সিলেট ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬
যুব সমাজে বাড়ছে উচ্চ রক্তচাপের ঝুঁকি, এখনই পদক্ষেপের তাগিদ
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১০ আগস্ট ২০২৬ : বাংলাদেশে উচ্চ রক্তচাপের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে দেশে প্রতি চারজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত। শুধু বয়স্ক জনগোষ্ঠী নয়, তরুণদের মধ্যেও উচ্চ রক্তচাপের ঝুঁকি ক্রমেই দৃশ্যমান হচ্ছে। জীবনযাত্রায় পরিবর্তন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত লবণ গ্রহণ, শারীরিক পরিশ্রমের ঘাটতি, স্থূলতা, মানসিক চাপসহ নানা কারণে তরুণ জনগোষ্ঠীর মধ্যে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ছে। সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া না হলে আগামী দিনে দেশের তরুণ জনগোষ্ঠীর একটি বড় অংশ এই নীরব ঘাতকের ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় ‘যুব সমাজে উচ্চ রক্তচাপ ঝুঁকি এবং করণীয়: বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক এক ওয়েবিনারের আয়োজন করেছে প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা)।
গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)-এর সহায়তায় আয়োজিত এ ওয়েবিনারে দেশের উচ্চ রক্তচাপ পরিস্থিতি, তরুণদের মধ্যে ঝুঁকির কারণ, প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী; ব্র্যাক জেমস পি গ্রান্টস স্কুল অব পাবলিক হেলথের সেন্টার ফর নন-কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড নিউট্রিশন বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মলয় কান্তি মৃধা; সাবেক অতিরিক্ত সচিব ও গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মদ রূহুল কুদ্দুস এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সহ-সভাপতি ও ডেইলি সানের ডেপুটি এডিটর মোহাম্মদ আল আমিন।
ওয়েবিনারে বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। ভার্চুয়ালি যুক্ত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক এবং বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
তরুণদের মধ্যেও উচ্চ রক্তচাপের ঝুঁকি
উচ্চ রক্তচাপকে দীর্ঘদিন ধরে মূলত মধ্যবয়সী ও প্রবীণদের স্বাস্থ্যঝুঁকি হিসেবে দেখা হলেও সাম্প্রতিক সময়ে তরুণদের মধ্যেও এ রোগের ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, উচ্চ রক্তচাপ অনেক সময় কোনো স্পষ্ট উপসর্গ ছাড়াই শরীরে ক্ষতি করতে থাকে। ফলে একজন তরুণ নিজেকে সুস্থ মনে করলেও তার রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।
নিয়মিত রক্তচাপ পরিমাপ না করার কারণে অনেকের ক্ষেত্রে দীর্ঘদিন উচ্চ রক্তচাপ শনাক্ত হয় না। অথচ অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ হৃদ্রোগ, স্ট্রোক, কিডনি রোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের অন্যতম প্রধান ঝুঁকি। তরুণ বয়সে উচ্চ রক্তচাপের সূত্রপাত হলে দীর্ঘ সময় ধরে তা শরীরে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
সংশ্লিষ্টরা বলছেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে সুস্থ ও কর্মক্ষম রাখতে হলে উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণকে জনস্বাস্থ্য অগ্রাধিকারের অংশ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। এ ক্ষেত্রে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে ঝুঁকি কমাতে জীবনযাত্রায় পরিবর্তন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা জরুরি।
জীবনযাত্রায় পরিবর্তন জরুরি
বিশেষজ্ঞদের মতে, উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে তরুণদের মধ্যে স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত লবণযুক্ত খাবার, প্রক্রিয়াজাত ও ফাস্টফুড, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস পরিহারের পাশাপাশি নিয়মিত শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তুলতে হবে।
বর্তমান সময়ে তরুণদের বড় একটি অংশ দীর্ঘ সময় বসে থাকা, অনলাইননির্ভর জীবনযাপন এবং শারীরিক কর্মকাণ্ডের ঘাটতির মধ্যে রয়েছে। এর সঙ্গে অতিরিক্ত ওজন ও স্থূলতা যুক্ত হলে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি আরও বাড়তে পারে।
ধূমপান ও তামাকজাত পণ্য ব্যবহারও হৃদ্রোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। তাই তরুণদের তামাকমুক্ত জীবনযাপনে উৎসাহিত করা এবং তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। পাশাপাশি পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাও গুরুত্বপূর্ণ।
সচেতনতার পাশাপাশি প্রয়োজন নিয়মিত পরীক্ষা
উচ্চ রক্তচাপের অন্যতম বড় সমস্যা হলো অনেক আক্রান্ত ব্যক্তি নিজের অসুস্থতার কথা জানেন না। কারণ, উচ্চ রক্তচাপের ক্ষেত্রে সবসময় দৃশ্যমান উপসর্গ থাকে না। এ কারণে নিয়মিত রক্তচাপ পরিমাপের মাধ্যমে রোগটি শনাক্ত করার ওপর গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
তাদের মতে, রক্তচাপ স্বাভাবিক থাকলেও নির্দিষ্ট সময় পরপর তা পরীক্ষা করা উচিত। কারও রক্তচাপ বেশি পাওয়া গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী নিয়মিত চিকিৎসা গ্রহণ করা জরুরি। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করা বা অনিয়মিতভাবে গ্রহণ করা উচিত নয়।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, উচ্চ রক্তচাপ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং যুব সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তরুণদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরিতে সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মকেও কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে।
তরুণদের স্বাস্থ্য সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান
বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে এই জনগোষ্ঠীর ভূমিকা গুরুত্বপূর্ণ। ফলে কর্মক্ষম বয়সে অসংক্রামক রোগের বোঝা বাড়তে থাকলে তা শুধু ব্যক্তি ও পরিবারের ওপর নয়, জাতীয় অর্থনীতি ও স্বাস্থ্যব্যবস্থার ওপরও দীর্ঘমেয়াদি চাপ সৃষ্টি করতে পারে।
এ কারণে তরুণ বয়স থেকেই উচ্চ রক্তচাপের ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরি, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে উৎসাহ, নিয়মিত শরীরচর্চার সুযোগ বৃদ্ধি এবং সহজলভ্য স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। একই সঙ্গে তামাক নিয়ন্ত্রণ, খাদ্যে অতিরিক্ত লবণ ও অস্বাস্থ্যকর উপাদান কমানো এবং স্বাস্থ্যকর জীবনযাপনের পরিবেশ তৈরিতে নীতিগত উদ্যোগও জরুরি।
আয়োজকদের মতে, তরুণ সমাজের মধ্যে উচ্চ রক্তচাপের ঝুঁকি এবং তা প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা বাড়াতেই আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এ ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি উচ্চ রক্তচাপ মোকাবিলায় ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের করণীয় নিয়েও আলোচকরা মতামত তুলে ধরবেন।
প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা)-এর প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল স্বাক্ষরিত এবং গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে ওয়েবিনারে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ওয়েবিনারে অনলাইনে অংশ নিতে মঙ্গলবার সকাল ১১টায় নির্ধারিত জুম লিংকে যুক্ত হওয়া যাবে।
জুম লিংক:
https://us06web.zoom.us/j/82952392848?pwd=EfZlT6efXpHSpRkLBuHzIjVEpFg1rC.1
মিটিং আইডি: 829 5239 2848
পাসওয়ার্ড: 793751
এ ছাড়া ওয়েবিনারটি Heart Health Alert Bangladesh-এর ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচার করা হবে।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি