সমবায়ের মাধ্যমে ভাগ্য পরিবর্তনের আহ্বান মৌলভীবাজারে

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬

সমবায়ের মাধ্যমে ভাগ্য পরিবর্তনের আহ্বান মৌলভীবাজারে

Manual2 Ad Code
  • র‍্যালি, পণ্য মেলা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ০৮ নভেম্বর ২০২৬ : ‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার (৮ নভেম্বর ২০২৬) সকালে বর্ণাঢ্য র‍্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, সমবায় পণ্য মেলা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাইফুর রহমান অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। জেলার সাতটি উপজেলা থেকে আসা শত শত সমবায়ী নীল টি-শার্ট পরিধান করে ব্যানার-ফেস্টুন হাতে র‍্যালিতে অংশ নেন।

Manual6 Ad Code

র‍্যালি শেষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে ফিতা কেটে সমবায় পণ্য মেলার উদ্বোধন করেন অতিথিরা। মেলায় বিভিন্ন সমবায় সমিতির উৎপাদিত ও বিপণনযোগ্য পণ্য প্রদর্শন করা হয়।

সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় কর্মকর্তা মুসাহিদুর রেজা চৌধুরী। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ বশির আহমেদ, কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সহসভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের সভাপতি ফখরুল ইসলাম এবং মৌলভীবাজারের সমবায়ী নেতা ফয়জুল ইসলাম ও আব্দুর রাজ্জাক।

এ ছাড়া জেলার সাতটি উপজেলার সমবায়ী নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় মানে একতা, সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক বৈষম্য কমাতে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

Manual2 Ad Code

সেরা সমবায় সমিতিকে সম্মাননা

অনুষ্ঠানে ২০২৪-২০২৫ অর্থবছরে উপজেলা ভিত্তিতে সর্বাধিক রাজস্ব ও সিডিএফ প্রদানকারী সমবায় সমিতিগুলোকে ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা পাওয়া সমিতিগুলো হলো—মৌলভীবাজার সদরের শ্রম ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, রাজনগরের কিরণ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড, কুলাউড়ার ব্রাহ্মণবাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, জুড়ীর রূপালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, বড়লেখার জনকল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, শ্রীমঙ্গলের বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এবং কমলগঞ্জের গুড নেইবারস কমলগঞ্জ মহিলা সমবায় সমিতি লিমিটেড।

Manual5 Ad Code

পর্যটন সমবায়, সমবায় উদ্যোক্তা সৃজন এবং সমবায় আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট দেওয়া হয় ড্রীমস আনলিমিটেড বহুমুখী সমবায় সমিতি লিমিটেড (রাঙাউটি রিসোর্ট), মৌলভীবাজার সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেড এবং মৌলভীবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডকে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষে সম্মাননা গ্রহণ করেন সৈয়দ মুনিম আহমেদ (রিমন) ও এম. আসাদুজ্জামান জামান।

অন্যদিকে সমবায় পণ্য মেলায় সেরা স্টলের স্বীকৃতি পেয়েছে সাতটি উপজেলার সাতটি সমিতি। এগুলো হলো—মৌলভীবাজার সদরের অথৈ কৃষি সমবায় সমিতি লিমিটেড, রাজনগরের লক্ষ্মী মহিলা সমবায় সমিতি লিমিটেড, কুলাউড়ার রাউৎগাঁও দুগ্ধ সমবায় সমিতি লিমিটেড, জুড়ীর আস্থা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড, বড়লেখার বড়লেখা উপজেলা দলিত কল্যাণ সমবায় সমিতি লিমিটেড, শ্রীমঙ্গলের কৃষ্ণপুর সমবায় সমিতি লিমিটেড এবং কমলগঞ্জের গুড নেইবারস কমলগঞ্জ মহিলা সমবায় সমিতি লিমিটেড।

সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ