নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে আইনের প্রয়োগ ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৬

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে আইনের প্রয়োগ ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬ : নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু আইন প্রণয়ন কিংবা সচেতনতামূলক প্রচার যথেষ্ট নয়। এ জন্য আইনের কার্যকর প্রয়োগ, অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা, সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সহজলভ্য সহায়তা প্রদান এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা দূর করা জরুরি। একই সঙ্গে নারী-পুরুষের সমতাভিত্তিক সামাজিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

Manual1 Ad Code

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) রাজধানীর বাংলাদেশ সামরিক জাদুঘরে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত এক জাতীয় সংলাপে বক্তারা এসব কথা বলেন।

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক প্রচারাভিযানের সূচনা উপলক্ষে ‘ন্যায়বিচার নিশ্চিত করুন, সহিংসতার শিকারদের সুরক্ষা দিন, দায়মুক্তির অবসান ঘটান’ প্রতিপাদ্যে এ সংলাপ অনুষ্ঠিত হয়। প্রচারাভিযানটি ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে শেষ হবে।

Manual8 Ad Code

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, নারী অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে কাজ চললেও নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ হচ্ছে না। সমাজে সহিংসতাকে স্বাভাবিকভাবে দেখার প্রবণতা পরিবর্তন করতে হবে। পাশাপাশি সহিংসতার শিকার ব্যক্তিদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমজেএফের রাইটস অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রামের পরিচালক বনশ্রী মিত্র নিয়োগী। তিনি বলেন, দেশে নারী ও কন্যাশিশুর সুরক্ষায় আইন থাকলেও বাস্তবে অনেক ভুক্তভোগী ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, সামাজিক অপবাদ, ভয়ভীতি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহির ঘাটতি এর অন্যতম কারণ।

Manual5 Ad Code

তিনি অভিযোগ গ্রহণের ক্ষেত্রে গোপনীয়তা নিশ্চিত করা, দ্রুত তদন্ত সম্পন্ন করা এবং বিশেষ করে প্রান্তিক নারী ও কন্যাশিশুদের জন্য চিকিৎসা, আইনি সহায়তা ও মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করার ওপর গুরুত্ব দেন।

প্যানেল আলোচনায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয় ও দারিদ্র্য বিভাগের সাবেক পরিচালক ড. সেলিম জাহান বলেন, পুরুষতান্ত্রিক মানসিকতা ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ছাড়া শুধু আইন ও নীতিমালার মাধ্যমে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। ছোটবেলা থেকেই শিক্ষার মাধ্যমে নারী-পুরুষের সমতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের শিক্ষা দিতে হবে। বিভিন্ন শ্রেণি ও জনগোষ্ঠীর নারীদের সহিংসতার অভিজ্ঞতা বুঝতে পৃথকভাবে তথ্য-উপাত্ত বিশ্লেষণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।

চিকিৎসক, গবেষক ও রাজনীতিবিদ ডা. তাসনিম জারা বলেন, অনেক নারী সাহস করে সহিংসতার অভিযোগ জানালেও সহায়তা নিতে গিয়ে নতুন করে হয়রানি ও ভোগান্তির শিকার হন। ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারসহ বিদ্যমান সেবাকেন্দ্রগুলোতে পর্যাপ্ত প্রশিক্ষিত কর্মী, প্রয়োজনীয় অবকাঠামো ও সহায়তার ব্যবস্থা রয়েছে কি না, তা পর্যালোচনা করা জরুরি। অভিযোগ জানানোর পর ভুক্তভোগীরা যথাযথ সেবা পাচ্ছেন কি না এবং তাঁদের নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে কি না, সেটিও নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, সংবিধানে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হলেও সাংবিধানিক অধিকার এবং বাস্তবে ন্যায়বিচার পাওয়ার মধ্যে বড় ব্যবধান রয়েছে। এই ব্যবধান দূর করতে পুলিশের প্রশিক্ষণ, মামলার আলামত সংরক্ষণ, ফরেনসিক পরীক্ষার সক্ষমতা বৃদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে।

ঢাকায় সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব কো-অপারেশন ফিলিক্স হেলগেসন বলেন, সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য চিকিৎসা, কাউন্সেলিং, আইনি সহায়তা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। বিশেষ করে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের কাছে এসব সেবা পৌঁছে দিতে হবে। সহিংসতা প্রতিরোধ ও অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

Manual2 Ad Code

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জরিনা বলেন, শুধু আইন প্রণয়ন করলেই হবে না, আইনের কার্যকর বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করতে হবে। অনলাইন ও অফলাইন—উভয় ক্ষেত্রেই নারীর প্রতি সহিংসতা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বাংলাদেশে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে দুটি কর্মসূচিতে ইউরোপীয় ইউনিয়নের প্রায় এক কোটি ইউরো বিনিয়োগের বিষয়টিও তুলে ধরেন তিনি।

ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং বলেন, রাজনীতি ও জনপরিসরে অংশগ্রহণকারী নারীরা বিভিন্ন ধরনের ভয়ভীতি, হুমকি ও সহিংসতার মুখোমুখি হচ্ছেন। এসব ঘটনার বিচার নিশ্চিত করার পাশাপাশি নারী অধিকার সংগঠনগুলোর জন্য ধারাবাহিক অর্থায়ন এবং সহিংসতার শিকার ব্যক্তিদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে পুরুষ ও কিশোরদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

সমাপনী বক্তব্যে মানুষের জন্য ফাউন্ডেশনের গভর্নিং বোর্ডের চেয়ারপারসন পারভীন মাহমুদ, এফসিএ বলেন, শিশুদের ছোটবেলা থেকেই পরিবারে পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও সমতার শিক্ষা দিতে হবে। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধের উদ্যোগ শুধু ১৬ দিনের প্রচারাভিযানে সীমাবদ্ধ রাখলে চলবে না; এটি সারা বছরের ধারাবাহিক কাজ ও সামাজিক অঙ্গীকারে পরিণত করতে হবে।

অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের প্রতি সহিংসতার চিত্র তুলে ধরে নাট্যদল বটতলা একটি নাট্য পরিবেশনা উপস্থাপন করে। পরে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা নিজেদের মতামত তুলে ধরেন এবং নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ