সাংবাদিকদের আইনি সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৬

সাংবাদিকদের আইনি সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

Manual3 Ad Code
  • শ্রীমঙ্গলে তথ্য অধিদপ্তরের সেমিনার
  • ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের সুপারিশ, ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে বিশেষ সেল গঠনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২১ নভেম্বর ২০২৬ : সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, আইনি সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। সাংবাদিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পেশাগত স্বার্থ সংরক্ষণ, ভুয়া সাংবাদিকতা প্রতিরোধ এবং গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার কাজ করছে। ভুয়া সাংবাদিকতা মোকাবিলায় বিশেষ সেল গঠন এবং এ বিষয়ে একটি স্বাধীন ও জবাবদিহিমূলক কাঠামো তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর ২০২৬) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘গণমাধ্যম কর্মীদের কাজের সুরক্ষা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতকরণ’ শীর্ষক এক সেমিনারে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতির আওতায় সরকারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সিলেট আঞ্চলিক তথ্য অফিস এ সেমিনারের আয়োজন করে। শ্রীমঙ্গল প্রেসক্লাবের ২৫ জন গণমাধ্যমকর্মী এতে অংশ নেন।

সৈয়দ আবদাল আহমদ বলেন, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পেশা। রাষ্ট্র ও সমাজের নানা অসঙ্গতি তুলে ধরতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রতিকূলতা, হয়রানি ও নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে হয়। এ বাস্তবতায় সাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সাংবাদিকদের সামাজিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

তিনি বলেন, ভুয়া সাংবাদিকতা বর্তমানে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ও পেশাদারিত্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করা এবং এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে একটি বিশেষ সেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে স্বাধীন ও জবাবদিহিমূলক কাঠামো তৈরির কাজ চলছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে অপসাংবাদিকতা ও ভুয়া সাংবাদিকতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সহজ হবে।

বর্তমান সরকারকে সাংবাদিকবান্ধব উল্লেখ করে প্রধান তথ্য কর্মকর্তা বলেন, সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

সিলেট আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হাসিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন আঞ্চলিক তথ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসীন এবং মৌলভীবাজার জেলা তথ্য কর্মকর্তা উজ্জল সিং। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট তথ্য অফিসের তথ্য সহকারী মো. মাহমুদুল ইসলাম রাসেল।

Manual8 Ad Code

গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, দুর্বল হলে গণতন্ত্রও দুর্বল হয়

সেমিনারে অংশগ্রহণকারী সাংবাদিকরা কর্মক্ষেত্রে হয়রানিমূলক মামলা, হুমকি, পেশাগত নিরাপত্তাহীনতা, সামাজিক মর্যাদার সংকট এবং আর্থিক অনিশ্চয়তার নানা অভিজ্ঞতা তুলে ধরেন।

Manual8 Ad Code

অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের মধ্যে প্রথমেই বক্তব্য দেন ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক, বিশিষ্ট কলামিস্ট এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

তিনি বলেন, “গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। অপর তিনটি স্তম্ভ হচ্ছে আইনসভা, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ। বোঝাই যাচ্ছে গণমাধ্যমের গুরুত্ব ও অবস্থান কোথায়। জনস্বার্থ অভিমুখী মুক্ত গণমাধ্যম ছাড়া একটি গণতান্ত্রিক রাষ্ট্র পূর্ণতা পায় না।”

তিনি বলেন, রাষ্ট্রের অন্য তিনটি স্তম্ভের পাশাপাশি গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সরকার ও প্রশাসনের অনিয়ম, দুর্নীতি, অসঙ্গতি এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড জনসমক্ষে তুলে ধরা গণমাধ্যমের অন্যতম দায়িত্ব। একই সঙ্গে জনগণের অধিকার ও ন্যায়সংগত দাবির পক্ষে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয়।

সৈয়দ আমিরুজ্জামান বলেন, “গণমাধ্যম হচ্ছে জনগণের সংগ্রামের সহযোদ্ধা, নীতি-আদর্শের যৌথ প্রচারক এবং জনস্বার্থ ও রাষ্ট্রের পাহারাদার। গণমাধ্যম সরকার, প্রশাসন ও জনগণের প্রতিপক্ষ নয়; বরং জনস্বার্থে তাদের ওপর নজরদারি করে।”

তিনি আরও বলেন, শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যম ছাড়া জনস্বার্থভিত্তিক রাষ্ট্রব্যবস্থা সুদৃঢ় হতে পারে না। রাষ্ট্রের অন্য তিনটি স্তম্ভ দুর্বল হলেও চতুর্থ স্তম্ভ শক্তিশালী থাকলে রাষ্ট্রকে গণমুখী রাখার সুযোগ থাকে। কিন্তু গণমাধ্যম দুর্বল হয়ে পড়লে রাষ্ট্রব্যবস্থা ক্রমেই গণবিচ্ছিন্ন হয়ে পড়ে।

সাংবাদিকতার পেশাগত ঝুঁকি প্রসঙ্গে তিনি বলেন, “সাংবাদিকতায় ঝুঁকি থাকবেই। আমরা জেনেশুনেই এই পেশায় কাজ করছি। সৎ ও নিষ্ঠাবান সাংবাদিকরা কখনো হারিয়ে যাবে না। সাংবাদিকতার অভিধান থেকে সততা ও পেশাদারিত্ব কখনো মুছে যাবে না।”

তিনি বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো সাংবাদিক যেন সত্য ও জনস্বার্থের পক্ষে সংবাদ প্রকাশের কারণে হয়রানি, ভয়ভীতি কিংবা অন্যায় চাপের শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিজেদেরও নৈতিকতা, সততা, বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ

Manual6 Ad Code

সেমিনারে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগও গুরুত্বের সঙ্গে উঠে আসে। বিশেষ করে মফস্বল পর্যায়ের সাংবাদিকদের অনেকেই প্রাপ্য সম্মানী ও আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন অংশগ্রহণকারীরা।

সাংবাদিকরা বলেন, রাজধানীকেন্দ্রিক গণমাধ্যমের বাইরে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকরা প্রতিকূল পরিবেশে দায়িত্ব পালন করলেও তাদের আর্থিক নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি অনেক ক্ষেত্রেই নিশ্চিত হচ্ছে না। সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, যাতায়াত ও যোগাযোগের ব্যয় বহন করতে হয় নিজেদের সীমিত আয় থেকে। অথচ অনেক ক্ষেত্রে নিয়মিত বেতন-ভাতা কিংবা সম্মানীও পাওয়া যায় না।

সাংবাদিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা বিতরণে অনিয়মের বিষয়টিকে ‘ভুল’ বলে স্বীকার করেন। এ বিষয়ে জেলা তথ্য কর্মকর্তাকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি কোনো সাংবাদিক সহায়তা প্রাপ্তিতে অনিয়ম বা বৈষম্যের শিকার হলে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নির্ধারিত সেলে লিখিত অভিযোগ জানিয়ে প্রতিকার চাওয়ার আহ্বান জানান।

ভুয়া সাংবাদিকতা ও অপতথ্য প্রতিরোধে সচেতনতার আহ্বান

সেমিনারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সভাপতির বক্তব্যে হাসিনা আক্তার বলেন, সাংবাদিকদের আইনি সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তথ্য অধিদপ্তর কাজ করছে। তবে ভুয়া সাংবাদিকতা এবং ফেসবুককেন্দ্রিক অপতৎপরতা সমাজ ও রাষ্ট্রের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা মোকাবিলায় সাংবাদিক, গণমাধ্যম প্রতিষ্ঠান, প্রশাসন ও সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য, বিভ্রান্তিকর সংবাদ ও ভুয়া ফটোকার্ড ব্যবহার করে গুজব ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতৎপরতা শুধু গণমাধ্যমের ভাবমূর্তিই ক্ষুণ্ন করে না, সমাজে বিভ্রান্তি ও অস্থিরতাও তৈরি করতে পারে। এ ধরনের অপপ্রচার প্রতিরোধে সরকারের বিভিন্ন বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, প্রকৃত সাংবাদিকতা ও অপসাংবাদিকতার মধ্যে পার্থক্য নির্ধারণ করা জরুরি। পেশাদার সাংবাদিকদের মর্যাদা ও অধিকার রক্ষার পাশাপাশি সাংবাদিকতার নামে প্রতারণা এবং ব্যক্তিস্বার্থে গণমাধ্যম পরিচয় ব্যবহারের প্রবণতা বন্ধ করতে হবে।

মফস্বল সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের দাবি

সেমিনারে আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকরা বলেন, জাতীয় পর্যায়ের গণমাধ্যমের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকরাও রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। স্থানীয় পর্যায়ের অনিয়ম, দুর্নীতি, জনদুর্ভোগ, প্রশাসনিক অসংগতি এবং সাধারণ মানুষের অধিকারবঞ্চনার চিত্র তুলে ধরতে গিয়ে তাদের অনেক সময় স্থানীয় প্রভাবশালী মহলের চাপ, হুমকি ও হয়রানির মুখে পড়তে হয়।

Manual2 Ad Code

অথচ এসব সাংবাদিকের বড় অংশই পর্যাপ্ত বেতন, নিয়মিত সম্মানী, চাকরির নিশ্চয়তা কিংবা সামাজিক নিরাপত্তা পান না। ফলে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তাদের জীবন-জীবিকা নিয়েও অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়।

সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আলোচনা শুধু নীতিগত বক্তব্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। কর্মক্ষেত্রে নিরাপত্তা, হয়রানি ও মিথ্যা মামলার প্রতিকার, ন্যায্য বেতন-ভাতা, চিকিৎসা সহায়তা, পেশাগত প্রশিক্ষণ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে মফস্বল সাংবাদিকদের জন্য বাস্তবসম্মত ও বৈষম্যহীন কল্যাণব্যবস্থা গড়ে তোলার দাবি জানান তারা।

সেমিনারে শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সদস্য সচিব রুবেল আহমদ, দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আবুজার রহমান বাবলা, দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি কাজী গোলাম কিবরিয়া জুয়েল, সাংবাদিক কাওছার ইকবাল, আমজাদ হোসেন বাচ্চু, ইসমাইল মাহমুদ, মিজানুর রহমান আলম, শামসুল ইসলাম শামীম, নূর মোহাম্মদ সাগর, শাকিব আহমেদ, আনোয়ার হোসেন জসিম, এম এ রকিব, বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, সনেট দেব চৌধুরী, এহসানুল হক, শাহাবুদ্দিন, এম এ রব, এম মুসলিম চৌধুরীসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা বলেন, স্বাধীন, দায়িত্বশীল ও জনস্বার্থমুখী গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য সাংবাদিকদের পেশাগত স্বাধীনতার পাশাপাশি আইনি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সাংবাদিকদের অধিকার ও মর্যাদা সুরক্ষিত হলেই গণমাধ্যম তার প্রকৃত দায়িত্ব পালনে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

এ সংক্রান্ত আরও সংবাদ