শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৬

শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব

Manual7 Ad Code
  • ‘এক শিশু, এক গাছ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৯ জুন ২০২৬ : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সবুজায়ন জোরদারের লক্ষ্যে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে শুরু হয়েছে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি। সরকারের উদ্যোগে পরিচালিত এই কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বৃক্ষরোপণ উৎসব, র‍্যালি এবং চারা বিতরণ কর্মসূচি।

Manual8 Ad Code

বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি দেশের ২৯ হাজার ৬২১টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। জাতীয় এ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে সোমবার (২৯ জুন ২০২৬) শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়েও দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কর্মসূচির শুরুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে পরিবেশবান্ধব নানা বার্তাসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’, ‘সবুজ পৃথিবী চাই’, ‘এক শিশু, এক গাছ’—এ ধরনের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

Manual6 Ad Code

র‍্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে ২০০টি গাছের চারা বিতরণ করা হয়, যাতে তারা নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকায় গাছ রোপণ এবং পরিচর্যায় উৎসাহিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে পরিবেশগত ঝুঁকি বাড়ছে। তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, প্রাকৃতিক দুর্যোগ এবং জীববৈচিত্র্যের ক্ষয়রোধে বৃক্ষরোপণের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Manual1 Ad Code

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ (এক শিশু, এক গাছ) কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ পরিকল্পনার আওতায় দেশের ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসাসহ মোট ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৫ কোটি গাছ রোপণ করা হবে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ নিশ্চিত করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ ও জলবায়ু বিষয়ে সচেতনতা বাড়াতে বিশেষ অনুদান ও বিভিন্ন সহায়ক কার্যক্রমও পরিচালিত হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শুধু শিক্ষার কেন্দ্র হিসেবেই নয়, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের মডেল হিসেবেও প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাস, সহকারী প্রধান শিক্ষক মাওলানা মো. আব্দুল মালেক, সিনিয়র শিক্ষক রনেন্দ্র চক্রবর্তী ও মো. জসিম উদ্দিন। এছাড়া সহকারী শিক্ষক সুপর্ণা সাহা, সুপ্রিয়া সাহা, পূজা দাস গুপ্ত, কাজলি দেবনাথ, মহ্বত আলী, আব্দুল আউয়াল, ঝলক দেবনাথ, টিটু রঞ্জন দেব, চন্দন তাতীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন।

Manual6 Ad Code

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাস বলেন, “পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। সরকারের এ উদ্যোগকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানোর অভ্যাস তৈরি হলে তারা পরিবেশ সংরক্ষণের দায়িত্বও উপলব্ধি করবে। কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব দেশে পরিণত হবে।”

তিনি আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি গাছের দায়িত্ব নেবে এবং সবুজায়নের মাধ্যমে দেশকে সমৃদ্ধ করবে। সবুজই হবে আমাদের ভবিষ্যৎ, সবুজই হবে আমাদের পরিচয়।”

স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকরাও এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে শুধু বৃক্ষরোপণ নয়, পরিবেশের প্রতি দায়িত্ববোধও সৃষ্টি করা সম্ভব হবে। তারা আশা প্রকাশ করেন, বিদ্যালয়ভিত্তিক এ ধরনের কর্মসূচি দেশের পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বর্ণাঢ্য আয়োজন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং পরিবেশবান্ধব বার্তায় মুখর এ কর্মসূচি শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, আজকের রোপিত চারাগুলো একদিন বৃহৎ বৃক্ষে পরিণত হয়ে সবুজে আচ্ছাদিত করবে বিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের জনপদ, আর তাতেই বাস্তব রূপ পাবে একটি সবুজ, টেকসই ও পরিবেশবান্ধব বাংলাদেশের স্বপ্ন।

এ সংক্রান্ত আরও সংবাদ