হবিগঞ্জের খবর সম্পাদক হুমায়ুন কবির গ্রেপ্তার, সাংবাদিক মহলে উদ্বেগ

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৬

হবিগঞ্জের খবর সম্পাদক হুমায়ুন কবির গ্রেপ্তার, সাংবাদিক মহলে উদ্বেগ

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মাধবপুর (হবিগঞ্জ), ২০ নভেম্বর ২০২৬ : হবিগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা ‘হবিগঞ্জের খবর’-এর সম্পাদক ও প্রকাশক জ্যেষ্ঠ সাংবাদিক শাহ্ হুমায়ুন কবিরকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানে সংবাদ সংগ্রহ করতে গেলে বাগান কর্তৃপক্ষ তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে বাগান কর্তৃপক্ষের দায়ের করা মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গত বুধবার (১৮ নভেম্বর) দুপুরে তেলিয়াপাড়া চা-বাগানের ৩ নম্বর সেকশনের খেজুরগাছসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাঁকে আদালতে পাঠানো হয়।

Manual8 Ad Code

মামলার বাদী তেলিয়াপাড়া চা-বাগানের প্রধান করণিক মো. ইফতেকার আলম চৌধুরী। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ঘটনার দিন দুপুর ১টার দিকে বাগানের ব্যবস্থাপকের কাছে মাসিক পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন হুমায়ুন কবির। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে বাগান ও ন্যাশনাল টি কোম্পানির বিরুদ্ধে নেতিবাচক সংবাদ প্রকাশ এবং বাগানে বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি দেন তিনি।

Manual3 Ad Code

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাংবাদিক শাহ্ হুমায়ুন কবির। তাঁর দাবি, আসন্ন চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন নিয়ে প্রতিবেদন তৈরির জন্য তিনি তেলিয়াপাড়া চা-বাগানে গিয়েছিলেন। ন্যাশনাল টি কোম্পানি এবং বিভিন্ন চা-বাগানের অনিয়ম, দুর্নীতি ও শ্রমিকদের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করায় পূর্ববিরোধের জেরে তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।

Manual1 Ad Code

শাহ্ হুমায়ুন কবির (৬৫) শায়েস্তাগঞ্জ উপজেলার বাগুনীপাড়া গ্রামের মৃত মো. সুরুজ আলী শাহের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ন্যাশনাল টি কোম্পানির বিভিন্ন চা-বাগানের অনিয়ম-দুর্নীতি, শ্রমিকদের বঞ্চনা এবং অধিকারসংক্রান্ত নানা বিষয়ে তাঁর প্রতিবেদন ও লেখালেখি স্থানীয় পর্যায়ে আলোচনায় ছিল।

Manual8 Ad Code

এদিকে তাঁর গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। মাধবপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরাশ উদ্দিন বলেন, “শাহ্ হুমায়ুন কবির একজন মুরুব্বি ও জ্যেষ্ঠ সাংবাদিক। ন্যাশনাল টি কোম্পানিসহ বিভিন্ন চা-বাগানের অনিয়ম ও দুর্নীতি নিয়ে তিনি দীর্ঘদিন ধরে লেখালেখি করে আসছেন। চা-শ্রমিকদের পক্ষে তাঁর প্রতিবাদী লেখালেখি ও বক্তব্যও দীর্ঘদিনের। তাঁর গ্রেপ্তারের ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি।”

স্থানীয় সাংবাদিকদের কেউ কেউ মামলায় মাসিক পাঁচ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, ঘটনার প্রকৃত সত্য উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

মাধবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা জানান, তেলিয়াপাড়া চা-বাগান কর্তৃপক্ষ হুমায়ুন কবিরকে আটক রেখে পুলিশকে খবর দেয়। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয় এবং তাঁকে আদালতে পাঠানো হয়।

তবে চাঁদাবাজির অভিযোগের সত্যতা কিংবা সাংবাদিকের দাবি অনুযায়ী তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানোর অভিযোগ—কোনোটিই এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

এ সংক্রান্ত আরও সংবাদ