নিম্যান ফেলোশিপ: হার্ভার্ডে এক বছর কাটানোর সুযোগ

প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৬

নিম্যান ফেলোশিপ: হার্ভার্ডে এক বছর কাটানোর সুযোগ

Manual5 Ad Code
  • মিলবে ৮৭ হাজার ৫০০ ডলার, আন্তর্জাতিক সাংবাদিকদের আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৯ অক্টোবর ২০২৬ : সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নতুন জ্ঞান অর্জন ও নেতৃত্বের সক্ষমতা বিকাশের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নিম্যান ফেলোশিপ। এ কর্মসূচির আওতায় নির্বাচিত সাংবাদিকেরা হার্ভার্ডে একটি শিক্ষাবর্ষ কাটানোর পাশাপাশি বিভিন্ন বিষয়ে পড়াশোনা, গবেষণা এবং বিশ্বের বিভিন্ন দেশের সহকর্মী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন।

২০২৭-২৮ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক নিম্যান ফেলোশিপে আবেদনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর।

নিম্যান ফাউন্ডেশন ফর জার্নালিজম পরিচালিত এ ফেলোশিপে প্রতিবছর প্রায় দুই ডজন সাংবাদিককে নির্বাচিত করা হয়। ফেলোরা হার্ভার্ডের বিভিন্ন কোর্সে অংশ নেওয়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাসংশ্লিষ্ট সম্পদ ব্যবহার এবং নিম্যান ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ পান। কর্মব্যস্ত সংবাদজগৎ থেকে সাময়িক বিরতি নিয়ে সাংবাদিকতার নতুন দৃষ্টিভঙ্গি অর্জন এবং পেশাগত উন্নয়নের পরিকল্পনা তৈরির সুযোগও রয়েছে এ কর্মসূচিতে।

স্টাইপেন্ড ও অন্যান্য সুবিধা

Manual7 Ad Code

নিম্যান ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, নির্বাচিত ফেলোরা নয় মাসে মোট ৮৭ হাজার ৫০০ মার্কিন ডলার স্টাইপেন্ড পাবেন। পাশাপাশি স্বাস্থ্যবিমা এবং শিশুদের যত্নের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তার ব্যবস্থাও রয়েছে।

আবেদনের যোগ্যতা

এ ফেলোশিপে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই কর্মরত সাংবাদিক হতে হবে এবং গণমাধ্যমে পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে অন্তত পাঁচ বছর। যুক্তরাষ্ট্রের নাগরিক নন—এমন সাংবাদিকেরা আন্তর্জাতিক নিম্যান ফেলোশিপের আওতায় আবেদন করতে পারবেন। যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য রয়েছে আলাদা আবেদনপ্রক্রিয়া, যার শেষ সময় ৩১ জানুয়ারি।

যেভাবে আবেদন করতে হবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে জমা দিতে হবে দুটি প্রবন্ধ, সর্বোচ্চ ১০০ শব্দের একটি পেশাগত পরিচিতি, সর্বোচ্চ ৫০ শব্দের একটি অধ্যয়ন-প্রস্তাবের সারসংক্ষেপ, প্রকাশিত কাজের নমুনা এবং তিনটি সুপারিশপত্র।

দুটি প্রবন্ধের একটি হবে ব্যক্তিগত বিবৃতি, যেখানে প্রার্থীর সাংবাদিকতার অভিজ্ঞতা, পেশাগত লক্ষ্য, সাংবাদিকতার প্রতি অঙ্গীকার এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে হবে। অন্যটি হবে হার্ভার্ডে এক বছর কী বিষয়ে পড়াশোনা ও গবেষণা করতে চান, সে বিষয়ে সর্বোচ্চ ৫০০ শব্দের অধ্যয়ন-প্রস্তাব। এ প্রস্তাবে প্রার্থীর আগ্রহের বিষয়, গবেষণার মূল প্রশ্ন এবং সাংবাদিকতায় দক্ষতা বাড়াতে হার্ভার্ডের যেসব সুযোগ-সুবিধা কাজে লাগাতে চান, তা ব্যাখ্যা করতে হবে।

Manual8 Ad Code

কাজের নমুনার ক্ষেত্রে প্রার্থীর সাম্প্রতিক প্রকাশিত কাজকে গুরুত্ব দেওয়া হবে। প্রিন্ট ও ডিজিটাল সাংবাদিকদের চারটি কাজের নমুনা জমা দিতে হবে। আলোকচিত্রীদের কমপক্ষে পাঁচটি প্রকাশিত কাজ জমা দিতে হবে, যাতে মোট ছবির সংখ্যা অন্তত ১০টি হয়। ভিডিও ও অডিও সাংবাদিকদের তিন থেকে পাঁচটি নমুনা জমা দিতে হবে; নমুনাগুলোর মোট দেখার বা শোনার সময় ৩০ মিনিটের বেশি হওয়া যাবে না। গ্রাফিকস ও তথ্যচিত্রভিত্তিক উপস্থাপনার কাজের ক্ষেত্রেও চারটি নমুনা চাওয়া হয়েছে। ইংরেজি ছাড়া অন্য ভাষায় প্রকাশিত কাজের সঙ্গে ইংরেজিতে সারসংক্ষেপ দিতে হবে।

সুপারিশপত্র দিতে হবে তিনজনের কাছ থেকে। তাঁদের মধ্যে দুজন হবেন এমন পেশাগত সহকর্মী বা পরামর্শক, যাঁরা প্রার্থীর সাংবাদিকতার দক্ষতা ও নেতৃত্বের সম্ভাবনা সম্পর্কে জানেন। অন্যজন হবেন প্রার্থীর বর্তমান বা সাম্প্রতিক তত্ত্বাবধায়ক। আন্তর্জাতিক ফেলোশিপের আবেদনকারীদের সুপারিশপত্র জমা দেওয়ার শেষ সময় ১৫ ডিসেম্বর।

আবেদনের আগে যা জানা জরুরি

নিম্যান ফাউন্ডেশন জানিয়েছে, আবেদনপত্রের সব লেখা প্রার্থীকেই নিজে তৈরি করতে হবে। আবেদনপত্রের কোনো অংশ তৈরি বা লেখার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কিংবা মেশিন লার্নিং সফটওয়্যার ব্যবহার করা যাবে না। তবে বানান ও ব্যাকরণগত ভুল শনাক্ত করা কিংবা সামান্য সম্পাদনার কাজে এআই ব্যবহার করা যেতে পারে। এ ক্ষেত্রে আবেদনপত্রে তা উল্লেখ করতে হবে।

আবেদন ও ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত জানা যাবে নিম্যান ফাউন্ডেশনের ওয়েবসাইটে: https://nieman.harvard.edu/fellowships/how-to-apply/

Manual1 Ad Code

আন্তর্জাতিক আবেদনকারীদের জন্য নির্ধারিত সময়সীমা ও অন্যান্য শর্ত যাচাই করে আগ্রহী সাংবাদিকদের যথাসময়ে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

???? বিস্তারিত: https://twp.ai/4hwlRN

Manual3 Ad Code