গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুর রহমান সেলিম আর নেই

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৬

গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুর রহমান সেলিম আর নেই

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৬ জুলাই ২০২৬ : গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য, দলের সাবেক সাধারণ সম্পাদক, সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা নুরুর রহমান সেলিম আর নেই।

সোমবার (৬ জুলাই ২০২৬) বিকেলে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তাঁর মৃত্যু হয়।

নুরুর রহমান সেলিম দেশের প্রগতিশীল রাজনীতির একজন সুপরিচিত মুখ ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সাম্রাজ্যবাদবিরোধী রাজনৈতিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্বাধীনতার পরও তিনি আজীবন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের অধিকার, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ছিলেন।

রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্রী পার্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পরবর্তীকালে প্রেসিডিয়াম সদস্য হিসেবে সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই সঙ্গে সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য হিসেবে নাগরিক অধিকার, গণতন্ত্র ও সামাজিক ন্যায়ের প্রশ্নে ধারাবাহিকভাবে সোচ্চার ছিলেন।

রাজনীতির পাশাপাশি তিনি শিশু-কিশোরদের সাংস্কৃতিক ও মানবিক বিকাশে নিবেদিত সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর-এর সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। প্রগতিশীল সাংস্কৃতিক চর্চা, মুক্তিযুদ্ধের চেতনা ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে তাঁর অবদান সহকর্মীদের কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন, অসংখ্য সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার রাতে তাঁর মরদেহ রাজধানীর খিলগাঁওয়ের বাসভবনে নিয়ে আসা হয়। সেখানে গণতন্ত্রী পার্টি, কেন্দ্রীয় খেলাঘর আসর, সম্মিলিত সামাজিক আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

মঙ্গলবার (৭ জুলাই) টাঙ্গাইল জেলার করটিয়া এলাকায় তাঁর গ্রামের বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

Manual7 Ad Code

বিভিন্ন মহলের শোক

Manual3 Ad Code

নুরুর রহমান সেলিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নূর আহমেদ বকুল। এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, দেশের প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনে নুরুর রহমান সেলিমের অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশের বাম ও গণতান্ত্রিক রাজনীতি একজন নিবেদিতপ্রাণ সংগঠককে হারাল।

Manual6 Ad Code

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কেন্দ্রীয় কার্যকরী কমিটি পৃথক শোকবার্তায় তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানায়।

কেন্দ্রীয় খেলাঘর আসরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. মাখদুমা নার্গিস রত্না, সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা এবং মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিকুর রহমান শহীদ এক যৌথ বিবৃতিতে বলেন, “নুরুর রহমান সেলিম আজীবন খেটে খাওয়া মেহনতি মানুষের মুক্তির সংগ্রাম এবং সাম্রাজ্যবাদবিরোধী, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে নিবেদিত ছিলেন। তাঁর মৃত্যু প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।”

Manual5 Ad Code

এদিকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান গভীর শোক প্রকাশ করে বলেন, “বীর মুক্তিযোদ্ধা নুরুর রহমান সেলিম ছিলেন আদর্শনিষ্ঠ, সংগ্রামী ও আপসহীন রাজনৈতিক ব্যক্তিত্ব। মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর মৃত্যু দেশের প্রগতিশীল রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

নুরুর রহমান সেলিমের মৃত্যুতে দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারাও পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে অবদান এবং গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘদিনের সক্রিয় ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ