গার্মেন্টস শ্রমিকের ক্ষোভ কমবে না, ২৯ নভেম্বর মজুরি বোর্ড ঘেরাও

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৬

গার্মেন্টস শ্রমিকের ক্ষোভ কমবে না, ২৯ নভেম্বর মজুরি বোর্ড ঘেরাও

Manual7 Ad Code
  • গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা ও গ্রেডভিত্তিক মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে পুনর্বিবেচনার দাবিতে ২৯ নভেম্বর মজুরি বোর্ড ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে জি-স্কপ।

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৬ নভেম্বর ২০২৬ : গার্মেন্টস শ্রমিকদের জন্য প্রস্তাবিত ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ)।

Manual3 Ad Code

সংগঠনটির নেতারা বলেছেন, ঘোষিত মজুরি শ্রমিকদের দীর্ঘদিনের অসন্তোষ দূর করতে পারবে না। তাই গ্রেডভিত্তিক মজুরি কাঠামো পুনর্বিবেচনা করে শ্রমিকদের জন্য জীবনধারণের উপযোগী ও সম্মানজনক মজুরি নির্ধারণ করতে হবে। এ দাবিতে আগামী ২৯ নভেম্বর রোববার সকাল ১১টায় মজুরি বোর্ড ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। জি-স্কপের আহ্বানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক আহসান হাবিব বুলবুল। সঞ্চালনা করেন যুগ্ম সমন্বয়ক বাচ্চু মিয়া।

সমাবেশে বক্তব্য দেন জি-স্কপের সমন্বয়ক আসাদুজ্জামান চৌধুরী এবং কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য খালেকুজ্জামান লিপন, সেলিম মাহমুদ, সরদার খোরশেদ, নুরুল আমিন, তৈয়বুর রহমান তোহা ও সাইফুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, বৈষম্য বিলোপের প্রতিশ্রুতিতে সাড়া দিয়ে দেশের শ্রমিকেরা সবচেয়ে বেশি সংখ্যায় জীবন দিয়েছেন। অথচ শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে মজুরি বোর্ড গঠনের দাবিতেও তাঁদের আন্দোলনে নামতে হয়েছে। তাঁদের প্রত্যাশা ছিল, নতুন মজুরি কাঠামো এমন হবে, যাতে একজন শ্রমিক সম্মানজনক জীবনযাপন করতে পারেন এবং দারিদ্র্যসীমার ওপরে উঠতে পারেন।

বক্তারা বলেন, আন্তর্জাতিক বাজারের জন্য পণ্য উৎপাদন করলেও বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকেরা আন্তর্জাতিক মানের মজুরি থেকে বঞ্চিত। শ্রমিকদের প্রত্যাশা ছিল, সরকারি কর্মচারীদের পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে তাঁদের মজুরি নির্ধারণ করা হবে। কিন্তু ঘোষিত মজুরি সেই প্রত্যাশার প্রতিফলন ঘটায়নি।

Manual8 Ad Code

বিজিএমইএর বক্তব্যের ভিত্তিতে মজুরি ২২ হাজারের বেশি হওয়ার দাবি

সমাবেশে মালিকপক্ষের বক্তব্য তুলে ধরে জি-স্কপ নেতারা বলেন, মজুরি নিয়ে আলোচনার সময় বিজিএমইএর সভাপতি বলেছিলেন, বাংলাদেশের নতুন মজুরি ভিয়েতনামের সমান না হলেও ভারতের গার্মেন্টস শ্রমিকদের মজুরির চেয়ে ১০ ডলার বেশি হতে পারে। তাঁদের দাবি, ভারতের গার্মেন্টস শ্রমিকদের গড় মজুরি ১৯২ ডলার। সে হিসাবে ১০ ডলার কম ধরলেও বাংলাদেশের শ্রমিকদের মজুরি ১৮২ ডলার হওয়ার কথা, যা বাংলাদেশি মুদ্রায় ২২ হাজার টাকার বেশি।

নেতাদের অভিযোগ, মালিকপক্ষ নিজেদের বক্তব্যেই এই মজুরি দেওয়ার সক্ষমতার ইঙ্গিত দিলেও মজুরি বোর্ড শ্রমিকদের জন্য প্রত্যাশিত মজুরি নিশ্চিত করতে পারেনি।

Manual1 Ad Code

মজুরি নির্ধারণে ভোটাভুটির সমালোচনা

মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধিদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। তাঁরা বলেন, ছয় সদস্যের মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধির সংখ্যা মাত্র দুজন। এমন পরিস্থিতিতে ভোটাভুটির মাধ্যমে মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় অংশ নেওয়া শ্রমিকদের স্বার্থ রক্ষার পরিবর্তে বোর্ডের সিদ্ধান্তকে বৈধতা দেওয়ার শামিল।

তাঁদের মতে, শ্রম আইন ২০০৬-এর ১৪১ ধারায় মজুরি নির্ধারণের জন্য ১১টি মানদণ্ড উল্লেখ রয়েছে। এসব মানদণ্ড, বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের বাস্তব হিসাব বিবেচনা করেই মজুরি নির্ধারণ করা উচিত। ভোটাভুটির মাধ্যমে মজুরি নির্ধারণের নজির শ্রমিকদের মধ্যে মজুরি বোর্ডের প্রতি আস্থাহীনতা তৈরি করবে।

ঘোষিত মজুরি কাঠামোয় বিভিন্ন গ্রেডের মধ্যে মজুরির যে পার্থক্য রাখা হয়েছে, সেটিও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তাঁরা। একই সঙ্গে নিজেদের ব্যর্থতা আড়াল করতে মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধিরা শ্রমিকদের প্রতিবাদকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন জি-স্কপ নেতারা।

Manual3 Ad Code

দমন-পীড়নে শ্রমিকদের ক্ষোভ দূর হবে না

সমাবেশে বক্তারা বলেন, যে অসন্তোষের কারণে শ্রমিকেরা রাজপথে নেমেছিলেন, ঘোষিত মজুরি সেই অসন্তোষের সমাধান করতে পারবে না। ভয়ভীতি, দমন-পীড়ন কিংবা চাকরি হারানোর হুমকি দিয়ে শ্রমিকদের সাময়িকভাবে কারখানায় ফেরানো সম্ভব হলেও তাঁদের মধ্যে জমে থাকা ক্ষোভ দূর করা যাবে না। এই ক্ষোভ যেকোনো সময় নতুন করে বিস্ফোরিত হতে পারে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে নেতারা বলেন, মজুরি নির্ধারণে সরকারের সরাসরি হস্তক্ষেপের পক্ষে নয় জি-স্কপ। তবে মজুরি বোর্ড শ্রমিকদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হওয়ায় সরকারকে ঘোষিত মজুরি পুনর্বিবেচনার উদ্যোগ নিতে হবে। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে মনুষ্যোচিত মজুরি নিশ্চিত করতে হবে।

এ দাবিতে আগামী ২৯ নভেম্বর রোববার সকাল ১১টায় মজুরি বোর্ড ঘেরাও কর্মসূচি পালন করবে জি-স্কপ। ঘোষিত ন্যূনতম মজুরি ও গ্রেডভিত্তিক মজুরির ব্যবধান পুনর্বিবেচনা করে নতুন মজুরি কাঠামো নির্ধারণের দাবি জানাবে সংগঠনটি।

এ সংক্রান্ত আরও সংবাদ