মানুষের মুক্তির সংগ্রামে মহান অক্টোবর বিপ্লব আজও এক অনন্য প্রেরণার উৎস

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬

মানুষের মুক্তির সংগ্রামে মহান অক্টোবর বিপ্লব আজও এক অনন্য প্রেরণার উৎস

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৯ নভেম্বর ২০২৬ : মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেছেন, পুঁজিবাদী শোষণ, বৈষম্য, সাম্রাজ্যবাদী আধিপত্য ও যুদ্ধের বিরুদ্ধে শ্রমিকশ্রেণি এবং মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে মহান অক্টোবর বিপ্লব আজও এক অনন্য প্রেরণার উৎস। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের অধিকার নিশ্চিত করা এবং শোষণমুক্ত সমাজ নির্মাণের সংগ্রামকে আরও জোরদার করতে হবে।

Manual3 Ad Code

সোমবার (৯ নভেম্বর ২০২৬), বিকেল ৪টায় ঢাকার পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন। বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য রাগিব আহসান মুন্না, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এম এম আকাশ, অনিরুদ্ধ দাশ অঞ্জন। প্রবন্ধ পাঠ করেন কল্লোল বনিক। সভা পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সংগঠক ত্রিদিব সাহা।

সভায় নেতৃবৃন্দ বলেন, ১৯১৭ সালের রুশ বিপ্লব কেবল রাশিয়ার রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন ছিল না; তা ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে শ্রমিকশ্রেণির নেতৃত্বে পরিচালিত এক ঐতিহাসিক সমাজ পরিবর্তনের ঘটনা। এই বিপ্লব পৃথিবীর দেশে দেশে ঔপনিবেশিক শাসন, সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে মুক্তিকামী মানুষের আন্দোলনকে নতুন শক্তি ও দিশা দিয়েছিল। শ্রমিকের অধিকার, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য এবং মানুষের মর্যাদার প্রশ্নকে বিশ্বরাজনীতির কেন্দ্রে নিয়ে আসতে অক্টোবর বিপ্লবের ঐতিহাসিক ভূমিকা ছিল অনস্বীকার্য।

Manual2 Ad Code

নেতৃবৃন্দ বলেন, অক্টোবর বিপ্লবের ১০৯ বছর পরও পৃথিবী থেকে শোষণ-বৈষম্য দূর হয়নি। পুঁজিবাদী বিশ্বব্যবস্থায় সম্পদ ও ক্ষমতা ক্রমেই মুষ্টিমেয় মানুষের হাতে কেন্দ্রীভূত হচ্ছে। সাম্রাজ্যবাদী প্রতিযোগিতা, যুদ্ধ, দখলদারিত্ব, অস্ত্রের প্রতিযোগিতা এবং বহুজাতিক পুঁজির আধিপত্য বিশ্বশান্তি ও মানবসভ্যতাকে বিপন্ন করছে। একদিকে বিপুল সম্পদ ও প্রযুক্তিগত অগ্রগতি, অন্যদিকে ক্ষুধা, বেকারত্ব, দারিদ্র্য ও বাস্তুচ্যুতি—এই বৈপরীত্য পুঁজিবাদী ব্যবস্থার সংকটকে আরও স্পষ্ট করে তুলছে। এই বাস্তবতায় সমাজতন্ত্রের আদর্শ ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম নতুন তাৎপর্য অর্জন করেছে।

Manual1 Ad Code

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে নেতৃবৃন্দ বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা প্রকাশ পেয়েছিল, তা বাস্তবায়নের সংগ্রাম এখনো শেষ হয়নি। কেবল ক্ষমতার পরিবর্তনই গণতন্ত্রের নিশ্চয়তা দিতে পারে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা, মানুষের মতপ্রকাশ ও সংগঠিত হওয়ার অধিকার নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা, রাজনৈতিক সহনশীলতা এবং রাষ্ট্রের সর্বস্তরে জবাবদিহি নিশ্চিত করা জরুরি। রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা, ভয়ভীতি, দখলদারিত্ব, সহিংসতা ও দমন-পীড়নের মাধ্যমে গণতান্ত্রিক সমাজ নির্মাণ সম্ভব নয়। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সব গণতান্ত্রিক শক্তির ঐক্য ও সক্রিয় ভূমিকা প্রয়োজন।

Manual4 Ad Code

তাঁরা আরও বলেন, দেশের শ্রমজীবী মানুষ আজ জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি, কর্মসংস্থানের সংকট, অনিশ্চিত মজুরি ও কর্মপরিবেশসহ নানা সংকটে জর্জরিত। গার্মেন্ট শ্রমিকসহ বিভিন্ন খাতের শ্রমিকেরা ন্যায্য মজুরি ও অধিকার আদায়ের দাবিতে আন্দোলন করতে গিয়ে হামলা, মামলা, গ্রেপ্তার ও পুলিশি দমন-পীড়নের শিকার হচ্ছেন। একদিকে গার্মেন্ট, ট্যানারী, চা-বাগানের মত প্রাতিষ্ঠানিক শিল্পের শ্রমিক অন্যদিকে হকার, রিকশাচালকসহ অনানুষ্ঠানিক খাতের শ্রমজীবী মানুষের জীবিকা ও মর্যাদার প্রশ্নও উপেক্ষিত হচ্ছে। শ্রমিকের ন্যায্য দাবি ও গণমানুষের জীবন-জীবিকার সংকটকে আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে বিবেচনা না করে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। শ্রমিকের ট্রেড ইউনিয়ন অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সংগঠিত হওয়ার স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

নেতৃবৃন্দ বলেন, অর্থনীতির ওপর লুটেরা পুঁজি, দুর্নীতি, ঋণনির্ভরতা ও বৈষম্যের চাপ বাড়ছে। উৎপাদনশীল খাতকে শক্তিশালী করা, রাষ্ট্রায়ত্ত শিল্প ও জাতীয় সম্পদ রক্ষা, কৃষি ও শিল্পে কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা-স্বাস্থ্যসহ মৌলিক সেবাকে মানুষের অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। জাতীয় সম্পদ ও অর্থনীতির ওপর জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা ছাড়া প্রকৃত অর্থনৈতিক মুক্তি সম্ভব নয়।

আলোচনা সভায় নেতৃবৃন্দ মহান অক্টোবর বিপ্লবের শিক্ষা ধারণ করে শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের ঐক্য গড়ে তোলা, সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে সংগ্রাম জোরদার করা এবং বাংলাদেশে গণতন্ত্র, সাম্য, সামাজিক ন্যায়বিচার ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কমিউনিস্ট ও বাম প্রগতিশীল শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ