সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৯ নভেম্বর ২০২৬ : জ্ঞান, সৌন্দর্য ও আনন্দের মধ্য দিয়ে উদার, মননশীল ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন মানুষ গড়ে তোলার লক্ষ্যে ২০২৭ সালের জানুয়ারি থেকে ‘আলোর ইশকুল’ কর্মসূচির পঞ্চম পর্ব শুরু করতে যাচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্র। এ উপলক্ষে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী এবং ১৮ বছর বা তার বেশি বয়সী আগ্রহী ব্যক্তিরা এ কর্মসূচির সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারবেন।
বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের বিশ্বসভ্যতা, সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা, দর্শন, বিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি, রাজনীতি, সমাজবিদ্যাসহ জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় পরিচিত ও সমৃদ্ধ হওয়ার সুযোগ থাকবে। কর্মসূচির আওতায় বিশ্বের গুরুত্বপূর্ণ ৩০টি বিষয়ে বিশদ চর্চার পাশাপাশি প্রায় ২৫০টি বক্তৃতা শোনার সুযোগ পাবেন সদস্যরা।
আয়োজকদের তথ্যমতে, ২০১৩ সাল থেকে জ্ঞানচর্চা ও মননশীলতার বিকাশে ‘আলোর ইশকুল’ পরিচালনা করে আসছে বিশ্বসাহিত্য কেন্দ্র। এ কর্মসূচির মূল লক্ষ্য কেবল প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন নয়; বরং শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও জীবনবোধের বহুমাত্রিক চর্চার মধ্য দিয়ে আলোকিত, উদার ও মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরি করা।
এ কর্মসূচিতে রয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ ২০০টি বই নিয়ে পাঠচক্র, সাহিত্য সংঘ, রবীন্দ্র পাঠচক্র, চিত্রকলা চক্র, বইবিষয়ক বক্তৃতা, নাট্যানুষ্ঠান এবং বিভিন্ন দেশের শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র প্রদর্শনী। পাশাপাশি উপমহাদেশীয় ধ্রুপদি সংগীত ও নৃত্য, পাশ্চাত্য সংগীত, স্থাপত্যের নান্দনিকতা, চীনা, ভারতীয়, মুসলিম ও পাশ্চাত্য দর্শন, রাজনৈতিক দর্শন, নৃ-তত্ত্ব, জ্যোতির্বিদ্যা, মনস্তত্ত্ব, বিশ্ব প্রযুক্তির ইতিহাস, আমলাতন্ত্রের ইতিহাস এবং বিজ্ঞানের অগ্রযাত্রাসহ নানা বিষয়ে চর্চার সুযোগ থাকবে।
এ ছাড়া বাংলাদেশের ইতিহাস, আইন ও বিচারব্যবস্থা, গাছপালা ও নিসর্গ, বাঙালির দর্শন এবং অসুখ, ওষুধ ও আরোগ্যের ইতিহাসের মতো বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে কর্মসূচিতে। ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের জন্য রয়েছে চার বছর মেয়াদি বিশেষ কার্যক্রম। জাপানি ফুল সাজানোর পদ্ধতি ইকেবানা, ভ্রমণ, চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র উপভোগের পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক জ্ঞান বিনিময় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার উদ্যোগও থাকবে।
বিশ্বসাহিত্য কেন্দ্র জানিয়েছে, আগ্রহী ব্যক্তিদের আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র সংগ্রহ, পূরণ ও জমা দিতে হবে। এ জন্য এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে নিয়ে যেকোনো দিন বেলা ৩টা থেকে রাত ৮টার মধ্যে ঢাকার বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের অভ্যর্থনা কক্ষে উপস্থিত হতে হবে। আবেদন পাওয়ার পর আবেদনকারীদের সঙ্গে সরাসরি আলাপের মাধ্যমে সদস্য নির্বাচন করা হবে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, নির্বাচিত হয়ে ‘আলোর ইশকুল’-এর সদস্য হতে কোনো ভর্তি ফি বা অর্থ প্রদান করতে হবে না।
আগ্রহীরা বিস্তারিত জানতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ১৭, ময়মনসিংহ রোড, বাংলামোটর, ঢাকা ঠিকানায় যোগাযোগ করতে পারেন। ফোন: ০২-৫৮৬১২৩৭৪, ০২-২২৩৩৬০৮১২, ০১৯৭১৪৭৫৮৯৫।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি