জুনের অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬

জুনের অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ

Manual5 Ad Code
করণিক ভুলে বেশি বিল হলে তাৎক্ষণিক সংশোধন, অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা; গ্রাহকদের হটলাইনে অভিযোগ জানানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০২ জুলাই ২০২৬ : জুন মাসে দেশের বিভিন্ন এলাকায় গ্রাহকদের অস্বাভাবিক বা অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ দ্রুত তদন্ত করে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে করণিক ভুল বা হিসাবগত ত্রুটির কারণে কোনো গ্রাহকের বিল বেশি হয়ে থাকলে তা দ্রুত সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে অসাধু উপায়ে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ তদন্তে প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়ারও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) বিদ্যুৎ বিভাগের উদ্যোগে ভার্চুয়াল মতবিনিময় ও পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখের সভাপতিত্বে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং বিভিন্ন বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানির শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

সভায় জুন মাসে বিভিন্ন এলাকায় গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে। সাম্প্রতিক সময়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অভিযোগ ব্যাপকভাবে প্রকাশিত হওয়ায় এর প্রকৃত কারণ অনুসন্ধানের ওপর জোর দেওয়া হয়। বিতরণ কোম্পানিগুলোর প্রধানদের কাছ থেকেও এ বিষয়ে ব্যাখ্যা ও মতামত নেওয়া হয়।

Manual6 Ad Code

সভায় লোডশেডিং পরিস্থিতি নিয়েও বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিভিন্ন জেলার জেলা প্রশাসকদের কাছ থেকে মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি সম্পর্কে মতামত নেওয়া হয়। পাশাপাশি বিদ্যমান বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার চ্যালেঞ্জ এবং তা মোকাবিলায় করণীয় বিষয়েও আলোচনা হয়।

Manual2 Ad Code

বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ জেলা প্রশাসকদের কাছে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগের বিষয়ে জানতে চাইলে তারা উল্লেখযোগ্য কোনো অভিযোগ না পাওয়ার কথা জানান। তবে সচিব বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে যেহেতু বিভিন্ন অভিযোগ উঠে এসেছে, তাই প্রতিটি অভিযোগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত তদন্ত ও নিষ্পত্তি করতে হবে।

তিনি বলেন, গ্রাহকদের হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিল প্রস্তুতের সময় করণিক ভুল, তথ্য এন্ট্রির ত্রুটি কিংবা অন্য কোনো প্রশাসনিক কারণে যদি কোনো গ্রাহকের বিল অস্বাভাবিকভাবে বেশি হয়ে থাকে, তাহলে তা দ্রুত সংশোধন করে গ্রাহককে যথাযথ সেবা নিশ্চিত করতে হবে।

Manual4 Ad Code

সভায় আরও জানানো হয়, যদি তদন্তে প্রমাণিত হয় যে কোনো কর্মকর্তা বা কর্মচারী অসাধু উপায়ে অতিরিক্ত বিল আদায় কিংবা অনিয়মের সঙ্গে জড়িত, তাহলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বিতরণ সংস্থাগুলোকে এ বিষয়ে শূন্য সহনশীলতার নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

গ্রাহকসেবার মানোন্নয়নে বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট সব বিতরণ সংস্থাকে অভিযোগ ব্যবস্থাপনা আরও কার্যকর করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে গ্রাহকদেরও বিলসংক্রান্ত যেকোনো অভিযোগ সংশ্লিষ্ট বিতরণ সংস্থার স্থানীয় কার্যালয় অথবা নির্ধারিত হটলাইনে দ্রুত জানানোর আহ্বান জানানো হয়েছে, যাতে অভিযোগের দ্রুত তদন্ত ও সমাধান নিশ্চিত করা যায়।

বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবার হটলাইন ১৬৯৯৯-এ অভিযোগ জানানো যাবে। এছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-এর ১৬২০০, পল্লী বিদ্যুতের ১৬৮৯৯, বাংলাদেশ বিদ্যুৎ বিতরণ কোম্পানি (বিপিডিসি)-এর ১৬১১৬, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)-এর ১৬১২০, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর ১৬৬০৩ এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)-এর ১৬১১৭ নম্বরে যোগাযোগ করা যাবে।

সভায় জেলা পর্যায়ে রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। বিশেষ করে নেট মিটারিং ব্যবস্থার সর্বশেষ অবস্থা, বাস্তবায়নের অগ্রগতি এবং সম্ভাব্য প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে বলে জেলা প্রশাসকরা আশ্বাস দেন।

এ সময় জনদুর্ভোগ কমানো, বিদ্যুৎ সেবার গুণগত মান বৃদ্ধি, অভিযোগ নিষ্পত্তির সময় কমিয়ে আনা এবং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলেন, গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছ ও দায়িত্বশীল সেবা নিশ্চিত করার বিকল্প নেই।

সভা শেষে সংশ্লিষ্ট সব বিতরণ সংস্থাকে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত প্রতিটি অভিযোগ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, গ্রাহকসেবা আরও কার্যকর করা এবং ভবিষ্যতে এ ধরনের অভিযোগ যাতে পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি উদ্যোগ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ