সিলেট ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৮ নভেম্বর ২০২৬ : মৌলভীবাজারের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর নবাগত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।
রোববার (৮ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় শ্রীমঙ্গলে ৪৬ বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরে মৌলভীবাজার জেলার সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
বিজিবির আমন্ত্রণে আয়োজিত এ সভায় শ্রীমঙ্গল, মৌলভীবাজার সদর ও কুলাউড়া উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক নেতারা অংশ নেন।
সভায় সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, সীমান্তবর্তী জনপদের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সীমান্ত সুরক্ষায় বিজিবি ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন সাংবাদিক নেতারা।
মতবিনিময় সভায় নবাগত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা বিজিবির কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকার প্রকৃত চিত্র ও সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের সঙ্গে বিজিবির সমন্বয় ও যোগাযোগ অব্যাহত থাকবে।
এ সময় সাংবাদিক নেতারা সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির চলমান কার্যক্রমে গণমাধ্যমের সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি সীমান্তসংক্রান্ত সংবাদ ও তথ্য সংগ্রহের ক্ষেত্রে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রত্যাশা করেন তাঁরা।
সভায় ৪৬ বিজিবির উপ-অধিনায়ক (টু-আইসি) মেজর মাহবুবসহ ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে বিজিবির পক্ষ থেকে সাংবাদিকদের চা-চক্রে আপ্যায়ন করা হয় এবং সৌজন্য উপহার প্রদান করা হয়।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি