মানবসভ্যতা, জাতিসত্তা, চা শিল্প ও শ্রম: অধিকার ও রাষ্ট্রের দায়বদ্ধতা

প্রকাশিত: ২:৫২ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬

মানবসভ্যতা, জাতিসত্তা, চা শিল্প ও শ্রম: অধিকার ও রাষ্ট্রের দায়বদ্ধতা

Manual1 Ad Code

সৈয়দ আমিরুজ্জামান

জগত কর্মময়। সমগ্র বিশ্ব যেন এক বিরাট কর্মশালা। সেখানে দিবা-রাত্রি বিরামহীনভাবে চলছে সৃষ্টি, উৎপাদন, পরিবর্তন ও বিবর্তনের ধারাবাহিক প্রক্রিয়া। বস্তুত কর্মময়তাই জীবন। মানুষের শ্রম, মেধা, অভিজ্ঞতা ও সৃজনশীলতার সম্মিলিত অবদানেই গড়ে উঠেছে মানবসভ্যতা। মানবসমাজের ইতিহাস কেবল রাজা-বাদশাহ, সম্রাট, সেনাপতি কিংবা রাষ্ট্রনায়কদের উত্থান-পতনের ইতিহাস নয়; এটি মূলত উৎপাদনব্যবস্থা, সম্পদের মালিকানা, শ্রেণিসম্পর্ক, শোষণ-বঞ্চনা এবং অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাস। মার্ক্সীয় ইতিহাসদৃষ্টিতে মানবসভ্যতার বিকাশকে বুঝতে হলে মানুষের বাস্তব জীবন, উৎপাদনব্যবস্থা এবং শ্রেণিসংগ্রামের ধারাকে অনুধাবন করতে হবে।

মানুষ প্রকৃতির অংশ। মানবজাতির উৎপত্তি, বিবর্তন, জাতিসত্তার বিকাশ এবং সামাজিক বিন্যাসের ইতিহাস তাই পৃথিবীর প্রাকৃতিক ও অর্থনৈতিক বিকাশের ধারার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে সম্পর্কিত। সমাজে পরিবর্তন কোনো আকস্মিক ঘটনা নয়। মানুষের উৎপাদনশক্তি, উৎপাদনসম্পর্ক, সম্পদের মালিকানা এবং সামাজিক-রাজনৈতিক ক্ষমতার বিন্যাসের পরিবর্তনের মধ্য দিয়েই সমাজের বিবর্তন ঘটে। কার্ল মার্ক্স ও ফ্রেডরিখ এঙ্গেলস মানবসমাজের এই পরিবর্তনশীল প্রক্রিয়াকে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করেছেন। তাঁদের দর্শনের অন্যতম মৌলিক শিক্ষা হলো, সমাজ ও পৃথিবীকে শুধু ব্যাখ্যা করাই যথেষ্ট নয়; প্রয়োজন বৈষম্য, শোষণ ও অন্যায়ের অবসান ঘটিয়ে তাকে পরিবর্তন করা।

কার্ল মার্ক্সের বিখ্যাত বক্তব্য—“দার্শনিকরা জগতটাকে শুধু ব্যাখ্যাই করে গেলেন, মূল কাজ হচ্ছে বদলে ফেলা”—আজও শ্রমজীবী মানুষের অধিকার, সামাজিক ন্যায়বিচার এবং মানবমুক্তির সংগ্রামে বিশেষ তাৎপর্য বহন করে। ‘শ্রম যার সম্পদ তার’—এই নীতির বাস্তবায়ন ছাড়া উৎপাদনব্যবস্থায় ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। অথচ সভ্যতার দীর্ঘ ইতিহাসে যারা উৎপাদন করেছে, তারাই অধিকাংশ সময় উৎপাদিত সম্পদের ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়েছে। শাসক ও মালিক শ্রেণি শ্রমের ফল আত্মসাৎ করে ক্ষমতা ও সম্পদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে।

Manual4 Ad Code

বাংলাদেশের চা শিল্পের ইতিহাস, চা শ্রমিকদের জীবনসংগ্রাম এবং দেশের বিভিন্ন জাতিসত্তার অস্তিত্ব ও অধিকার প্রশ্নকে এই বৃহত্তর ঐতিহাসিক বাস্তবতার বাইরে রেখে বোঝার সুযোগ নেই।

জাতিসত্তা, আত্মপরিচয় ও আধিপত্যের রাজনীতি

স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রে বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি বহু ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও স্বতন্ত্র সামাজিক পরিচয়ের অধিকারী বিভিন্ন জনগোষ্ঠীর বসবাস। সাঁওতাল, ওঁরাও, মুণ্ডা, রাজবংশী, গারো, হাজং, খাসিয়া, মালপাহাড়ি, মণিপুরি, ত্রিপুরা, ম্রো, পাঙ্খো, বম, তঞ্চঙ্গ্যা, মারমা, রাখাইন, চাকমাসহ বিভিন্ন জনগোষ্ঠী এ ভূখণ্ডের ইতিহাস, সমাজ ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।

তাদের পরিচয় নির্ধারণের ক্ষেত্রে আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, ক্ষুদ্র জাতিসত্তা কিংবা উপজাতি—বিভিন্ন পরিভাষার ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। কিন্তু পরিভাষাগত বিতর্কের আড়ালে মূল প্রশ্নটি যেন হারিয়ে না যায়। সেটি হলো, রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের সমান মর্যাদা, আত্মপরিচয়ের অধিকার, ভাষা ও সংস্কৃতির স্বাধীন বিকাশ, ভূমির অধিকার এবং রাজনৈতিক-অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা।

ইতিহাস সাক্ষ্য দেয়, ক্ষমতাবান শাসকগোষ্ঠী বহু সময় দুর্বল জনগোষ্ঠীকে হেয় প্রতিপন্ন করার জন্য ভাষা ও সংস্কৃতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ঔপনিবেশিক ইউরোপীয় শক্তি আফ্রিকা, আমেরিকা, এশিয়া ও অন্যান্য অঞ্চলের অধিবাসীদের বর্বর, অসভ্য, অনুন্নত কিংবা সভ্যতাবঞ্চিত হিসেবে চিহ্নিত করে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার নৈতিক বৈধতা তৈরির চেষ্টা করেছে। Uncivilised, Barbarian, Savage, Aborigine প্রভৃতি শব্দের ঔপনিবেশিক ব্যবহারের ইতিহাস তারই সাক্ষ্য বহন করে।

মানুষের গাত্রবর্ণ, চুল, নাক, চোখ, কপাল, চোয়াল কিংবা শারীরিক বৈশিষ্ট্যকে শ্রেষ্ঠত্ব ও হীনতার মানদণ্ডে পরিণত করে ইউরোপীয় ঔপনিবেশিক শক্তি একসময় বর্ণবাদী আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্বের ধারণা প্রচার করে কৃষ্ণাঙ্গ মানুষকে দাসে পরিণত করা হয়েছিল। আফ্রিকা ও আমেরিকার কৃষ্ণাঙ্গ মানুষের সাহিত্য, বিশেষ করে ব্ল্যাক লিটারেচারে এই নির্মম ইতিহাসের বিস্তৃত বিবরণ পাওয়া যায়।

ঔপনিবেশিক শাসন কেবল ভূখণ্ড দখল কিংবা সম্পদ লুণ্ঠনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এর অন্যতম প্রধান হাতিয়ার সাংস্কৃতিক আধিপত্য। শাসকগোষ্ঠী শাসিত জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, ইতিহাস, ধর্মবিশ্বাস, ঐতিহ্য ও আত্মপরিচয়কে হীন করে উপস্থাপন করে তাদের মধ্যে মানসিক পরাধীনতা সৃষ্টি করে। ফলে শাসিত মানুষ একসময় নিজের সংস্কৃতির পরিবর্তে শাসকের সংস্কৃতিকে শ্রেষ্ঠ বলে বিবেচনা করতে শুরু করে।

প্রাচীন ভারতবর্ষেও আধিপত্য প্রতিষ্ঠার এই প্রক্রিয়া লক্ষ করা যায়। আর্য আধিপত্যবাদী সামাজিক বিন্যাসে স্থানীয় জনগোষ্ঠীকে অনার্য, অসুর, বানর, রাক্ষস, চণ্ডাল ইত্যাদি পরিচয়ে চিহ্নিত করার ঐতিহাসিক বর্ণনা পাওয়া যায়। বর্ণভিত্তিক সামাজিক বিভাজন, অস্পৃশ্যতা এবং ধর্মীয় অনুশাসনের মাধ্যমে উৎপাদক শ্রেণিকে অধস্তন অবস্থানে রাখার প্রবণতা দীর্ঘকাল সমাজে কার্যকর ছিল। ভাষা ও ধর্মীয় কর্তৃত্বের মাধ্যমেও স্থানীয় জনগোষ্ঠীর স্বাভাবিক সাংস্কৃতিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে।

বাঙালি জাতিসত্তা নিজেই বহু জনগোষ্ঠীর দীর্ঘকালীন সহাবস্থান, সংমিশ্রণ ও সাংস্কৃতিক আদান-প্রদানের মধ্য দিয়ে গড়ে উঠেছে। অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলয়েডসহ বিভিন্ন মানবগোষ্ঠীর ঐতিহাসিক সংযোগ বাঙালির ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, লোকাচার, সংগীত, বিশ্বাস ও জীবনযাত্রায় নানা মাত্রায় প্রতিফলিত হয়েছে। ফলে বাঙালি সংস্কৃতিকে একক কোনো উৎসের সম্পত্তি হিসেবে দেখার সুযোগ নেই। এটি বহুমাত্রিক ঐতিহাসিক অভিজ্ঞতার সম্মিলিত পরিণতি।

একইভাবে বাংলাদেশের বিভিন্ন জাতিসত্তার সংস্কৃতিও স্বতন্ত্র ঐতিহাসিক অভিজ্ঞতা, উৎপাদনব্যবস্থা, পরিবেশ, ভাষা, ধর্মবিশ্বাস ও সামাজিক কাঠামোর মধ্য দিয়ে বিকশিত হয়েছে। পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ম্রো, বম, তঞ্চঙ্গ্যা, খিয়াং, খুমি, পাঙ্খোয়া ও ত্রিপুরা জনগোষ্ঠী একই ভৌগোলিক অঞ্চলে বসবাস করলেও প্রত্যেকের নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে। আবার সমতলের সাঁওতাল, মুণ্ডা, ওঁরাও, গারো, হাজং, রাজবংশী ও অন্যান্য জনগোষ্ঠীরও রয়েছে নিজস্ব ভাষা, ঐতিহ্য ও জীবনব্যবস্থা।

অতএব, একই রাষ্ট্রের নাগরিক হওয়া মানে সাংস্কৃতিকভাবে একরূপ হয়ে যাওয়া নয়। বৈচিত্র্যকে অস্বীকার করে নয়, বরং স্বীকৃতি ও মর্যাদা দিয়েই প্রকৃত জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব।

ক্ষমতা, শোষণ ও প্রান্তিক জনগোষ্ঠীর বাস্তবতা

ইতিহাসের বিভিন্ন পর্যায়ে ক্ষমতার উৎস ও প্রয়োগের ধরন পরিবর্তিত হয়েছে। প্রাচীন সমাজে গোত্রপতি, পুরোহিত, সেনাপতি কিংবা সম্রাট পেশিশক্তি ও ধর্মীয় কর্তৃত্বের মাধ্যমে ক্ষমতা প্রতিষ্ঠা করতেন। আধুনিক রাষ্ট্রে সেই ক্ষমতা প্রশাসন, আইন, অর্থনীতি, প্রতিষ্ঠান ও রাজনৈতিক কর্তৃত্বের মাধ্যমে পরিচালিত হয়।

রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। কিন্তু বাস্তবে অনেক সময় জনগণের নামে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় ক্ষমতা জনগণেরই বিরুদ্ধে ব্যবহৃত হয়। ক্ষমতাসীন গোষ্ঠী যখন জনগণের ওপর জবাবদিহির পরিবর্তে আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়, তখন গণতন্ত্রের মৌলিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে। ক্ষমতার কেন্দ্রীকরণ, দুর্নীতি, দমন-পীড়ন ও বৈষম্যের মাধ্যমে সাধারণ মানুষকে ক্ষমতাহীন করে তোলা হয়।

বিশ্বের বিভিন্ন দেশে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি, বন, পানি, ভাষা ও সংস্কৃতির অধিকার এভাবেই সংকুচিত হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। সংখ্যাগরিষ্ঠ শাসকগোষ্ঠীর অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্যের কারণে বিভিন্ন জাতিসত্তার মানুষ দীর্ঘদিন ধরে নানা ধরনের বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়ে আসছে।

ভূমি হারানো, মাতৃভাষায় শিক্ষার সীমিত সুযোগ, স্বাস্থ্যসেবার অভাব, কর্মসংস্থানের সংকট, অবকাঠামোগত অনগ্রসরতা এবং সাংস্কৃতিক অধিকার সংকুচিত হওয়ার কারণে অনেক জনগোষ্ঠী অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়েছে। নিজেদের ঐতিহ্য ও জীবনযাত্রা রক্ষার জন্য তারা অনেক ক্ষেত্রে পাহাড়, অরণ্য ও দুর্গম অঞ্চলে আশ্রয় নিয়েছে।

Manual1 Ad Code

বাংলাদেশের সংবিধান প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও মর্যাদার কথা বলেছে। সুতরাং রাষ্ট্রের দায়িত্ব হলো, কোনো জনগোষ্ঠীর পরিচয়, ভাষা, ধর্ম, সংস্কৃতি কিংবা অর্থনৈতিক অবস্থার কারণে যেন কেউ বৈষম্যের শিকার না হয়, তা নিশ্চিত করা।

ঔপনিবেশিক শাসন, বাঙালি জাতীয়তাবাদ ও সাংস্কৃতিক আত্মোপলব্ধি

বাংলার ইতিহাস দীর্ঘকাল বহিরাগত শাসন ও ঔপনিবেশিক আধিপত্যের মধ্য দিয়ে অতিক্রান্ত হয়েছে। প্রাচীন ও মধ্যযুগের বিভিন্ন রাজবংশ, তুর্কি, আফগান, মুঘল এবং পরবর্তী সময়ে ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির শাসন বাংলার সমাজ, অর্থনীতি ও সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে।

বিশেষ করে ব্রিটিশ শাসনামলে রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্যের পাশাপাশি সাংস্কৃতিক প্রভাব বিস্তারের সুপরিকল্পিত প্রয়াস লক্ষ করা যায়। চিরস্থায়ী বন্দোবস্ত, বাণিজ্যিক স্বার্থ, ভূমির মালিকানা পরিবর্তন, দেশীয় শিল্পের সংকোচন এবং সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি বাংলার সমাজকে গভীরভাবে প্রভাবিত করে।

ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বাঙালির জাতীয়তাবাদী চেতনা বিকাশের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছিল ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনুসন্ধান। বিশ শতকে ভাষার অধিকার ও রাজনৈতিক স্বাধিকারের সংগ্রাম ক্রমে গণতান্ত্রিক আন্দোলনে রূপ নেয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাঙালির আত্মপরিচয় ও স্বাধীনতার আকাঙ্ক্ষাকে ঐতিহাসিক পরিণতি দেয়।

স্বাধীনতার পর ১৯৭২ সালের সংবিধানে বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রকে রাষ্ট্রের অন্যতম মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গভীর বিপর্যয় নেমে আসে। পরবর্তী সময়ে রাষ্ট্রীয় আদর্শ ও সাংবিধানিক কাঠামোয় পরিবর্তন আসে। জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের প্রশ্নে রাষ্ট্রের রাজনৈতিক অবস্থানেও পরিবর্তন ঘটে।

স্বাধীনতার পর সাংস্কৃতিক কর্মী, শিল্পী, সাহিত্যিক, কবি, নাট্যকার, সংগীতশিল্পী ও গবেষকদের মধ্যে মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় পরিচয়ের অনুসন্ধান বিশেষ গুরুত্ব লাভ করে। কিন্তু রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক কাঠামোয় মৌলিক পরিবর্তন না ঘটলে মানুষের ব্যবহারিক জীবনে মুক্তির পূর্ণতা আসে না।

ইতালীয় মার্ক্সবাদী চিন্তাবিদ আন্তোনিও গ্রামসি সংস্কৃতিকে কেবল শিল্প-সাহিত্য বা বিনোদনের বিষয় হিসেবে দেখেননি। তাঁর মতে, সংস্কৃতি মানুষের আত্মোপলব্ধি, ব্যক্তিত্ব, সামাজিক ভূমিকা, অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে। অর্থাৎ সংস্কৃতি মানুষকে নিজের অবস্থান বুঝতে এবং নিজের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রস্তুত হতে সাহায্য করে।

এই উপলব্ধি বাংলাদেশের বিভিন্ন জাতিসত্তার ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। ভাষা ও সংস্কৃতি হারিয়ে গেলে কোনো জনগোষ্ঠীর আত্মপরিচয় বিপন্ন হয়ে পড়ে। তাই তাদের নিজস্ব ভাষা, লোকজ জ্ঞান, ঐতিহ্য, সংগীত, নৃত্য, ধর্মীয় আচার ও সামাজিক রীতিনীতির সংরক্ষণ রাষ্ট্রীয় দায়িত্বের অংশ হওয়া উচিত।

চা শিল্পের সূচনা: ঔপনিবেশিক বাণিজ্য, পুঁজি ও ভূমি অধিগ্রহণ

বাংলাদেশের চা শিল্পের ইতিহাস উনিশ শতকের ঔপনিবেশিক অর্থনৈতিক সম্প্রসারণের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। সিলেট ও আসামের পাহাড়ি ও টিলাভূমিতে বাণিজ্যিক ভিত্তিতে চা উৎপাদনের সূচনা ঘটে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে। চা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পণ্য। ইউরোপীয় বাজারে চায়ের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতীয় উপমহাদেশে চা উৎপাদনের সম্ভাবনা অনুসন্ধান শুরু হয়।

১৮৩৪ সালে রবার্ট ব্রুস আসামের উঁচু অঞ্চলে স্থানীয় চা গাছের সন্ধান পান বলে ইতিহাসে উল্লেখ রয়েছে। পরবর্তী সময়ে ১৮৩৯ সালে ব্রিটিশ পুঁজিপতি ও ভারতীয় ধনাঢ্য ব্যবসায়ীদের সম্মিলিত উদ্যোগে আসাম টি কোম্পানি প্রতিষ্ঠিত হয়। এই উদ্যোগে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, মতিলাল শীলসহ বিভিন্ন ভারতীয় ব্যবসায়ী ও পুঁজিপতির অংশগ্রহণ ছিল।

১৮৪০ সালে চট্টগ্রামে চা উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়। চীন থেকে চারা আমদানি করে এবং কলকাতার বোটানিক্যাল গার্ডেনে উৎপাদিত চীনা প্রজাতির চা গাছ রোপণ করে এ উদ্যোগ পরিচালিত হয়। অন্যদিকে সিলেটের চাঁদখানি টিলা, খাসিয়া ও জৈন্তা পাহাড়ে দেশীয় প্রজাতির চা গাছের সন্ধান পাওয়া যায়।

১৮৫৪ সালে সিলেটের মালনিছড়ায় বাণিজ্যিক চা বাগান প্রতিষ্ঠার উদ্যোগ বাংলাদেশের চা শিল্পের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। পরবর্তী সময়ে লাল চাঁদ ও মাটিরাঙ্গাসহ বিভিন্ন স্থানে চা বাগান গড়ে ওঠে।

প্রথমদিকে ব্যক্তিগত উদ্যোগে চা বাগান প্রতিষ্ঠিত হলেও ষাটের দশকের অর্থনৈতিক মন্দার পর ছোট উদ্যোক্তাদের অনেকেই ব্যবসা থেকে সরে দাঁড়ান। ফলে বড় বড় ইউরোপীয় কোম্পানির হাতে চা শিল্পের মালিকানা ও নিয়ন্ত্রণ কেন্দ্রীভূত হতে থাকে।

চা শিল্পের সম্প্রসারণের জন্য প্রয়োজন ছিল বিপুল জমি, পুঁজি, প্রযুক্তি, শ্রমিক ও পরিবহনব্যবস্থা। ব্রিটিশ কোম্পানিগুলো সরকারি জমি ইজারা, স্থানীয় জমিদারদের কাছ থেকে ভূমি বন্দোবস্ত এবং সাধারণ মানুষের জমি ক্রয়ের মাধ্যমে চা বাগানের বিস্তার ঘটায়। এর ফলে সিলেট অঞ্চলের টিলাভূমি ও আশপাশের বিস্তীর্ণ এলাকা ক্রমে বাণিজ্যিক চা উৎপাদনের আওতায় আসে।

চা শিল্পের বিকাশে জেমস ফিনলে কোম্পানি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৮৬১ সালে জন ম্যুর কোম্পানিটির অধিকাংশ শেয়ার ক্রয় করে নতুন মালিকানা প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে ফিনলে কোম্পানি সিলেটের চা শিল্পে ব্যাপক প্রভাব বিস্তার করে। নর্থ সিলেট টি কোম্পানি ও সাউথ সিলেট টি কোম্পানির মতো উদ্যোগের মাধ্যমে কোম্পানিটি বাগান সম্প্রসারণ করে।

ঊনবিংশ শতাব্দীর শেষভাগে সিলেট চা উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়। ১৮৯৩ সালে সিলেটে বিপুল পরিমাণ চা উৎপাদিত হয়, যা আসামের প্রধান চা উৎপাদনকারী অঞ্চলগুলোর সঙ্গে প্রতিযোগিতামূলক অবস্থানে পৌঁছে যায়।

১৯০৪-০৫ সালে সিলেটে মোট ১২৩টি চা বাগানের মধ্যে ১১০টি ছিল ইউরোপীয় মালিকানাধীন। ১৯১০ সালের পরিসংখ্যানে দেখা যায়, প্রায় ৯৫ শতাংশ চা বাগানের মালিকানা বিদেশি উদ্যোক্তাদের হাতে ছিল। ১৯২০ সালে দেশীয় মালিকানার অংশ কিছুটা বৃদ্ধি পেলেও বিদেশি কোম্পানিগুলোর আধিপত্য অক্ষুণ্ণ থাকে।

ইউরোপীয় কোম্পানির আধিপত্য ও দেশীয় উদ্যোক্তাদের ভূমিকা

সিলেটের চা শিল্পে জেমস ফিনলে, অক্টাভিয়াস স্টিল, ম্যাকলিওড অ্যান্ড কোম্পানি, ডানকান ব্রাদার্স, শ ও ওয়ালেস, বারলো অ্যান্ড কোম্পানি, অ্যান্ড্রু ইউলসহ বিভিন্ন ইউরোপীয় এজেন্সি হাউজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উপলব্ধ ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ইউরোপীয় কোম্পানি ও এজেন্সি হাউজগুলোর অধীনে বিপুল পরিমাণ জমি ছিল। জেমস ফিনলের অধীনে ছিল ২৬ হাজার ৯৩৫ একর, অক্টাভিয়াস স্টিলের ১৪ হাজার ৭৭৬ একর এবং ম্যাকলিওড অ্যান্ড কোম্পানির ৫ হাজার ৩৩৭ একর জমি। সব মিলিয়ে উল্লিখিত কোম্পানিগুলোর জমির পরিমাণ ছিল ৬৮ হাজার ৭৩৭ একর।

তবে চা শিল্পের ইতিহাস কেবল ইউরোপীয় পুঁজিপতিদের ইতিহাস নয়। দেশীয় উদ্যোক্তা, জমিদার, আইনজীবী, ব্যবসায়ী, স্থানীয় ব্যবস্থাপক ও প্রযুক্তিগত জ্ঞানসম্পন্ন ব্যক্তিরাও এই শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

১৮৭৬ সালে কাছাড় নেটিভ স্টক কোম্পানি প্রতিষ্ঠা দেশীয় চা পুঁজির বিকাশে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সিলেটের আইনজীবী মোশাররফ আলী তাঁর হিন্দু বন্ধুদের সহযোগিতায় কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে ভারত সমিতি লিমিটেড, ইন্দেশ্বর টি অ্যান্ড ট্রেডিং কোম্পানি এবং অন্যান্য দেশীয় প্রতিষ্ঠান চা উৎপাদন ও বাণিজ্যে যুক্ত হয়।

১৯১১ সালে আসামের প্রথম দেশীয় মন্ত্রী খান বাহাদুর সৈয়দ আব্দুল মজিদ সিলেটের নেতৃস্থানীয় হিন্দু ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সহায়তায় অল ইন্ডিয়া টি কোম্পানি প্রতিষ্ঠা করেন। এ কোম্পানির অনুমোদিত মূলধন ছিল ১০ লাখ রুপি।

সিলেটের জমিদার নবাব আলী আমজাদ খান রঙ্গির ছড়া চা বাগান প্রতিষ্ঠা করেন। মুহম্মদ বখত মজুমদার, করিম বখ্শ, গোলাম রাব্বানী ও আব্দুল মজিদ কাপ্তান মিয়াসহ স্থানীয় উদ্যোক্তারা ব্রাহ্মণছড়া চা বাগানের মালিকানায় যুক্ত ছিলেন। জমিদার ও আইনসভার সদস্য আব্দুর রশিদ চৌধুরী এবং তাঁর পুত্র আমিনুর রশিদ চৌধুরীও চা শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

দেশীয় উদ্যোক্তাদের মধ্যে আর্থিক সামর্থ্য ও প্রযুক্তিগত সক্ষমতার সীমাবদ্ধতা ছিল। অনেকের নিজস্ব কারখানা না থাকায় চা প্রক্রিয়াজাতকরণের জন্য ইউরোপীয় কোম্পানির কারখানার ওপর নির্ভর করতে হতো। চা বিপণন, পরিবহন, অর্থায়ন ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রেও বিদেশি কোম্পানিগুলোর ওপর নির্ভরশীলতা ছিল।

তবে এই নির্ভরশীলতার মধ্যেও দেশীয় ও বিদেশি উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে ওঠে। স্থানীয় জমিদার, টিলাবাবু ও ব্যবস্থাপকরা জমির গুণাগুণ, আবহাওয়া, উৎপাদনব্যবস্থা এবং স্থানীয় পরিবেশ সম্পর্কে ইউরোপীয় চা-করদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতেন।

অবিনাশ চন্দ্রের মতো দেশীয় ব্যবস্থাপক চা উৎপাদন ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নিয়ে গ্রন্থ রচনা করেন। সিলেটের আইনজীবী হরেন্দ্রচন্দ্র সিংহ ও প্রমোদচন্দ্র দত্ত চা শ্রমিক নিয়োগসংক্রান্ত আইন নিয়ে গবেষণামূলক গ্রন্থ রচনা করেন। এসব উদ্যোগ চা শিল্পের দেশীয় জ্ঞানভিত্তি নির্মাণে সহায়তা করে।

চা শ্রমিক: শিল্পের প্রাণ, অথচ অধিকারবঞ্চিত

চা শিল্পের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অথচ সবচেয়ে অবহেলিত অংশ হলো শ্রমিকের ইতিহাস। চা বাগানের জমি, পুঁজি, যন্ত্রপাতি, ব্যবস্থাপনা ও বিপণন নিয়ে বিস্তর আলোচনা হলেও যে শ্রমিকের ঘাম ও শ্রমে চা উৎপাদিত হয়, তার জীবন ও অধিকার নিয়ে যথেষ্ট আলোচনা হয় না।

ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরা খুব ভালোভাবেই বুঝেছিল, সিলেট ও আসামের বিস্তীর্ণ বনভূমি পরিষ্কার করে চা বাগান প্রতিষ্ঠা এবং পরিচালনার জন্য বিপুল শ্রমশক্তি প্রয়োজন। স্থানীয় জনগোষ্ঠীর শ্রমের ওপর নির্ভর করে এই বিশাল শিল্প গড়ে তোলা সহজ ছিল না। তাই ভারতের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিক সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়।

‘মাটি খুঁড়লে স্বর্ণ পাওয়া যায়’, ভালো মজুরি, উন্নত জীবন ও কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে ভারতের ছোট নাগপুর, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়সহ বিভিন্ন অঞ্চল থেকে মানুষকে নিয়ে আসা হয়। তাঁদের পূর্বপুরুষদের একটি বড় অংশকে নানা প্রতিশ্রুতি দিয়ে চা বাগানে নিয়োগ করা হয়েছিল। বাস্তবে এই শ্রমিকদের অনেকেই কঠোর প্রতারণা, ঋণ, দারিদ্র্য ও সামাজিক অসহায়ত্বের মধ্যে আবদ্ধ হয়ে পড়েন।

ঔপনিবেশিক আমলে শ্রমিক নিয়োগের জন্য কঠোর আইন ও নিয়ন্ত্রণব্যবস্থা চালু ছিল। শ্রমিকদের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে স্থানান্তর, বাগানে আবদ্ধ রাখা এবং কাজের শর্ত নির্ধারণের ক্ষেত্রে মালিকপক্ষের প্রভাব ছিল ব্যাপক। শ্রমিকদের স্বাধীন চলাচল ও পেশা পরিবর্তনের সুযোগও সীমিত ছিল।

এই শ্রমিকদের অনেককে তৎকালীন প্রচলিত ভাষায় ‘কুলি’ বলা হতো। শব্দটির মধ্যে ঔপনিবেশিক শ্রম-সম্পর্কের অবমাননাকর মানসিকতার প্রতিফলন রয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁরা চা বাগানে বসবাস করছেন। বাগানের নির্দিষ্ট শ্রমিক লাইনের অপরিসর ঘরবাড়ি, সীমিত নাগরিক সুযোগ-সুবিধা এবং প্রাতিষ্ঠানিক বৈষম্যের মধ্যে তাঁদের জীবন অতিবাহিত হচ্ছে।

আজ তাঁদের অধিকাংশই বাংলাদেশের নাগরিক। এই দেশের মাটিতে তাঁদের জন্ম, বেড়ে ওঠা, শ্রম, সংস্কৃতি ও জীবনযাপন। বাংলাদেশের অর্থনীতি, রপ্তানি আয় এবং শিল্পের বিকাশে তাঁদের অবদান অনস্বীকার্য। অথচ নাগরিক হিসেবে তাঁদের প্রাপ্য মর্যাদা, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য মজুরি নিশ্চিত করার ক্ষেত্রে এখনও অনেক ঘাটতি রয়েছে।

চা শ্রমিকদের বংশপরম্পরায় একই পেশায় আবদ্ধ থাকার প্রবণতা, বিকল্প কর্মসংস্থানের অভাব, দারিদ্র্য এবং শিক্ষার সীমাবদ্ধতা তাঁদের সামাজিক গতিশীলতাকে বাধাগ্রস্ত করেছে। অনেক পরিবারে নতুন প্রজন্মের শিক্ষিত তরুণ-তরুণীরাও পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন না।

এখানে মৌলিক প্রশ্ন হলো, যে শ্রমিকের শ্রমে দেশের চা শিল্প সমৃদ্ধ হচ্ছে, সেই শ্রমিক কেন শিল্পের সমৃদ্ধির ন্যায্য অংশীদার হবে না?

চা শিল্পের অর্থনীতি ও মালিকানার পরিবর্তন

১৯৪৭ সালের দেশভাগ চা শিল্পের মালিকানা ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসে। দেশভাগের পর অনেক হিন্দু জমিদার, ব্যবসায়ী ও পেশাজীবী সিলেট ছেড়ে ভারতে চলে যান। তাঁদের অনেকের চা শিল্পে বিনিয়োগ ছিল। ফলে শিল্পে মালিকানা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি শূন্যতা সৃষ্টি হয়।

এই শূন্যস্থান পূরণে পশ্চিম পাকিস্তানের পুঁজিপতি ও উত্তর ভারত থেকে পাকিস্তানে আগত উর্দুভাষী মুসলিম ধনিক শ্রেণির একটি অংশ এগিয়ে আসে। কেন্দ্রীয় সরকারের পৃষ্ঠপোষকতাও তারা লাভ করে।

১৯৬৬ সালের পরিসংখ্যানে দেখা যায়, ১১৪টি চা বাগানের মধ্যে ৫৬টির মালিক পশ্চিম পাকিস্তানি পুঁজিপতি, ৪৭টির মালিক ইউরোপীয় এবং মাত্র ১১টির মালিক বাঙালি উদ্যোক্তা। ১৯৭০ সালে ১৬২টি চা বাগানের মধ্যে ৭৪টির মালিকানা ছিল পশ্চিম পাকিস্তানি উদ্যোক্তাদের হাতে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় চা শিল্প ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। স্বাধীনতার পর শিল্পটিকে পুনরুজ্জীবিত করার জন্য বাংলাদেশ সরকার ১৯৭২ সালে একটি কমিটি গঠন করে। উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং বিপণনব্যবস্থা শক্তিশালী করার সুপারিশ করা হয়।

তবে স্বাধীনতার পরও প্রথম তিন দশক ব্রিটিশ ও স্কটিশ স্টারলিং কোম্পানিগুলোর আধিপত্য অব্যাহত ছিল। বড় আয়তনের বাগান, উন্নত ব্যবস্থাপনা, প্রযুক্তিগত সক্ষমতা ও উৎপাদনশীলতার কারণে এসব কোম্পানি শিল্পে প্রভাব বজায় রাখে।

বাংলাদেশে চা বাগানের মালিকানাকে সাধারণভাবে তিন ভাগে ভাগ করা যায়—স্টারলিং কোম্পানি, বাংলাদেশি কোম্পানি এবং ব্যক্তি মালিকানা। ঐতিহাসিকভাবে স্টারলিং কোম্পানির বাগানগুলোর গড় আয়তন ও উৎপাদন সক্ষমতা দেশীয় কোম্পানি এবং ব্যক্তিমালিকানাধীন বাগানের তুলনায় বেশি ছিল।

বর্তমানে দেশের চা শিল্পের মালিকানা, উৎপাদন, বিপণন ও বাজারব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। চা উৎপাদনের পাশাপাশি অভ্যন্তরীণ বাজারের সম্প্রসারণ শিল্পটির অর্থনৈতিক গুরুত্ব বাড়িয়েছে।

Manual4 Ad Code

উৎপাদন বৃদ্ধি, নতুন অঞ্চল ও চা শিল্পের সম্ভাবনা

বাংলাদেশের চা শিল্প স্বাধীনতার পর বিভিন্ন পর্যায়ে উৎপাদন বৃদ্ধির ধারায় এগিয়েছে। ১৯৭০ সালে চা উৎপাদনের পরিমাণ ছিল প্রায় ৩১.৩৮ মিলিয়ন কেজি। ২০১৬ সালে উৎপাদন দাঁড়ায় ৮৫.০৫ মিলিয়ন কেজি। ২০১৮ সালে ৮২.১২ মিলিয়ন কেজি এবং ২০১৯ সালে ৯৬.০৭ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়। ২০২০ সালে উৎপাদন ছিল ৮৬.৩৯ মিলিয়ন কেজি। ২০২১ সালে দেশে রেকর্ড ৯৬.৫১ মিলিয়ন কেজি এবং ২০২২ সালে ৯৩.৮৩ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়।

উত্তরাঞ্চলে চা চাষের সম্প্রসারণ বাংলাদেশের চা শিল্পে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরসহ বিভিন্ন জেলায় বৃহৎ ও ক্ষুদ্রায়তন চা বাগান গড়ে উঠেছে। ২০২২ সালে উত্তরাঞ্চলের জেলাগুলোতে মোট ১৭.৭৬ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়।

চা বোর্ডের বিভিন্ন প্রকল্পের আওতায় ২০০২ সাল থেকে উত্তরাঞ্চল এবং পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলায় ক্ষুদ্রায়তন চা চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ চা শিল্পকে ভৌগোলিকভাবে সম্প্রসারিত করেছে এবং নতুন উদ্যোক্তা ও কৃষকের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করেছে।

দেশে বর্তমানে চা নিলামের জন্য চট্টগ্রাম ও শ্রীমঙ্গলে দুটি নিলাম কেন্দ্র রয়েছে। চা শিল্পের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বিপণন ও রপ্তানি ব্যবস্থাকে আরও কার্যকর করতে এসব কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

চা শিল্পের উন্নয়নে সরকার ‘উন্নয়নের পথনকশা: বাংলাদেশ চা শিল্প’ শীর্ষক পরিকল্পনা গ্রহণ করে। এতে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়। উৎপাদনশীলতা বৃদ্ধি, নতুন এলাকায় চা চাষ সম্প্রসারণ, প্রযুক্তির ব্যবহার এবং বাজারব্যবস্থা উন্নয়নের মাধ্যমে শিল্পটির সম্ভাবনা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

চা শিল্পের উন্নয়নের পাশাপাশি অভ্যন্তরীণ বাজারের চাহিদা বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বাস্তবতা। একসময় বাংলাদেশ চায়ের উল্লেখযোগ্য অংশ বিদেশে রপ্তানি করত। কিন্তু জনসংখ্যা বৃদ্ধি, ভোগের পরিমাণ বৃদ্ধি এবং দেশীয় বাজারের সম্প্রসারণের ফলে রপ্তানির পরিমাণ তুলনামূলকভাবে কমেছে।

এই পরিস্থিতিতে উৎপাদন বৃদ্ধি যেমন প্রয়োজন, তেমনি মানোন্নয়ন, বহুমুখীকরণ, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি এবং ন্যায্যমূল্য নিশ্চিত করাও জরুরি।

জাতীয় চা দিবস

বাংলাদেশের চা শিল্পের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান স্মরণীয়। চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণের তারিখ ৪ জুনকে স্মরণীয় করে রাখতে ২০২০ সালের ২০ জুলাই মন্ত্রিসভার বৈঠকে প্রতিবছর ৪ জুন জাতীয় চা দিবস পালনের অনুমোদন দেওয়া হয়। ২০২১ সাল থেকে দেশে জাতীয় চা দিবস উদযাপিত হচ্ছে।

Manual2 Ad Code

এ ছাড়া জাতীয় চা পুরস্কার নীতিমালা ২০২২ অনুমোদিত হয়। ২০২৩ সালের ৪ জুন প্রথমবারের মতো চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে আট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় চা পুরস্কার দেওয়া হয়।

জাতীয় চা দিবস নিঃসন্দেহে চা শিল্পের ইতিহাস, ঐতিহ্য ও অর্থনৈতিক অবদান স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তবে এই দিবসের তাৎপর্য কেবল উৎপাদন, রপ্তানি কিংবা উদ্যোক্তাদের সাফল্য উদযাপনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। চা শিল্পের প্রকৃত ভিত্তি যে শ্রমিকসমাজ, তাদের জীবনমান, অধিকার, মর্যাদা ও ভবিষ্যৎ নিয়েও জাতীয় পর্যায়ে আলোচনা হওয়া প্রয়োজন।

চা শ্রমিকদের অধিকার ও রাষ্ট্রের দায়বদ্ধতা

বাংলাদেশের চা শিল্পের সবচেয়ে বড় বৈপরীত্য হলো, উৎপাদন ও অর্থনৈতিক সম্প্রসারণের সঙ্গে শ্রমিকদের জীবনমানের উন্নতির সমানুপাতিক সম্পর্ক সব সময় প্রতিষ্ঠিত হয়নি। একদিকে চা উৎপাদন বাড়ছে, নতুন বাগান হচ্ছে, প্রযুক্তির ব্যবহার বাড়ছে, অভ্যন্তরীণ বাজার সম্প্রসারিত হচ্ছে; অন্যদিকে চা শ্রমিকদের একটি বড় অংশ এখনও দারিদ্র্য, অপুষ্টি, অপর্যাপ্ত বাসস্থান, শিক্ষাবঞ্চনা ও স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার মধ্যে বসবাস করছে।

এই বাস্তবতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

চা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা রাষ্ট্র ও মালিকপক্ষের মৌলিক দায়িত্ব। শ্রমিকের মজুরি নির্ধারণের ক্ষেত্রে শুধু দৈনিক নগদ অর্থের পরিমাণ বিবেচনা করলেই হবে না। জীবনযাত্রার ব্যয়, খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, পরিবহন, পোশাক এবং পরিবারের প্রয়োজনীয় ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি নির্ধারণ করতে হবে।

চা বাগানে কর্মরত শ্রমিকদের জন্য নিরাপদ পানীয় জল, স্বাস্থ্যসম্মত বাসস্থান, পয়োনিষ্কাশন, বিদ্যুৎ, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা, মাতৃস্বাস্থ্যসেবা, শিশুস্বাস্থ্য এবং জরুরি চিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন। বাগানভিত্তিক স্বাস্থ্যকেন্দ্রগুলোর সক্ষমতা বাড়াতে হবে। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধা, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সমান মজুরি নিশ্চিত করতে হবে।

চা শ্রমিকদের সন্তানদের মানসম্মত শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে। প্রাথমিক শিক্ষার পাশাপাশি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কারিগরি ও উচ্চশিক্ষায় প্রবেশের সুযোগ বাড়াতে হবে। শ্রমিক পরিবারের নতুন প্রজন্মকে বংশানুক্রমিক শ্রমের গণ্ডিতে আটকে না রেখে বহুমুখী কর্মসংস্থানের সুযোগ দিতে হবে।

শ্রমিকদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পেনশন, অবসরকালীন সুবিধা, দুর্ঘটনা ও মৃত্যুকালীন ক্ষতিপূরণ এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার, যৌথ দরকষাকষি এবং স্বাধীনভাবে সংগঠিত হওয়ার অধিকারও কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে।

শুধু আইন প্রণয়ন করলেই চলবে না; আইনের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। শ্রম পরিদর্শনব্যবস্থা শক্তিশালী করতে হবে। শ্রমিকদের অভিযোগ নিষ্পত্তির জন্য কার্যকর ও সহজলভ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে।

জাতিসত্তা ও চা শ্রমিক শ্রেণি সমাজের আন্তঃসম্পর্ক

বাংলাদেশের চা শ্রমিক শ্রেণি ও সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ বিভিন্ন জাতিগত ও ভাষাগত পরিচয়ের অধিকারী। তাঁদের অনেকের পূর্বপুরুষ ভারতের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন। তাঁদের মধ্যে সাঁওতাল, ওঁরাও, মুন্ডা, ভূমিজ, মাহালি, কুর্মি, গোঁড়, তেলি, রাজবংশীসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছেন।

তাঁদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস, লোকাচার, সংগীত, নৃত্য ও সামাজিক ঐতিহ্য রয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চা বাগানে বসবাসের ফলে তাঁদের জীবনযাত্রায় একদিকে যেমন স্থানীয় সংস্কৃতির প্রভাব পড়েছে, অন্যদিকে নিজেদের সাংস্কৃতিক বৈশিষ্ট্যও অনেক ক্ষেত্রে অক্ষুণ্ণ রয়েছে।

কিন্তু দারিদ্র্য, শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার সীমাবদ্ধতা, প্রাতিষ্ঠানিক অবহেলা এবং সামাজিক বৈষম্যের কারণে তাঁদের অনেক ঐতিহ্য আজ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।

চা শ্রমিকদের উন্নয়নকে তাই কেবল মজুরি বৃদ্ধির প্রশ্নে সীমাবদ্ধ রাখা যাবে না। তাঁদের শ্রেণি ও সামাজিক মর্যাদা, ভাষা, সংস্কৃতি, ধর্মীয় স্বাধীনতা, ভূমি ও আবাসনের অধিকার এবং রাজনৈতিক অংশগ্রহণের বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

বাংলাদেশের সব জাতিসত্তার মতো চা শ্রমিক জনগোষ্ঠীরও আত্মপরিচয় ও সাংস্কৃতিক বিকাশের অধিকার রয়েছে। রাষ্ট্রের উচিত তাঁদের নিজস্ব পরিচয় ও ঐতিহ্যকে সম্মান জানিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ননীতি গ্রহণ করা।

ভূমি, পরিবেশ ও টেকসই চা শিল্প

চা শিল্পের ভবিষ্যৎ শুধু উৎপাদনের পরিমাণের ওপর নির্ভর করে না। এর সঙ্গে ভূমি, পরিবেশ, বন, পানি, জীববৈচিত্র্য এবং শ্রমিকদের জীবন-জীবিকার সম্পর্ক রয়েছে।

সিলেট ও পার্বত্য অঞ্চলের টিলাভূমি, বনাঞ্চল এবং প্রাকৃতিক পরিবেশ চা চাষের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। কিন্তু অপরিকল্পিত ভূমি ব্যবহার, বন উজাড়, পাহাড় কাটা, পানির উৎস দূষণ এবং পরিবেশগত ভারসাম্য নষ্ট হলে চা শিল্পও দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে।

বিশেষ করে চা বাগানের আশপাশে বসবাসরত স্থানীয় জনগোষ্ঠীর ভূমি ও প্রাকৃতিক সম্পদের অধিকার রক্ষা করা প্রয়োজন। উন্নয়নের নামে কোনো জনগোষ্ঠীকে ভূমি থেকে উচ্ছেদ করা কিংবা তাদের জীবন-জীবিকার উৎস সংকুচিত করা গ্রহণযোগ্য নয়।

টেকসই চা শিল্পের জন্য পরিবেশবান্ধব চাষাবাদ, মাটির উর্বরতা সংরক্ষণ, পানি ব্যবস্থাপনা, রাসায়নিক ব্যবহারে সতর্কতা, জীববৈচিত্র্য রক্ষা এবং শ্রমিকদের স্বাস্থ্যনিরাপত্তা নিশ্চিত করতে হবে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় চা গবেষণা, উন্নত জাত উদ্ভাবন, রোগবালাই নিয়ন্ত্রণ, আধুনিক সেচব্যবস্থা এবং জলবায়ু সহনশীল কৃষিপদ্ধতি গ্রহণ করা জরুরি।

একই সঙ্গে ক্ষুদ্র চা চাষিদের প্রযুক্তিগত সহায়তা, সহজ শর্তে ঋণ, বাজারে প্রবেশাধিকার এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। বড় কোম্পানির পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়লে চা শিল্পের অর্থনৈতিক ভিত্তি আরও বিস্তৃত হবে।

শ্রমের মর্যাদা প্রতিষ্ঠাই প্রকৃত উন্নয়নের মানদণ্ড

একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন কেবল মোট উৎপাদন, রপ্তানি আয় কিংবা শিল্পের সম্প্রসারণ দিয়ে বিচার করা যায় না। উন্নয়নের প্রকৃত মানদণ্ড হলো উৎপাদনের সুফল সমাজের সব শ্রেণি ও জনগোষ্ঠীর মধ্যে কতটা ন্যায়সংগতভাবে বণ্টিত হচ্ছে।

চা শিল্পের ক্ষেত্রে এই প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ। কারণ চা উৎপাদনের সঙ্গে জমি, পুঁজি, শ্রম, প্রযুক্তি, পরিবেশ ও বাজারের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। এই শিল্পের বিকাশে যাঁরা শ্রম দিয়েছেন, তাঁদের জীবনমানের উন্নতি না হলে সেই উন্নয়ন অসম্পূর্ণ থেকে যায়।

চা শ্রমিকের ঘাম, শ্রম ও জীবনসংগ্রামকে উপেক্ষা করে চা শিল্পের সাফল্যের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করা সম্ভব নয়। একইভাবে বাংলাদেশের বিভিন্ন জাতিসত্তার ইতিহাস, ভাষা ও সংস্কৃতিকে উপেক্ষা করে প্রকৃত জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

একসময় বাঙালি নিজেই ছিল ঔপনিবেশিক শাসন ও শোষণের শিকার। ভাষার অধিকার, গণতন্ত্র, স্বাধিকার ও স্বাধীনতার জন্য তাকে দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে। সেই ঐতিহাসিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে স্বাধীন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর দায়িত্ব হওয়া উচিত অন্য কোনো জনগোষ্ঠীর ওপর আধিপত্য প্রতিষ্ঠা না করা।

রাষ্ট্রের দায়িত্ব কেবল সংখ্যাগরিষ্ঠের স্বার্থ রক্ষা করা নয়; বরং প্রত্যেক নাগরিকের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করা। জাতিসত্তার বৈচিত্র্যকে সম্মান জানানো, ভূমির অধিকার রক্ষা করা, মাতৃভাষায় শিক্ষার সুযোগ সৃষ্টি করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।

উপসংহার: মানবিক রাষ্ট্র, ন্যায়ভিত্তিক সমাজ ও শ্রমের অধিকার

মানবসভ্যতার ইতিহাস মূলত মানুষের শ্রম, সংগ্রাম, আত্মত্যাগ ও পরিবর্তনের ইতিহাস। যে শ্রমিক উৎপাদন করে, যে কৃষক খাদ্য উৎপাদন করে, যে শ্রমজীবী মানুষ শিল্পের চাকা সচল রাখে, যে জনগোষ্ঠী তার ভাষা ও সংস্কৃতির ঐতিহ্য বহন করে—তারাই সভ্যতার প্রকৃত নির্মাতা।

বাংলাদেশের চা শিল্পের ইতিহাসও এর ব্যতিক্রম নয়। ব্রিটিশ ঔপনিবেশিক পুঁজির সম্প্রসারণ, দেশীয় উদ্যোক্তাদের অংশগ্রহণ, পাকিস্তান আমলের মালিকানা পরিবর্তন, স্বাধীন বাংলাদেশের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক বাজারব্যবস্থার বিকাশ—প্রতিটি পর্যায়ে শ্রমিকের অবদান ছিল অপরিহার্য।

কিন্তু ইতিহাসের নির্মম বাস্তবতা হলো, উৎপাদনের প্রধান শক্তি হয়েও শ্রমিকেরা অধিকাংশ সময় উৎপাদিত সম্পদের ন্যায্য অংশ থেকে বঞ্চিত হয়েছেন। চা শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনা, সামাজিক বৈষম্য ও অর্থনৈতিক অনিশ্চয়তা সেই বাস্তবতারই প্রতিফলন।

অন্যদিকে, দেশের বিভিন্ন জাতিসত্তার মানুষও ভূমি, ভাষা, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য ও রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি। তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

তাই চা শিল্পের উন্নয়ন পরিকল্পনায় শ্রমিকের জীবনমান, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও সাংস্কৃতিক অধিকারকে অগ্রাধিকার দিতে হবে। চা বাগানকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনায় শ্রমিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। মালিকপক্ষের মুনাফা ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি শ্রমিকের ন্যায্য অধিকার এবং পরিবেশের সুরক্ষাকে সমান গুরুত্ব দিতে হবে।

রাষ্ট্রকে মনে রাখতে হবে, শ্রমিক কোনো করুণার পাত্র নয়; সে উৎপাদনের অপরিহার্য অংশীদার। জাতিসত্তার মানুষ কোনো অনুগ্রহের প্রত্যাশী নয়; তারা সমান মর্যাদা ও অধিকারসম্পন্ন নাগরিক। উন্নয়ন কোনো বিশেষ শ্রেণি কিংবা গোষ্ঠীর একক সম্পত্তি নয়; উন্নয়নের সুফল সবার মধ্যে পৌঁছানোই রাষ্ট্রের প্রকৃত সাফল্য।

‘শ্রম যার সম্পদ তার’—এই নীতির বাস্তব প্রতিফলন ঘটাতে হলে শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা, শোষণ-বৈষম্যের অবসান, জাতিসত্তার অধিকার নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে।

মানবসভ্যতার প্রকৃত অগ্রগতি তখনই সম্ভব, যখন মানুষ মানুষকে শোষণ করবে না, কোনো জাতিসত্তা অন্য জাতিসত্তার ওপর আধিপত্য প্রতিষ্ঠা করবে না, কোনো শ্রমিক তার শ্রমের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবে না এবং রাষ্ট্র তার প্রত্যেক নাগরিকের অধিকার ও মর্যাদা রক্ষায় দায়বদ্ধ থাকবে।

এটাই হওয়া উচিত বাংলাদেশের চা শিল্প, শ্রমজীবী মানুষ, জাতিসত্তা এবং সামগ্রিক মানবিক উন্নয়নের মূল দর্শন।
#

সৈয়দ আমিরুজ্জামান, এলএল.বি
মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, সাংবাদিক ও কলামিস্ট;
বিশেষ প্রতিনিধি, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুনকথা;
সম্পাদক, আরপি নিউজ;
কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতি;
‘৯০-এর মহান গণঅভ্যুত্থানের সংগঠক ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য;
বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য;
সাধারণ সম্পাদক, মাগুরছড়ার গ্যাস সম্পদ ও পরিবেশ ধ্বংসের ক্ষতিপূরণ আদায় জাতীয় কমিটি;
বাংলাদেশ আইন ছাত্র ফেডারেশনের প্রাক্তন সভাপতি।

এ সংক্রান্ত আরও সংবাদ