মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬

মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত

Manual6 Ad Code
  • শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১০ আগস্ট ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শহরের যানজট নিরসন, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং হোটেল-রিসোর্টে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে গত সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের আরও কার্যকর ভূমিকা পালনের পাশাপাশি জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

Manual5 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান সভায় সভাপতিত্ব করেন।

সভায় শ্রীমঙ্গল শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে টমটম চালকদের লাইসেন্সের আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে প্রয়োজনীয় পুলিশি রিপোর্ট দ্রুত প্রদান করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। শহরের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের কারণে যান চলাচল ও পথচারীদের চলাচলে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, তা দূর করতে পৌরসভার পক্ষ থেকে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়।

সভায় মাদক নিয়ন্ত্রণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শ্রীমঙ্গলের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে মাদক প্রবেশের আশঙ্কা থাকায় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)কে সমন্বিতভাবে অভিযান পরিচালনা ও তা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। বিশেষ করে ভারতীয় সীমান্ত হয়ে চোরাচালান ও মাদক প্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার পরামর্শ দেওয়া হয়।

অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টিও সভায় গুরুত্বের সঙ্গে উঠে আসে। পরিবেশ ও জনস্বার্থের কথা বিবেচনায় নিয়ে অনুমোদনহীনভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়। সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানোর পাশাপাশি অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া শ্রীমঙ্গলের বিভিন্ন হোটেল ও রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগের বিষয়ে সভায় আলোচনা হয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে পর্যটননির্ভর এ উপজেলায় হোটেল, রিসোর্ট ও বিনোদনকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সামাজিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Manual1 Ad Code

সভায় শিক্ষার্থীদের নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পায়। স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও সামাজিক সচেতনতা বাড়াতে অভিভাবক সমাবেশ আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মাদক, অপরাধ ও নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার বিষয়ে আলোচনা করা হয়।

চা শ্রমিক সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটির নির্বাচন নিয়েও সভায় আলোচনা হয়। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এ ধরনের নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে, সে জন্য আগাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় আগের মাসের আইনশৃঙ্খলা কমিটির সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন পরিস্থিতি ও ফলোআপ নিয়েও আলোচনা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি পূর্ববর্তী সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। শুধু সভায় সিদ্ধান্ত গ্রহণ নয়, সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন এবং তার ফলাফল জনগণের কাছে দৃশ্যমান করার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।

সভায় সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাচালান প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ভারতীয় সীমান্ত ব্যবহার করে মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ পণ্য যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের সমন্বিত তৎপরতা বাড়ানোর আহ্বান জানানো হয়। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে অপরাধ নিয়ন্ত্রণে জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সচেতন নাগরিকদের সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

Manual3 Ad Code

সভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তুহিন চৌধুরী, সদস্য মকসুদ আলী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিনসহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।

Manual1 Ad Code

সভায় বক্তারা বলেন, শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ পর্যটন উপজেলা হওয়ায় এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যানজট, মাদক, চোরাচালান, অবৈধ বালু উত্তোলন, ফুটপাত দখল এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এসব সমস্যা নিয়ন্ত্রণ করা গেলে শ্রীমঙ্গলের জননিরাপত্তা ও পর্যটন পরিবেশ আরও উন্নত হবে বলে সভায় মত প্রকাশ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ