলোশিপের আওতায় প্রস্তাবিত গবেষণার বিষয়বস্তু হতে হবে পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রকৃতি সংরক্ষণসংশ্লিষ্ট। এসব ক্ষেত্রের যেকোনো এক বা একাধিক বিষয়ে মৌলিক গবেষণা প্রস্তাব জমা দেওয়া যাবে। গবেষণাটি অবশ্যই বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে পরিচালিত হতে হবে।

সরকারি ও বেসরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। পরিবেশবিজ্ঞান, পরিবেশ ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনা, ইকোলজি, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিজ্ঞান, বন ও পরিবেশবিদ্যা, ভূগোল, সমাজবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, সমুদ্রবিজ্ঞান, মৎস্যবিজ্ঞানসহ সংশ্লিষ্ট বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।

Manual2 Ad Code

আবেদনকারীর গবেষণা ধারণা হতে হবে সম্পূর্ণ মৌলিক, নতুন ও উদ্ভাবনী। আন্তর্জাতিক একাডেমিক মানদণ্ড অনুযায়ী গবেষণা প্রস্তাবে প্লেজারিজম বা লেখার সাদৃশ্যের মাত্রা সর্বোচ্চ ১৫ শতাংশ গ্রহণযোগ্য হবে। ইতিপূর্বে অন্য কোনো সরকারি, বেসরকারি বা আন্তর্জাতিক সংস্থা কিংবা ট্রাস্ট থেকে অর্থায়ন পাওয়া অথবা অন্য কোনো অনুদানের জন্য জমা দেওয়া গবেষণা এ ফেলোশিপের আওতায় বিবেচিত হবে না।

Manual6 Ad Code

নির্বাচিত প্রত্যেক গবেষককে মাঠপর্যায়ে তথ্য ও নমুনা সংগ্রহ, পরীক্ষাগারে পরীক্ষা-নিরীক্ষা এবং গবেষণাসংশ্লিষ্ট অন্যান্য ব্যয় নির্বাহের জন্য সরাসরি আর্থিক অনুদান দেওয়া হবে। এর ফলে শিক্ষার্থীরা তাঁদের গবেষণার প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও বৈজ্ঞানিক বিশ্লেষণের কাজ আরও কার্যকরভাবে সম্পন্ন করতে পারবেন।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র একটি একক পিডিএফ ফাইলে প্রস্তুত করে জমা দিতে হবে। এর মধ্যে সর্বোচ্চ দুই পৃষ্ঠার জীবনবৃত্তান্ত (সিভি), সর্বোচ্চ ৫০০ শব্দের উদ্দেশ্যমূলক বিবৃতি (এসওপি), একাডেমিক লেখা বা গবেষণার নমুনা, থিসিস সুপারভাইজারের অগ্রায়নপত্র এবং আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) স্পষ্ট স্ক্যান কপি থাকতে হবে।

জীবনবৃত্তান্তে শিক্ষাগত যোগ্যতা, অর্জিত ফলাফল, গবেষণাপদ্ধতিগত দক্ষতা ও পূর্ববর্তী অভিজ্ঞতা উল্লেখ করতে হবে। উদ্দেশ্যমূলক বিবৃতিতে ফেলোশিপের প্রতি আগ্রহ, গবেষণার লক্ষ্য, মাঠপর্যায়ের কাজের পরিকল্পনা এবং পরিবেশ সুরক্ষায় গবেষণার সম্ভাব্য ব্যবহারিক গুরুত্ব তুলে ধরতে হবে। গবেষণার নমুনা হিসেবে প্রকাশিত গবেষণাপত্র, টার্ম পেপার, থিসিসের অধ্যায় কিংবা অপ্রকাশিত একাডেমিক লেখাও জমা দেওয়া যাবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল প্যাডে থিসিস সুপারভাইজারের স্বাক্ষর ও সিলযুক্ত অগ্রায়নপত্র অথবা বিভাগীয় প্রধানের প্রতিস্বাক্ষরিত প্রত্যয়নপত্র বা সুপারিশপত্র জমা দিতে হবে। সুপারভাইজারকে প্রত্যয়ন করতে হবে যে আবেদনকারী নিয়মিতভাবে একক থিসিস গবেষণায় নিয়োজিত রয়েছেন এবং গবেষণার জন্য বিভাগ থেকে প্রয়োজনীয় ল্যাবরেটরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা দেওয়া হবে।

আবেদন জমা দেওয়ার মাধ্যমে প্রার্থীকে অঙ্গীকার করতে হবে যে গবেষণা ধারণাটি সম্পূর্ণ নিজস্ব, আগে কোথাও জমা দেওয়া হয়নি এবং আবেদনে দেওয়া সব তথ্য সঠিক। কোনো ধরনের তথ্যগত অসংগতি বা গবেষণায় চৌর্যবৃত্তির প্রমাণ পাওয়া গেলে আবেদন বাতিল করা হবে।

ফেলোশিপের জন্য প্রাপ্ত আবেদন দুটি ধাপে মূল্যায়ন করা হবে। প্রথম ধাপে আবেদনকারীর যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্রের যথার্থতা ও গবেষণার মৌলিকত্ব যাচাই করা হবে। দ্বিতীয় ধাপে বিশেষজ্ঞ মূল্যায়ন কমিটি গবেষণা প্রস্তাবের বৈজ্ঞানিক গ্রহণযোগ্যতা, মাঠপর্যায়ের গবেষণাপদ্ধতি এবং পরিবেশগত উপযোগিতা পর্যালোচনা করে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করবে।

আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২৯ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত ই-মেইল ঠিকানায় আবেদন পাঠাতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা: fellowship.pojf.org@gmail.com। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

Manual4 Ad Code

ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে একই ই-মেইল ঠিকানায় যোগাযোগ করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা।

পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বৈজ্ঞানিক গবেষণার গুরুত্ব দিন দিন বাড়ছে। এ প্রেক্ষাপটে পিওজেএফ ফেলোশিপ তরুণ গবেষকদের নতুন ধারণা, মাঠপর্যায়ের অনুসন্ধান ও উদ্ভাবনী গবেষণার সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের পরিবেশগত সংকট, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর গবেষণালব্ধ সুপারিশ তৈরিতেও এ উদ্যোগ ভূমিকা রাখতে পারে।

এ সংক্রান্ত আরও সংবাদ