সিলেট ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | খুলনা, ০৯ নভেম্বর ২০২৬ : খুলনা মহানগরীর দৌলতপুরে জাতীয়তাবাদী কৃষকদলের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের ঘরোয়া আলোচনা সভা লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন মহানগর জাতীয়তাবাদী কৃষকদলের নেতাকর্মীরা।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) রাত ৮টার দিকে নগরীর দৌলতপুরে সেভ অ্যান্ড সেভের সামনে, বর্তমানে মনা নামের একটি প্রতিষ্ঠানের সামনের টিনশেড কক্ষে এ ঘটনা ঘটে।
খুলনা মহানগর কৃষকদলের আহ্বায়ক সজিব তালুকদার জানান, সোমবার রাতে ওই টিনশেড কক্ষে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ঘরোয়া আলোচনা সভা চলছিল। এ সময় দুর্বৃত্তরা সভাস্থল লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে।
তবে সেটি বিস্ফোরিত না হওয়ায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি বলেন, ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন কৃষকদলের নেতাকর্মীরা।
সজিব তালুকদার দাবি করেন, একটি চক্র দেশকে অস্থিতিশীল করার উদ্দেশে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। আগামী ডিসেম্বরে তাদের নেত্রীর দেশে ফেরাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা থাকতে পারে বলে বিভিন্ন আলামত থেকে তাদের ধারণা।
এ ঘটনায় ওই চক্রকে সন্দেহ করছেন তারা। তবে তদন্তের মাধ্যমে প্রকৃত জড়িত ব্যক্তিদের পরিচয় বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরো বলেন, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। খবর পেয়ে পরে ঘটনাস্থলে যান। ওই কক্ষটি কোনো দলীয় কার্যালয় নয়; সেখানে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা বসে আলোচনা করেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হালিমুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে ককটেলসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। কৃষকদলের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের ঘরোয়া সভা চলাকালে সভাস্থলের সামনে এ ঘটনা ঘটে। উদ্ধার করা বস্তুটি বিস্ফোরিত হয়নি।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি