সিলেট ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২২
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৭ জুলাই ২০২২ : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সাহিত্যিক, সাংবাদিক, কবি, অনুবাদক, অাবৃত্তিকার ও বীর মুক্তিযোদ্ধা আবীর হাসান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৭ জুলাই ২০২২) সকালে সাড়ে ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
গত ২৬ জুন আবীর হাসানের করোনা পজিটিভ আসে।
লেখকের মেয়ে অমৃতা হাসান নদী বলেন, ‘করোনা আক্রান্ত হওয়ার পর বাবাকে হাসপাতালে ভর্তি করেছিলাম।
উনার হার্টেও সমস্যা ছিল। সকাল সাড়ে ৮টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ‘
গত বছরের আগস্ট আবীর হাসানের স্ত্রী নাসরিন হাসান মারা যান।
বৃহস্পতিবার বাদ জোহর গ্রিন রোডে জানাজার পর মরদেহ গাজীপুরে নিয়ে যাওয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে আবীর হাসানকে দাফন করা হবে বলে জানান অমৃতা।
আবীর হাসান একাধারে সাংবাদিক, সাহিত্যিক, অনুবাদক ও কবি। আবৃত্তিতেও তার ছিল ভালো দখল। কৈশোরে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পাশাপাশি তিনি বিদেশি সাংবাদিকদের গাইড হিসেবেও কাজ করেন। এভাবেই তার সাংবাদিকতায় হাতেখড়ি।
তারুণ্যে ফিলিস্তিন, চাদ, পূর্ব তিমুর, ফিজিতে কখনো যোদ্ধা, কখনো সাংবাদিক হিসেবে কাজ করেছেন আবীর হাসান।
সাবেক নভোস্তি প্রেস, বর্তমান রয়টার্সের সঙ্গে কাজ করার সময় ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাত, লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন আবীর হাসান। তিনি সর্বশেষ রেডিও আমার-এর হেড অব নিউজ ছিলেন।
বাবা শিশুসাহিত্যিক হাসান জান, চাচা পটুয়া কামরুল হাসান ও অধ্যাপক বদরুল হাসানের সাহচর্যে কেটেছে আবীর হাসানের ছোটবেলা।
সে সময় থেকেই সাহিত্যের প্রতি তার ছিল অনুরাগ। প্রকাশিত হয়েছে কাব্যগ্রন্থ, প্রবন্ধগ্রন্থ, অনুবাদগ্রন্থ ও কিশোর উপন্যাস।
ওয়ার্কার্স পার্টির শোক
সাহিত্যিক, সাংবাদিক, কবি, অনুবাদক, অাবৃত্তিকার ও বীর মুক্তিযোদ্ধা আবীর হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক জননেতা কমরেড ফজলে হোসেন বাদশা এমপি।
সৈয়দ অামিরুজ্জামানের শোক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাহিত্যিক, সাংবাদিক, কবি, অনুবাদক, অাবৃত্তিকার ও বীর মুক্তিযোদ্ধা আবীর হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি