মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষা: দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই সম্পন্ন

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬

মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষা: দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই সম্পন্ন

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ২৮ জুন ২০২৬ : বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এএসআই) নিয়োগ পরীক্ষা-২০২৬ এর অংশ হিসেবে মৌলভীবাজারে দ্বিতীয় দিনের কার্যক্রম সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

রবিবার (২৮ জুন ২০২৬) সকাল ৮টা থেকে মৌলভীবাজার এম. সাইফুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত এ কার্যক্রমে প্রথম দিনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা অংশ নেন।

নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নেতৃত্বে দিনব্যাপী শারীরিক সক্ষমতা যাচাই কার্যক্রম পরিচালিত হয়। এদিন প্রার্থীদের সহনশীলতা, শারীরিক ফিটনেস এবং ক্রীড়া দক্ষতা মূল্যায়নের লক্ষ্যে বিভিন্ন পরীক্ষার আয়োজন করা হয়। পুরুষ প্রার্থীদের জন্য ১৬০০ মিটার দৌড় এবং নারী প্রার্থীদের জন্য ১০০০ মিটার দৌড় অনুষ্ঠিত হয়। পাশাপাশি হাই জাম্প ও লং জাম্প পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়োগ কার্যক্রমকে সম্পূর্ণ স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মেধাভিত্তিক রাখার লক্ষ্যে প্রতিটি ধাপ কঠোরভাবে তদারকি করা হচ্ছে। পরীক্ষার প্রতিটি পর্যায়ে নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে প্রার্থীদের মূল্যায়ন করা হয় এবং কোনো ধরনের অনিয়মের সুযোগ রাখা হয়নি।

দিনের কার্যক্রম শেষে উত্তীর্ণ প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন নিয়োগ বোর্ডের কর্মকর্তারা। এ সময় তাদের পরবর্তী ধাপের পরীক্ষার প্রস্তুতি, প্রয়োজনীয় করণীয় এবং নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে নিয়োগকে কেন্দ্র করে সক্রিয় দালাল বা প্রতারক চক্র সম্পর্কে সতর্ক করে বলা হয়, চাকরি পাইয়ে দেওয়ার নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ কিংবা অর্থ লেনদেন না করতে। কর্মকর্তারা জোর দিয়ে বলেন, বাংলাদেশ পুলিশে নিয়োগ সম্পূর্ণভাবে মেধা, যোগ্যতা ও নির্ধারিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সম্পন্ন হয় এবং এতে কোনো ধরনের সুপারিশ বা আর্থিক লেনদেনের সুযোগ নেই।

নিয়োগ কার্যক্রম পর্যবেক্ষণ ও পরিচালনায় উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি তানভীর আহমদ, নিয়োগ বোর্ডের সদস্য ও সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল এবং সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান।

Manual3 Ad Code

এছাড়া মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রায়হান ও সাইফুল হক; মেডিকেল অফিসার ডা. শুভ্র তুষার সিংহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রথম দিনের শারীরিক মাপ গ্রহণ ও কাগজপত্র যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে যোগ্য ও সক্ষম প্রার্থীদের বাছাইয়ের লক্ষ্যে দ্বিতীয় দিনের এ শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

মৌলভীবাজার জেলা পুলিশ জানিয়েছে, ক্যাডেট এএসআই নিয়োগ প্রক্রিয়ার তৃতীয় দিনের কার্যক্রম আগামীকাল সোমবার (২৯ জুন ২০২৬) সকাল ৮টা থেকে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ের আগেই প্রার্থীদের উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

Manual1 Ad Code

বাংলাদেশ পুলিশে দক্ষ, যোগ্য ও জনবান্ধব সদস্য অন্তর্ভুক্ত করার লক্ষ্যে পরিচালিত এ নিয়োগ কার্যক্রমকে ঘিরে জেলার চাকরিপ্রত্যাশীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, স্বচ্ছ ও মেধাভিত্তিক এই নিয়োগ প্রক্রিয়া পুলিশ বাহিনীতে যোগ্য মানবসম্পদ অন্তর্ভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ